
বধ্যভূমি
অভিজিৎ চক্রবর্তী
নরকে বসেই মুখে অন্ন তুলতে হবে
এমন ভাবে তাকাতে হবে কোনো কান্না যেন তোমাকে স্পর্শ করেনি কোনোদিন
আঙুলে পিন ফুটলে যে যন্ত্রণা তার উপর দাঁড়িয়ে আছে বিশ্বাস
কাকে তোমার দেবতা বানাবে
এই ছিন্ন সময়ে কে তোমার ভরসা
সারি সারি মৃতের স্তূপের উপরে বসে
এই যে প্রতিদিন ঘণ্টা বাজাও
অসীম প্রার্থনায় দু হাত তোলো
আকাশ থেকে আশীর্বাদের মত বোমা খসে পড়ে
আর এসব ভুল, ক্ষমা উপেক্ষা করে
রক্ত ক্লেদের উপর দিয়ে উড়ে যায় মৌমাছি
রোমাঞ্চকর মধু অভিযানে
যেন কিছু হয়নি, সব স্বাভাবিক
তোমাকেও খাদ্যের জন্য বসতে হবে
চোখ বুজে নিতে হবে স্বাদ
জেনো যুদ্ধক্ষেত্রের ধোঁয়াও স্বর্গের দিকে যায়
সব জল পাপ ধুয়ে পাতালেই নামে
ছোট্ট পাথরের মত পড়ে থেকে থেকে
ধূলিধূসর এই যে অন্ন তোলো মুখে
সে-ই তোমার ঈশ্বর
এক ফোঁটা অশ্রুর চাইতে মহামূল্যবান