সদানন্দ সিংহের কবিতা

সদানন্দ সিংহের কবিতা

ঈশ্বরপ্রদত্ত

সদানন্দ সিংহ

১.
মেঘগুলো তাড়িয়ে দিল বাধনহারা এক অচিন বালক
ভাঙাপণ পথ হারালো অন্তিম ক্ষণে
চোখে ভাসলো মৃত্যুপথ

আমি জানি, তমি বলবে মৃত্যুঞ্জয়ী, কিংবা অমৃতকুম্ভধারী

২.
বিশ্বাস সহজে পালটায় না, খোলস পালটে যায়
গুপ্তঘাতক কাজ সারে আমাদের মস্তিষ্কে
শিবিরে শিবিরে অঙ্গদান

কাব্যও রচিত হয়, ধর্মাবতার আপনিও আসুন মুক্তহস্তে

৩.
মসৃণ পথ বেয়ে চলাফেরা খুবই সহজ
একথা বিশ্বাস করে হেরে যাওয়া অনেক লোক
ভ্রমণপথ খোঁজেন এখন

শেষে দুর্গমপথ গবেষণায় মত্ত হন, স্বস্তিবোধ করেন

৪.
দুর্বলদের ওপর অত্যাচারও সর্বব্যাপী
অনাচারও তাই
রাশহীন কোনো সমাজের মজ্জাগত অধিকার

অংক কষে কষে হিসেব গড়মিল, সংখ্যাগুলো সব ট্যারাবাঁকা

৫.
মানহানি মামলা করলেও করতে পারেন
আদার ব্যাপারীরাও বলুন না,
মোগাম্বো খুশ হোয়া

তবে প্যান্টটা একটু দামি কিনবেন, তাপ্পিমারা চলবে না

৬.
গানও গাইতে পারেন — হাই হুকু হাই হুকু, হায় হায়
তবে প্রান্তটা জোরে চেপে রাখবেন
ওখানেই আপনার জীবন

ধরে নিন একমাত্র আপনার হাতটাই ঈশ্বরপ্রদত্ত