
গানের ভেতর
সনজিৎ বণিক
গানের ভেতর আস্ত মানুষ গলা সাধে,
বুকের ভেতর পুরে রাখে মোমবাতির ঐ হলদে শিখা,
লালচে শিখা পুড়ায় কেবল পুড়ে নিজে হাজার বছর;
ধর্ম মানে সময় টানে
পাগল নিশা,
শেষ বিকেলে ঘর ছেড়ে যায় যে চলে দূর প্রদেশে নি:স্ব করে হারায় দিশা ।
গানের ভেতর আস্ত মানুষ বসে থাকে সারাদিন ;
সন্ধ্যা নামে মাঝবয়সে সরস হাসি স্বপ্ন দিশা
হৃদয় বেজে হারায় শুধু সময় ঘড়ি,
বুকের ভেতর জল তরঙ্গ বাজতে থাকে
ভাঙতে থাকে
গড়তে থাকে সুরের মেধা ,
গানের ভেতর আস্ত মানুষ ঘুমিয়ে থাকে ,
ভুবন জুড়ে সুর লয়েরই ছন্দ সভায়!

কাহিনি কথামালা
সনজিৎ বণিক
ফুল ফুটলেই ভালবাসা
ফুল না ফুটলেও ভালবাসা
কড়িমাপা,
অন্তর্গত কথামালা যতো লেখো
ততোই চারদিক দেখো ছেয়ে গেছে
আলোক মালায়;
প্লাবন বয়ে আনে মনে,
বনে বনে ঘুরে বেড়াতে
যেমন সখ তেমন আর
কিছুতেই নেই;
ফুল ফুটলেই ভালোবাসা বড়ো আশা নিয়ে বেঁচে থাকা ;
ফুল না ফুটলেও
একই কথা আজ
আকাশে বাতাসে,
কড়িমাপা ও ভালবাসা।