
শুধু সাদা ছবি
সন্তোষ রায়
সকাল আটটা থেকে ন’টা—
লিখতে লিখতে কতটুকু যাওয়া যায়?
রাধাকিশোর ? বীরবিক্রম ? নাকি অনঙ্গমোহিনী ?
আমি চিত্রকলা পেরিয়ে যাব কবিতায়–
তারপর ছবিমুড়া, জম্পুইটাঙ।
যে পথে হাঁটি, মস্তিষ্ক ওড়ে অন্যবনে—
বই খুললেই— দূরের জানালা কাছে—
অনঙ্গমোহিনী থেকে নগেন্দ্র জমাতিয়া,
আরো কাছে এসে যায় নক্ষত্র নন্দকুমার,
আরো আরো কাছে চন্দ্র, বুধুরাই নরেন —
বুকের ভেতর লতাগুল্ম কত!
গল্প নয় —
গল্পের চেয়ে কম কথা বলি বলে,
লোকে বলে কবি।
ফুল নেই, ফল নেই যার — সাদা সাদা ছবি।

সাঁকো
সন্তোষ রায়
টেবিলটি খালি হলেও খালি নয়—
আমার সাথে তার সম্পর্ক আছে।
আমি একা নই, সে-ও নয়।
বাবা বলতেন,
একা হতে হয়,
একা না হলে সাঁকো হয় না কোনোদিন।
এসব কথা লিখে রাখি একা একা —