অভিজিৎ চক্রবর্তীর কবিতা

অভিজিৎ চক্রবর্তীর কবিতা

পূজা

অভিজিৎ চক্রবর্তী

ফুল হল গাছের সঙ্গমের ইচ্ছা

ফুল ফুটলে গন্ধ বের হলে
দেবতারাও অভিলাষ
কামজ্বরে কাঁপে

আমরা ফুলেদের দেবতার চরণে সমর্পণ করি
আবেশে মাতাল এলোমেলো
দেবতারা ফুলগন্ধে ফুলরূপে সঙ্গম করেন
ভগবান হয়ে ওঠেন

আমরাও পূজা সমাপন করি

সংবাদ

অভিজিৎ চক্রবর্তী

নেট অন করলে হু হু নোটিফিকেশন

দুটো ফড়িং
যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়া জ্বলন্ত বিমান

চেঙ্গিসের ঘোড়া, ইতস্তত ছড়ানো বল্লম তরোয়াল,

কোনো বাল্মিকী জেগে উঠছে না উইপোকা থেকে

রক্ত জমাট বাঁধা ঘাসে, কাদায়
সব কি প্রচারে যাবে!

ভাটির মতো জ্বলছে সূর্য
নেট অন করলে শেষপ্রান্ত থেকে উড়োছবি

গত শতকের রক্তমাখা তির বুকে
দরদালানের নিচে তোমার কঙ্কাল

ওইদিকে দিকভ্রান্ত মৌমাছি মধু আহরণ করে