লক্ষ্মী না জগদম্বা – সন্দীপন তালুকদার

লক্ষ্মী না জগদম্বা – সন্দীপন তালুকদার

লক্ষ্মী না জগদম্বা    (ছোটোগল্প)

সন্দীপন তালুকদার

ঝনাৎ!
বরুণচন্দ্র বাস্তুহারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জীবনবিজ্ঞানের শিক্ষক মলয়বাবু। এক ছুটির সকালে লোন করে কেনা থ্রী-বি.এইচ.কে. ফ্ল্যাটের ড্রয়িং-ডাইনিং-কাম-স্টাডি রুমে বসে চার বছরের পুরোনো স্মার্ট ফোন খুঁট-খাট করছিলেন। হঠাৎ যেন একটা মিনি ভূমিকম্প হয়ে গেল। পিছন থেকে, ঠিক তাঁর কানের পাশ দিয়ে ‘মিগ-২৯’ এর মত উড়ে গিয়ে মেঝের ওপর আছড়ে পড়ল চা ভর্তি কাপ। ফলাফল, সাদা ভিট্রিফায়েড টাইলসের উপরে অজানা মহাদেশের ম্যাপ; তার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে কাপের টুকরোগুলো।
মাঝবয়সী মাস্টারমশাই হতভম্ব হয়ে তাঁর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ইজি-চেয়ারের ওপর কাঠের পুতুলের মত বসে ছিলেন। ভ্যাবাচ্যাকা ভাব সামলে সভয়ে ঘাড় ঘোরাতেই দেখলেন পেছনে দাঁড়িয়ে সহধর্মিণী বন্দনা—গড়পারের বিখ্যাত সিংহ পরিবারের ছোটো কর্তা, ‘ওরিয়েন্টাল সার্কাসের’ স্বনামধন্য রিংমাস্টার পরলোকগত ‘শার্দুল সিং’ ওরফে মৃগেন্দ্র সিংহের নাতনি। একই লোকের নামে দু-দু খানা স্বাপদ। তাঁর পরবর্তী অন্তত দুই প্রজন্ম যে ভয়ঙ্কর হবে, তাতে অবাক হওয়ার কিছুই নেই। ‘সিংহ বাড়ি’-তে টিউশনি পড়াতে গিয়ে মলয়বাবু এসব জেনেছিলেন। সেই বাড়ির ছাত্রীর পরানো রজনীগন্ধার মালা সেদিন মনোরম সুগন্ধ ছড়ালেও, আজকাল তা অনেকটা ফাঁসির দড়ির মত লাগে মলয়বাবুর। বন্দনার দু’চোখে কালবৈশাখীর চারশ চল্লিশ ভোল্টের বিদ্যুৎ, হাত দুটো কোমরে, গোলগাল ফর্সা মুখে সকালের কালো মেঘের ছায়া, আর কপালে গ্রান্ড ক্যানিয়নের মত ভ্রুকুটি। মলয়বাবুর গলা শুকিয়ে এল। গতমাসে বৈবাহিক ‘একনায়িকাতন্ত্রের’ রজত জয়ন্তী পার করেও বৌয়ের এই ‘বিহেভিওরাল প্যাটার্ন’ দেখলেই তার বি.পি. বাড়তে থাকে।
ঘটনার শুরু কিন্তু মাত্র দশ মিনিট আগে, মলয়বাবুর এক অতি সাধারণ কিন্তু বিপজ্জনক জিহ্বাস্থলনের ফলে … সকালে বাজারে যাওয়ার আগে মলয়বাবু পেডেস্টাল ফ্যানটা ছেড়ে দিয়ে মোবাইলে একাউন্টের ব্যালান্স চেক করছিলেন। তারপর পুজোর মাসের খরচের বাজেটখানা নিয়ে বসতে হবে। বিন্দুতে বিন্দুতে যেমন সিন্ধু হয়, ঠিক তেমন করেই নেহাতই খুচরো, এলেবেলে চাহিদাগুলি মিলে মাসের শেষে খরচ যে সুনামির আকার ধারণ করে—তা তিনি বিলক্ষণ জানেন। সেই কবে কে.সি. নাগের পাটিগনিতের বইতে চৌবাচ্চার অঙ্ক করেছিলেন। সেদিন অঙ্ক মেলেনি। সেই থেকে অঙ্কে ভীতি আর বায়োলজি প্রীতি। তখন কি ছাই জানতেন সেই অঙ্ক বেতাল হয়ে সংসার জীবনেও তাঁর ঘাড়ে চেপে বসবে। সংসার খরচের চৌবাচ্চায় জল ঢোকা আর বেরোনোর হিসেব তার আজও মেলে না। অগ্নিমূল্যের বাজারে সংসার চালানো মানে যেন প্রতিদিনের যুদ্ধ। কিন্তু তাতে বীরের সম্মান নেই, আছে কোর্ট মার্শালের ভয়। চালের কেজি ষাট ছাড়িয়েছে, তেলের দামের নাগাল পাওয়া দায়। আর খাসির মাংসের দাম তো কিছুদিনের মধ্যে ‘অযুত’ আর সোনার দাম ‘নিযুত’-এ গুনতে হবে।
কিন্তু তার চেয়েও বড় কোপ পড়েছে দুটো জায়গায়—প্রথমত, অনলাইনে কেনাকাটায় স্ক্যান করে পকেট খালি করার ফাঁদ। বেতনের টাকা কোন পথে ঢুকে কোন পথে পালায় তা কিছুতেই তিনি বুঝতে পারেন না। পরিবারের লোকদের আবদার মেটাতে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা ‘শপিং মলে’ গিয়ে ফ্রি তে এ.সি.-র হাওয়া খাওয়ার আনন্দ মাটি করে দেয় এই ইউ.পি.আই.। “অত টাকাতো সঙ্গে আনিনি… তার চেয়ে বরং ওটা…”, এই বলে পকেট আগলানোর সুযোগও নেই। কিউ. আর. স্ক্যান করো, আর মুক্ত পুরুষ হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাও। আগে লোকে টাকা জমানোর জন্য ব্যাংক এ রাখত। মলয়বাবুর মনে হয়, এই অনলাইন নামক পকেট মারের হাত থেকে টাকা বাঁচাতে তাকে ক্যাশ টাকা বালিশের মধ্যে বা জুতোর বাক্সে লুকাতে হবে।
আর দ্বিতীয়ত, তাঁর প্রোমোটার ভায়রাভাই কুবের গুপ্তার পরামর্শে আর সেই ধনকুবেরের আদরের ছোটো শ্যালিকার ভয়ে, মাস্টারমশাই তার বুড়ো বয়েসের যমজ মেয়ে শ্রেয়া আর প্রিয়াকে ভর্তি করেছিলেন নামজাদা ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলে। আর সেই স্কুলের মাইনে যেন রকেটের গতির সঙ্গে পাল্লা দিচ্ছে। মলয়বাবুর বেতনের অর্ধেকেরও বেশি পঞ্চভূতে বিলীন হয়ে যায় দুই মেয়ের ইংলিশ মিডিয়ামের রেনোভেশন ফি, অ্যানুয়াল ফি, সেশন ফি আর এমন কিছু ফি-তে; যার যৌক্তিকতা বোঝার চেষ্টা করার চেয়ে হাতিকে বারমুডা পরানো সহজ। আর অনলাইন ক্লাসের জন্য হাই-স্পিড ওয়াইফাইয়ের বিল নিতে কেবলআলা এলেই মলয়বাবুর বুকের বাঁদিকে কেমন যেন চিনচিনে ব্যাথা শুরু হয়।
এমনিতেই মাথায় দুশ্চিন্তার পাহাড়, তার ওপর ক’দিন ধরে মনটাও ভালো নেই। স্কুলটা মলয়বাবুর কাছে যেন চিড়িয়াখানার বাঘের খাঁচার সামনের একটু খোলা জায়গা। সেখানে তিনি বুক চিতিয়ে নিশ্বাস নিতে পারেন। কদিন আগেই নতুন এস.এস.সি. রিক্রুটমেন্টের পরে একঝাঁক প্রজাপতির মত তরুণী দিদিমনি জয়েন করেছেন। তারপর থেকেই, মলয়বাবু ফেনোটিপিক্যালি পঞ্চাশ হলেও সাইকোলজিক্যালি নিজেকে পঁচিশ মনে করছেন। হিস্ট্রির পারমিতা নন্দী প্রথম দিন ‘স্যার’ বলতেই তিনি লোডশেডিং এর সময় ফ্রীজে রাখা বাটারের মত গলে গিয়ে বলেছেন –“আরে স্যার আবার কি? দাদা বল।” উত্তরে নন্দী ম্যাডাম ঘাড় বেঁকিয়ে অল্প হেসেছেন। কিন্তু, শেষপর্যন্ত মলয়বাবু ‘স্যার’ থেকে ‘দাদা’তে প্রমোশন পাননি। তবে তিনি সুকুমার রায়ের ‘গঙ্গারাম’ টাইপ। সেই কে.সি. নাগের বই এর তেলমাখানো বাঁশ বেয়ে ওঠার চেষ্টা করা বাঁদরের মত তিনি নন্দী ম্যাডামের চারেপাশের ‘নেগেশন ফিল্ড’ এর ভুলভুলাইয়ার পাসওয়ার্ড খুঁজে চলেছেন। কিন্তু সারাজীবনের মত এবারও পাটিগণিত তার মিলছে না। মোবাইলে নন্দী ম্যাডাম এর হাস্যজ্জ্বল হোয়াটস্যাপ ডিপিটা একটু বড় করে দেখার চেষ্টা করতে করতে দীর্ঘশ্বাস ফেলে আপন মনে বলে ফেলেছিলেন, “আহা, মহালয়ার আগেই যদি পি.এফ.-এর লোনটা একাউন্টে ঢুকে যেত! পারমিতা গো… তোমার এই হাসিমুখের মত এবারের পুজোতে আমার ওয়ালেটটাও যদি একটু হাসত।”
কিন্তু ওই! ‘যত হাসি ততো কান্না/ বলে গেছে…’ কে যেন? ছোটো মেয়ের নাচের ক্লাসের ফি আবার সেই অনলাইনে জমা দেওয়ার কথা মনে করাতে গিয়ে গৃহকর্তী চেয়ারের পেছনে দাঁড়িয়েছিলেন। পঞ্চাশ পার করা এবং পালা করে আমাশা আর কোষ্ঠকাঠিন্যে ভোগা তার আনস্মার্ট বরের স্মার্টফোনের স্ক্রিনে তন্বী লাস্যময়ী দিদিমনির ছবি দেখে আর রসিক মেজাজের মৃদু স্বগোতক্তির মধ্যে থেকে শুধু ‘পারমিতা গো’ আর ‘হাসিমুখ’ শুনেই সিংহী বাড়ির ছোটো মেয়ের রক্তে কেমিক্যাল রিঅ্যাকশন শুরু! গলার আওয়াজ চার পর্দা চড়িয়ে তিনি বললেন, “ওহ! নতুন পারমিতা দিদিমণির হাসিমুখ না? তা তোমার সংসারে চ্যালাকাঠ ভেঙে ভেঙে আমার এই হালত! আর কচি দিদিমণির হাসিমুখ দেখলেই তো তোমার বুড়ো বয়েসের রস উথলে ওঠে, তাই না? আমি কিচ্ছুটি বুঝি না ভেবেছ? এদিকে মাথার অর্ধেক চুল উধাও, পেট একটা পাঁচনম্বরী ফুটবল, তবুও হাঁটু… থুড়ি গোড়ালির বয়সী মেয়ে দেখে চোখ ছানাবড়া হচ্ছে। বুড়ো বয়েসের হরমোন-ফেরোমন জেগে উঠেছে ।”
মলয়বাবু ততক্ষণে হওয়া বুঝে ফেলেছেন। রিকভারি মোড অন করে আদুরে গলায় বললেন, “আহা বন্দনা, তুমি একটু ভুল বলছ। মানুষের বয়স পঞ্চাশ পেরোলে ডোপামিন স্পাইক কমে যায়। আর ফেরোমোন ছড়ানোর বয়স কি আর আমার আছে? আমি তো কেবল এবারের পুজোর শপিং খরচের ফেরোমোনাল ট্রেল খুঁজছিলাম।”
“থাক আর সায়েন্টিফিক সাফাই গাইতে হবে না।” গিন্নি হাত নেড়ে গর্জে উঠে এক পা এগিয়ে এলেন। সেই ভঙ্গিমায় স্পষ্ট যে হিংস্র বাঘ-সিংহকে চাবুক মেরে খাঁচায় পুরে ফেলা তার রক্তে। মলয়বাবু তো সেখানে নেংটি ইঁদুর মাত্র।
“তবে ভুল একটা হয়েছিল আমার। সেটা পঁচিশ বছর আগে। সেই থেকে সংসারের জোয়াল টেনে আজ পঁয়তাল্লিশ পার করলাম। হাড়মাস এক হয়ে গেল! নিজের পরনে তিন বছরের পুরোনো ছাপা শাড়ি। আর ওদিকে ইংলিশ মিডিয়ামের ফি মেটাতে গিয়ে আমার হাতের বালা বন্ধক পড়ার জোগাড়। ‘মম উই নিড ফোর থাউজ্যান্ড ফর প্র্যাক্টিক্যাল অ্যসাইনমেন্ট’—মেয়ে দুটো ডাইরেক্ট ইংরেজিতে থ্রেট দিচ্ছে। তার ওপর আবার এই বুড়োর নতুন ভীমরতি; আমি কবে মুক্তি পাবো এই সার্কাস থেকে।”
মলয়বাবু ওভারপিচ বল পেয়ে ছক্কা হাঁকানোর সুযোগ ছাড়লেন না –
“আরে রিংমাস্টার না থাকলে সার্কাস কিভাবে চলবে? নন্দী ম্যাডামকে বলছিলাম সেদিন, তোমার বৌদির মত মেয়ে হয় না। ও যা করে, সে…সে…”
“চোপ…..একদম চোপ!” মলয়বাবু বুঝলেন মোটেই ব্যাটে-বলে হয়নি, এ যাত্রায় ক্যাচ অবধারিত। পরের বাউন্সারটা এলে সাবেকি টেস্ট ব্যাটসম্যানের মত ‘ডক’ করবেন বলে প্রতিজ্ঞা করলেন।
পাশের ঘর থেকে দুই যমজ বোন শ্রেয়া আর প্রিয়া দরজায় উঁকি মারল। দুজনেই এন.ই.ই.টি. অ্যস্পিরেন্ট। সামনের বার যুদ্ধের ময়দানে নামবে। কিন্তু মনে মনে তারা হাফ্-ডাক্তার হয়েই গেছে।
শ্রেয়া ফিসফিস করে প্রিয়াকে বলল, “ইউ নো প্রিয়া, মম-এর হাইপোথ্যালামাস আজ হেভি হাই! সাইকোলজিতে যাকে বলে এক্সট্রিম অ্যাগ্রেশন।”
প্রিয়া চোখ গোল গোল করে জবাব দিল, “অফকোর্স! পাপা বেচারা নিজের ক্লাসে সবাইকে ডোপামিন আর সেরোটোনিনের জ্ঞান দেয়, আর বাড়িতে মম-এর অ্যাডরেনালিন রাশ সামলাতে গিয়ে এক্কেবারে ফ্ল্যাট। ভাইবটা পুরো ডিজাস্ট্রাস রে!”
মলয়বাবুর ততক্ষণে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা। একদিকে পি.এফ.-এর লোন না পাওয়ার ক্ষোভ, চড়া মাইনের ইংলিশ মিডিয়ামের ধাক্কা, আর অন্যদিকে গিন্নির মারাত্মক ‘পরকীয়া সন্দেহ’। কিন্তু বিবাহিত জীবনের অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে, স্ত্রী যখন ‘হট এয়ার ওভেন’ হয়ে ফুঁসে ওঠেন, তখন তা রাগ নয় — তা হলো একঘেয়েমি, মধ্যবয়সের ক্লান্তি আর নিরাপত্তাহীনতার প্রহেলিকা।
তিনি উঠে দাড়ালেন। কোনো তর্কে না গিয়ে সোজা আলমারির পাল্লা খুললেন। একটা পুরানো পাটের ফাইল খুলে বের করলেন মাঝারি মাপের একটা খাম।
বন্দনা তখনও চাবুক নাড়ার ভঙ্গিতে হাত নেড়ে বলছেন, “কী বের করছ শুনি? পারমিতা দিদিমণির প্রেম পত্তর ?”
মলয়বাবু শান্তভাবে খামটা বন্দনার হাতে তুলে দিলেন।
“ওটা কী?”
“খুলে দেখো,” মলয়বাবু মৃদু হেসে বললেন। “ওটা আমার সামনের মাসের এল.আই.সি.-র ম্যাচিওরিটির আগাম চেক। আর তার পাশে ওটা একটা জমানো ফিক্সড ডিপোজিটের কাগজ। এগুলো আপাতত সংসার যজ্ঞে আহূতি যাবে। আমি জানি আয়-ব্যায় এর অঙ্ক আমার মিলছে না। নিজে সরকারি স্কুলে পড়িয়েও মেয়েদের ভবিষ্যৎ ভালো করতে গিয়ে ওই নামী ইংলিশ মিডিয়ামের চক্করে আমাদের নাভিশ্বাস উঠছে। আমি এও জানি, নতুন শাড়ি কেনা তো দূর, একটা পছন্দের দামি ক্রিম কেনার স্বাধীনতাও তুমি গত চার বছরে পাওনি।”
খামটা হাতে নিয়ে চুপ করে গেলেন বন্দনা। অঘ্রানের সকালে সিংহী বাড়ির ছোটো মেয়ের দুই চোখে উঁকি মারল শ্রাবণের ঢল। মলয়বাবু বন্দনার চোখের দিকে তাকিয়ে স্কুল মাস্টারি গলায় বললেন, “বায়োলজিতে পড়াই, যে প্রজাতি বেঁচে থাকার জন্য মানিয়ে নেয়, সেই টিকে থাকে। তুমি যেদিন আমার হাত ধরে আমার ভাড়াবাড়িতে এসেছিলে বন্দনা, সেদিন কিন্তু তোমায় আমি বলেছিলাম—আমার এই মধ্যবিত্ত সংসারে শুধু তুমিই হবে নিউক্লিয়াস — যার অর্ডার মেনে এই সংসারের সব কোশঅঙ্গানু চলবে। ওসব হরমোন ফেরোমোন তো কয়েক মুহূর্তের কেমিক্যাল লোচা গো। কিন্তু আজ পঞ্চাশে এসেও হৃদয়টা শুধু তোমার জন্যই স্পন্দিত হয়। এই শরীরে রক্ত চলাচল যতক্ষণ থাকবে, এই মলয়মাস্টারের জীবনে কেবল একজনই রিংমাস্টার থাকবে — সে গড়পরের সিংহ বাড়ির ছোটো মেয়ে।”
কথাগুলো শেষ হতেই রান্নাঘর আর ড্রয়িংরুমের মাঝের উত্তপ্ত হাওয়া এক নিমেষে বদলে গেল। দুই বজ্র মুঠি ঢিলে হয়ে এল। চোখের কোণে জমে থাকা অভিমানের জলটুকু ততক্ষণে জলপ্রপাতের মত আঁচল ভিজেয়ে দিচ্ছে। মেঝেতে পড়ে থাকা ভাঙা কাপের টুকরোগুলো তুলতে তুলতে নিচু গলায় বললেন, “তোমাকে আমি বুঝি না ভেবেছ? নিজের চশমাটার পাওয়ার বাড়ানো দরকার, তিন বছর ধরে বদলাচ্ছ না। বই পড়তে এতো ভালোবাস, কিন্তু এবার বইমেলাতেই গেলে না। কেবল মেয়েদের পড়ার খরচ আর সংসারের চিন্তা। আর আমি…আমি শুধু শুধু সন্দেহ করি…”
মলয়বাবু মুখে মিটিমিটি হাসি এনে রসিকতা করলেন, “তাহলে রিংমাস্টার ম্যাডাম, আজকের মত হান্টার তাকে তোলা রাইলো তো? নাকি চা-টা আমি নিজেই বানিয়ে আনব?”
বন্দনা আঁচলে চোখ মুছে হেসে ফেললেন। “থামো তো। তোমার রঙ্গের নিকুচি করেছে। বসে বসে খবরের কাগজটা পড়ো, আমিই ভালো করে আদা দিয়ে চা করে আনছি।”
“আর এই বাদলার দিনে তোমার হাতের ডবল ডিমের মামলেট। আর…”, বলতে গিয়ে মলয়বাবু থমকে গেলেন। কোথায় বৃষ্টি? শরতের সকালের মিষ্টি রোদে মলয় বাবুর থ্রী-ইন-ওয়ান ইউটিলিটি রুম তখন ভেসে যাচ্ছে। মলয়মাস্টার হটাৎ দার্শনিক হয়ে উঠলেন – “বুঝলে বন্দনা, সংসারের নাম যদি হয় ‘টানাপোড়েন’, তবে ভালোবাসার নাম ‘বোঝাপড়া’। আমরা এটা ভুলে যাই যে সূর্যটা মেঘের তলাতেই থাকে, শুধু মেঘটা সরে যাওয়ার অপেক্ষা!”
রান্নাঘর থেকে ডিম ফ্যাটাতে ফ্যাটাতে উত্তর আসে- “ঢং যত!”