
ভীষ্ম চরিত্র (ছোটোগল্প)
সদানন্দ সিংহ
ভীষ্ম চরিত্রটাকে আপনি কী চোখে দেখেন ? বিকেলের এই পড়ন্ত বেলায় হিন্দিভাষীদের মাঝে পাশ থেকে বাংলায় প্রশ্নটা শুনে চমকে উঠলাম।
কুরুক্ষেত্রে বেড়াতে এসে আমি পিতামহ ভীষ্মের শরশয্যার মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। সঙ্গে আমার অর্ধাঙ্গিনী। এখানেই নাকি পিতামহ ভীষ্ম অর্জুনের অসংখ্য বাণে বিদ্ধ হয়ে আটান্ন দিন শরশয্যায় শুয়ে থাকার পর ইচ্ছামৃত্যু বরণ করেছিলেন।
কুরুক্ষেত্র নিয়ে আমার ছোটোবেলা থেকেই এক অদম্য কৌতূহল। ছোটোবেলায় আমি দেখেছি, দাদুর ঘরে মলিন কাপড়ে বাঁধা দুটো বিরাট বড় বই ছিল — তারমধ্যে একটা কাশীরাম দাসের মহাভারত, অন্যটা কৃত্তিবাসের রামায়ণ। দাদু বাড়িতে না থাকলে আমি চুপিচুপি দাদুর ঘরে গিয়ে দাদুর বিছানায় মলিন কাপড়ের ভাঁজ খুলে রামায়ণ কিংবা মহাভারত খুলে রামায়ণ-মহাভারতের ছবিগুলি দেখতাম। তারপর দাদু আসার আগেই আমি বইগুলো আবার আগের মতো সুন্দর করে ভাঁজ করে বেঁধে রাখতাম। দাদু কোনোদিন টের পাননি।
দাদু প্রতিদিন বিকেলে মহাভারত কিংবা রামায়ণ পাঠ করতেন। আসন পেতে বসে সামনে কাঠের তৈরি বই রাখার একটা স্ট্যান্ডের ভাঁজ খুলে দাঁড় করাতেন। এইরকম বই রেখে পড়ার জন্য কাঠের স্ট্যান্ড আমি আর অন্য কোনোখানে দেখিনি। বই সাইজের ছোট্ট আকারের দু পাটের কাঠের স্ট্যান্ডটা ভাঁজ করে রাখা যেত। ভাঁজ খুললে দুটো পাট পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ওপর-নীচে দুদিকে সরে যেত। দুটো পাটের মাঝখানে কী এক কায়দায় জোড়া ছিল। ফলে স্ট্যান্ড খুলে মাঝখানে বই রেখে পড়া যেত।
দাদু সুর করে মহাভারত-রামায়ণ পাঠ করতেন। প্রায়দিনই পাড়ার এক-দুজন বয়স্কা মহিলা দাদুর পাঠ শুনতে আসতেন। দাদু সুর করে পাঠ করার পর আবার সরল ভাষায় উপস্থিত শ্রোতাদের বুঝিয়ে দিতেন। তবে দাদুর সেই পাঠ শোনার জন্য আমি কোনোদিনই দাদুর সামনে বসিনি।
আমি এবার বাংলায় প্রশ্ন করা লোকটির দিকে তাকালাম। তিনিও সস্ত্রীক এসেছেন, বয়স পঞ্চান্ন-ষাট হবে অনুমান করলাম। বললাম, কী করে বুঝলেন আমি বাংলা জানি ?
উত্তর এল, আপনাকে আমি দুপুরে হোটেলে দেখেছি। আপনি ওখানে জিজ্ঞেস করেছিলেন, ভাত মিলেগা ক্যায়া ? ভাত শব্দটা তো বাংলা, আর ভাত পছন্দ করে বাঙালি এবং উত্তর-পূর্বাঞ্চলের লোকেরা।
মনে পড়ল, দুপুরে খাবার হোটেলে গিয়ে ভাত পাওয়া যাবে কিনা জিজ্ঞেস করেছিলাম। হিন্দিতে ভাতকে বলে চাউল, সেটা বলতে ভুলে গেছিলাম।
লোকটি বললেন, আমার নাম জীবন বল। হাওড়ায় থাকি।
আমি বললাম, আমি আগরতলার বাসিন্দা। আগরতলায় থাকি। তবে কোলকাতায় এলে বছরের এক-দুমাস বাগুইহাটিতে থাকি। কুরুক্ষেত্রে কি আজই এসেছেন ?
— হ্যাঁ, এখানে তো থাকার দরকার পড়ে না। সকালে দিল্লি থেকে এসেছি, একদিনেই সব ঘোরা হয়ে যায়। সন্ধ্যে পাঁচটার দিকে ট্রেনে আবার দিল্লি ফিরে যাব।
— আমিও এসেছি গুরুগ্রাম থেকে দিল্লি হয়ে। তবে এখানে পৌঁছতে আমার দশটার ওপর বেজে গেল। ফিরব রাত সাতটার ট্রেনে দিল্লি।
— আমি যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম, ভীষ্ম চরিত্রটাকে আপনার কীরকম মনে হয় ?
— তেমন করে আমি তো ভাবিনি। তবে ভীষ্মের কথা ভাবলে আমার দাদুর কথা মনে পড়ে যায়। আপনি বলুন, আপনার কেমন মনে হয় ?
— আমার তো মিস্টিরিয়াস মনে হয়। একদিকে তিনি এক মহান ব্যক্তিত্বের অধিকারী, শ্রেষ্ঠ যোদ্ধা যিনি অস্ত্রগুরু পরশুরামকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করেছিলেন। ছিলেন সত্যবাদী। রাজসিংহাসনের মোহ ত্যাগ করে তিনি আজীবন ব্রহ্মচর্য কঠোরভাবে পালন করেও হস্তিনাপুরের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আশ্চর্যভাবে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তিনি কোনো প্রতিবাদ করেননি। অথচ ন্যায়-অন্যায়ের বিচার না করে তিনি শুধুমাত্র ক্ষত্রিয়ধর্ম পালনের জন্য কৌরবদের পক্ষ হয়ে প্রিয় পাণ্ডবদের বিরুদ্ধে কৌরব বাহিনির সর্বাধিনায়ক হয়ে যুদ্ধ লড়েছিলেন। আবার শরশয্যায় শায়িত অবস্থায় আটান্ন দিন ধরে যুধিষ্ঠিরকে বিশাল জ্ঞানভাণ্ডার দান করেন যেগুলি মহাভারতের দ্বাদশ পর্ব এবং ত্রয়োদশ পর্বে উল্লেখ রয়েছে যেখানে আদর্শ রাজধর্ম এবং নীতিশিক্ষা নিয়ে তিনি জ্ঞানদান করেছেন। আবার দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধ শুধুমাত্র সিংহাসন দখল নয়, সেটা ছিল অন্যায় ও অধর্মের বিরুদ্ধে। কিন্তু অর্জুন আবার শিখণ্ডীকে সামনে রেখে ভীষ্মকে শরশয্যায় শায়িত করেছিলেন – এটা কি ন্যায় হল ? আসলে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কোনটা ধর্ম আর কোনটা অধর্ম – এসব চিন্তা করলে আমি হিমসিম খাই। শুধু আমি কেন, অনেকেই খান নিশ্চয়ই।
এবার জীবনবাবু একটু থামলেন। মৃদু হাসলেন। তারপর আবার বললেন, আসলে আমার মাঝে মাঝে মনে হয় ন্যায়-অন্যায় ধর্ম-অধর্ম বুঝি সবই আপেক্ষিক। মানব হত্যা চরম অধর্ম অন্যায়, কিন্তু যুদ্ধক্ষেত্রে সেটাই আবার ন্যায় এবং ধর্ম। দেশভেদে এবং ক্ষেত্রবিশেষে সব নিয়মই উলোটপালোট হয়ে যায়।
— তুমি এবার থামো তো।
জীবনবাবুর গিন্নি এবার তার স্বামীটিকে ধমক লাগালেন। তারপর মুচকি হেসে আমাকে বললেন, বাড়িতেও উনি সবসময় বকবক করেন। বাইরে বেরুলেও তাই। আপনারা কিছু মনে করবেন না।
আমি তাড়াতাড়ি বললাম, না না আমরা কিছুই মনে করিনি।
— এবার উনি আবার বলতে শুরু করলে আমাদের ট্রেন মিস হয়ে যেতে পারে। এ্যাই, চলো, এবার আমরা রেলস্টেশনের দিকে যাই।
জীবনবাবুরা চলে গেলেন।
আমরা এই জায়গাটার চারিদিকে ঘুরে দেখতে লাগলাম। পাশেই মন্দির আছে। মন্দিরে দেখলাম মাথায় পাগড়ি বাঁধা একজন শিখ পূজারীর দায়িত্ব পালন করে মন্দিরের প্রসাদ বিলোচ্ছেন। আমরা আবার বাইরে এসে শরশয্যায় শুয়ে থাকা ভীষ্মের মূর্তির কাছাকাছি গেলাম। মূর্তির ঠিক নীচেই একটা ছোট্ট পুকুর।এই পুকুরের জলই নাকি পিতামহ ভীষ্ম মৃত্যুর আগে পান করেছিলেন।
জীবনবাবুর কথাগুলি নিয়ে ভাবলাম। শিখণ্ডীকে সামনে দাঁড় করিয়ে অর্জুন কেন চাতুরীর আশ্রয় নিয়ে পিতামহ ভীষ্মের হত্যার উদ্দেশ্যে শর নিক্ষেপ করেছিলেন ? সেটাও নিশ্চয়ই এক রাজনীতির কলাকৌশল। মনে হল – ক্ষমতার রাজনীতি, যুদ্ধ, নিধন, ধ্বংস ইত্যাদি সবই যেন এক সুতোয় বাঁধা।
সেইসব সুতোর মাঝে আমি আমার দাদুকে কিন্তু কোথাও দেখতে পেলাম না। দাদুও একদিন মৃত্যুশয্যায় ছিলেন। বাবার অবর্তমানে প্রথানুযায়ী দাদুর মৃতদেহকে শ্মশানযাত্রার আগে আমিই স্নান করিয়েছিলাম। আমার বয়েস তখন সতের-আঠারো। তখন দাদুর শুয়ে থাকা মৃতদেহকে আমি এবং ছোটমামা বসাতে যেতেই দাদু ‘আ-আ-আ-আ’ আওয়াজ করে উঠলেন। আমি একটু চমকে উঠেছিলাম। ছোটমামা বলেছিলেন, ভয় পাবি না, বুকে বাতাস ঢুকে ছিল। সেটা বেরোচ্ছে।
ভীষ্মের বুকে কোনো বাতাস ছিল না। তাঁর শরীরে বিদ্ধ শরগুলো ছিল ক্ষমতার রাজনীতি, যুদ্ধ, নিধন, ধ্বংস ইত্যাদি সবেরই – যেগুলি ভীষ্মের শরীরের সমস্ত বাতাসকে বের করে দিয়েছিল।