
স্বর্ণ ফসিল
গুলশন ঘোষ
কোটি কোটি যুগ জন্মের আগের জন্মেও
ধ্বংসের ধরাবাসে কত জল-স্থলের রক্ত তরল দেহ,
ছিল সেদিনও সালোকসংশ্লেষে অবিরত সবুজের সমারোহ—
একদিন তাপে-চাপে পাওয়া অস্থি-দেহ
দধীচি’র মতো আজও জ্বেলে চলে অগ্রগতির আলো।
দেখি, দাঁড়িয়ে স্টেশনে দেহ নিয়ে বিস্ময়ে-
চলেছে বোঝাই হয়ে কার্বোনিফেরাস যুগের দেহ
সেই সভ্যতার ভিতেও নিহিত আত্মাহুতি অগণিত
হয়তো এটাই আপ্ত-প্রকৃতি রসায়ন
কোন এক সভ্যতার অগ্রগতির শক্তির তরে
এক দেহের রাসায়নিক কণার সাথে বাঁধা
আছে অন্য এক স্বর্ণ ফসিল দেহ।