
মৃদু মশলার গন্ধ ও তুমি
জয়িতা চট্টোপাধ্যায়
কবিতার মাঝ বরাবর
যাত্রীহীন নৌকাটি চলে যায় নিরুদ্দেশে
নিয়ে যায় হেমন্তে, ছাতিম ফুলে
তোমার বিবাহের দিনে বিকেলে
তোমার জ্বর এলো
ছাতিম ফুল ও শুভেচ্ছারা কাঁদল সারা রাত
শুধু আমি অসময়ের কবিতা আঁকড়ে
সহসা হারিয়ে গেলাম,
তোমার শাড়ির ভাঁজে
চাঁদ ও ভোরের প্রথম আলোয় আমাদের
শুভদৃষ্টি সম্পন্ন হল,
মনে পড়ে?