
সময় নেই
সনজিৎ বণিক
সময় নেই;
একথা বলতে নেই।
যতক্ষণ রক্ত স্পন্দন শরীরে শৃংখল ভালবাসায় ভরে রাখে পরিনত স্বপ্নসাধ
আর যেখানে
চুপচাপ কর্মময়তার ভেতর
লুকিয়ে আছে সময়ের ব্যকরণ ও শব্দ,
জ্ঞানের ধারাবাহিক ছবি, যা
চোখের পাতায় আঁকা হতে হতে স্বপ্নের কিনারা কেবল ধরতে জানে এ সময়ের হাজার ছবি;
আঁকতে থাকে শুধু স্বপ্নময় দুনিয়ার আঁকা বাঁকা পথ ;
এ ছবি-ই আমাদের নিয়ে যায় নতুন জগতের ভেতর, যেখানে লুকোনো সময়ের সব ব্যাকরণ ও ভালোবাসার ধারাপাত;
তাই, সময় নেই –
এ কথা মোটেই বলতে নেই!
সময়, এক অফুরন্ত ভালোবাসায় গড়া সুন্দর চলমান মুহূর্ত, এ দুনিয়ার স্বপ্নিল অস্তিত্ব, আমৃত্যু জাগিয়ে রাখে আমাদের।

জলের শব্দ
সনজিৎ বণিক
জল তেষ্টা পেলেই মা আমাকে বলতো – এক গ্লাস জল খেয়ে নে-
প্রাণের আরাম হবে।
সঙ্গে সঙ্গে জল খেতেই মায়ের মুখ মনে পড়তো,
পরম আনন্দ ও আরামে চোখ বুজে আসতো তৃপ্তিতে।
এখন মা নেই,
মায়ের আপ্তবাক্য ছোটবেলায় যে শুনেছি দু’কান জুড়িয়ে যায় ও প্রাণের আরাম অনুভূত হয়।
জল খেতে খেতে ঢক ঢক শব্দে যে ছন্দ – রোজদিন পাই – তার তুলনা আর কিছুতেই নাই, যেমন মা আমাকে বলেছিল বালক বয়সে!
এখন বয়স ছুঁয়েছে অনেক সময়, প্রতিটি পল যেন এখানেই শিখে নিতে হবে আমাদের এবং আমৃত্যু
এ শব্দের পিছনে দৌড়তে হবেই বেঁচে থাকার রহস্যে !