
মেয়েটি
সনজিৎ বণিক
সে কি ক্লান্ত অবসন্ন!
দুঃখ কি তার বুক থেকে ঝরছে পারুলের মতো,
সুখ কি তার চোখ থেকে ঝরাপাতা!
দুঃখ সুখের ডানা দু’দিকে
মেলে দিয়ে দিগন্তে দেবে কি পাড়ি?
সমুদ্রের ‘পর দিয়ে পাখা ঝাপটাতে ঝাপটাতে
অন্য কোনো জগতের দিকে কি বাড়িয়েছে হাত?
কেউ কি দেখেছো তাকে
খালি চোখে,
তার শরীর জুড়ে কি জ্বলছে আগুন এই ফাগুনের মায়াবী সুরে!
সে মোটেই অবসন্ন নয়,
সে মোটেই ক্লান্ত নয়,
সে এ সময়ের এক
ধূরজটি বাতাস,
দুনিয়া বদলের ইতিহাস শেখাবে আমাদের।
মেয়েটিকে কি দেখেছো কেউ
এই আকাশের নীচে!

ঝালকবিতা
সনজিৎ বণিক
কবিতায় ঝাল চাই
লঙ্কা চাই
চাই নোনতা চাই টক
চাই মিষ্টি শব্দ সুবাস।
পাখনা মেলে দূর দিগন্তে পাড়ি দেয়া হয়েছে অনেক ,
আকাশের নীল নিয়েও হয়েছে ক’ফোটা বৃষ্টি ,
এখন চাই ঝাল নোনতা টক
মিষ্টি কথার প্রেমালাপ- হয়েছেও অনেক;
কিশোরীর গোপন বাতাস থেকে যুবতির পূর্বরাগ আরো কতো কী।
যুদ্ধের দামামা
সংগ্রামের হাতিয়ারও হয়েছে আঁকা অনেক,
এখন চাই তোমার মুখের ঝাল শক্ত বকুনি,
কিংবা বেত্রাঘাত এর পরম অনুভূতি,
শব্দ শাসন মন্দ আসনে বসে এখন চাই ঝাল টক মিষ্টি।