দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

১.

হাসি

দেবাশিস মুখোপাধ্যায়

খুব হাসছি
পৃথিবীও হাসছে
হাসার শরীরের ভিতরে
একরাশ কান্না
ঢেকে রেখে চেয়ে আছি
চাপা থাক কষ্ট
বোকার হাসিটুকু খুশি দিক
তোমাকে আর অন্যদেরও

২.

বাজনা

দেবাশিস মুখোপাধ্যায়

অন্ধকার ও নৈঃশব্দ্যের মধ্যে হঠাৎ
ঢুকে বাজনা বাজায়
বাজনদারকে দেখা যায় না
একটার পর একটা সবুজ
বাঁশকে জড়িয়ে সুর ছড়ায়

নদীর পাড়ে এক নিঃসঙ্গ
ঢোঙায় শুয়ে থাকে
বাজনা আঘাতের পর
আঘাত করে
জলের আর্তনাদ
কিছু বাজনা চাপা দিয়ে দেয়

৩.

আগুন

দেবাশিস মুখোপাধ্যায়

বেঁচে ওঠার পর আগুন তাড়া করে
দখলদার জেগে উঠেছে যেন
মাথা থেকে পা পর্যন্ত
ক্রমশঃ বাতিল কাগজ কিংবা শুকনো পাতা
সাজিয়ে তুলেছে আমায়
প্রজাপতি হওয়া হল না জীবনে
শিখা আসছে আলিঙ্গন করতে
আর চোখের আয়নায় ছাই