
শেষ ডায়েরি (ছোটোগল্প)
অমিয় দাসগুপ্ত
আমি একজন অন-সাইট আইটি কনসালট্যান্ট। কাজের সূত্রে আমাকে বহু দেশে ঘুরে বেড়াতে হয়। আর এই ঘুরে বেড়ানোর সুবাদেই নানান দেশের ভৌতিক বা অলৌকিক ঘটনার প্রতি আমার এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছে। অনেকটা নেশার মতোই, সেই ধরনের কোনও ঘটনার সন্ধান পেলেই আমি তার খোঁজখবর শুরু করি।
এক ঘটনার কথা আজকের এই গল্পে তুলে ধরছি।
তখন আমি ইংল্যান্ডের ইয়র্কশায়ারের একটি আইটি কোম্পানিতে আইটি কনসালট্যান্ট হিসেবে বেশ কিছুদিন ধরে কাজ করছি।
ইয়র্কশায়ার এক অপূর্ব জায়গা।
ইয়র্কশায়ারে পা রাখলেই মনে হবে, আপনি যেন কোনও চিরায়ত ইংরেজি উপন্যাসের পাতার মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছেন। দিগন্তবিস্তৃত ইয়র্কশায়ার ডেলসের বুক চিরে বয়ে গেছে ছোট ছোট নদী, আর পাথুরে পাহাড়ের ঢালে ঘুরে বেড়ায় ভেড়ার দল। শরতের বিকেলে নর্থ ইয়র্ক মুরস ঢেকে যায় বেগুনি হেদার ফুলে। হঠাৎ যখন সেখানে ঘন কুয়াশার চাদর নেমে আসে, তখন গোটা প্রান্তরজুড়ে ছড়িয়ে পড়ে এক থমথমে, রহস্যময় নির্জনতা। উত্তর সাগরের উত্তাল ঢেউ আর খাড়া পাথুরে পাহাড় প্রকৃতিকে দিয়েছে এক বুনো, অনাবিল রূপ।
উত্তর সাগরের তীরে দাঁড়িয়ে থাকা হুইটবি অ্যাবের কঙ্কালসার গথিক রূপ নাকি ব্রাম স্টোকারের কালজয়ী উপন্যাস ড্রাকুলা পরিবেশ নির্মাণে অনুপ্রেরণা জুগিয়েছিল। সেখান থেকে একটু দূরে ইয়র্ক শহরের ‘দ্য শ্যাম্বলস’ গলিতে ঢুকলে মনে হয়, সময় যেন থমকে গেছে। পুরোনো কাঠের বাড়ি আর দোকানপাটে ভরা এই গলির আবহ অনেকের কাছেই হ্যারি পটারের ‘ডায়াগন অ্যালি’কথা মনে করিয়ে দেয়।
আরও খানিক এগোলেই সবুজ উপত্যকার মাঝে দেখা মিলবে দ্বাদশ শতাব্দীর ফাউন্টেনস অ্যাবের নীরব ধ্বংসাবশেষ। আর এই রূপকথার মতো ভ্রমণের শেষ যেন হয় মালহাম কোভের প্রায় ৮০ মিটার উঁচু চুনাপাথরের প্রাচীরের কাছে এসে—যেখান থেকে চারপাশের ইয়র্কশায়ারের অপার সৌন্দর্য একসঙ্গে চোখে পড়ে।
সেখানেই আলাপ হয় মিস্টার ব্র্যাম জোসেফের সঙ্গে। তিনিও ওই কোম্পানিতেই চাকরি করেন।
একদিন কথায় কথায় আমি তাঁকে আমার এই অদ্ভুত শখের কথা জানালাম। দেখলাম, আমার কথা শুনে তিনি খুব একটা অবাক হলেন না। ইংল্যান্ডে এই ধরনের বিষয় আমাদের দেশের তুলনায় ততটা অস্বাভাবিক নয়। এখনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্যারানরমাল, ফোকলোর এবং ডার্ক ট্যুরিজম নিয়ে পড়াশোনা ও উচ্চতর গবেষণার সুযোগও রয়েছে।
তার বেশ কিছুদিন পর একদিন দেখি, তিনি একটা ডায়েরি আমার হাতে দিয়ে বললেন,
“এই ডায়েরিটা পড়ে দেখো। তোমার বেশ ভালো লাগবে। তোমার শখের সঙ্গে দারুণ মিল আছে।”
আমি ডায়েরিটার দিকে তাকালাম। দেখতে খুব একটা পুরোনো নয়। মোটা বাদামি চামড়ায় বাঁধানো মলাটের ওপর কোথাও কোনও নাম লেখা নেই। ডায়েরির শুরুর কয়েকটি পাতা পেরিয়ে একটি বুকমার্ক দেওয়া রয়েছে।
আমি একটু অবাক হয়ে প্রশ্ন করলাম, “কীসের ডায়েরি এটা?”
সে একটু হেসে উত্তর দিল, “ব্ল্যাকউড ক্যাটাকম্বস কবরস্থানের নাইট গার্ড থমাস হ্যারল্ডের লেখা ডায়েরি।”
আমি একটু ইতস্তত করে জোসেফকে বললাম, “অনুমতি ছাড়া কারও ডায়েরি পড়া কি ঠিক হবে?”
ব্র্যাম এবার বেশ গম্ভীর গলায় বলল, “অনুমতি দেওয়ার জন্য সে আর বেঁচে নেই। তার বাড়ির পুরোনো আসবাবপত্র বিক্রি হচ্ছিল। আমি সেখান থেকে একটা পুরোনো টেবিল কিনেছিলাম। তার ড্রয়ারেই এটা ছিল। আমি ডায়েরিটা কিছুটা পড়েছিলাম। তবে এতে যা লেখা আছে, তা সাধারণভাবে বিশ্বাস করা বেশ কঠিন। কিন্তু…”
আমি তার কথার মাঝখানেই বলে উঠলাম, কিন্তু কী?
সে আবার বলতে শুরু করল, “কিন্তু থমাস হ্যারল্ডের মৃত্যুটাও বেশ রহস্যজনক ছিল। তার মৃত্যু নিয়ে অনেক জল্পনাই হয়েছিল। তাই লেখাটাকে পুরোপুরি অবিশ্বাস করতেও পারছি না। তুমি পড়ে দেখো, তোমার কেমন লাগে।”
এরপর আর কী! ডায়েরিটা বাড়ি নিয়ে এসে রাতে পড়তে বসলাম।
থমাস তার নিজের অভিজ্ঞতার কথা যেভাবে লিখে গিয়েছিল, এরপর আমি তাই তুলে ধরছি।
১২ অক্টোবর, ২০২২
আজ ব্ল্যাকউড ক্যাটাকম্বস কবরস্থানের নাইট গার্ডের কাজে আমার প্রথম দিন।
আমি যখন কবরস্থানে পৌঁছালাম, তখনও দিনের আলো পুরোপুরি ফুরিয়ে যায়নি। সেখানে পৌঁছাতেই কবরস্থানের সুপারভাইজার মিস্টার মিলার আমাকে কাজটা বুঝিয়ে দিলেন।
আমার ডিউটি সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত।
প্রতি ঘণ্টায় একবার করে পুরো কবরস্থানটা ঘুরে দেখতে হবে। প্রধান ফটক ঠিকমতো বন্ধ আছে কিনা দেখতে হবে, কোথাও বেড়া বা সমাধির কোনও ক্ষতি হয়েছে কিনা খেয়াল রাখতে হবে এবং কোনও অস্বাভাবিক কিছু চোখে পড়লে অফিসের লগবুকে লিখে রাখতে হবে। কোনও দর্শনার্থী রাতে ঢোকার চেষ্টা করলে তাকে আটকাতে হবে।
কোনও মৃতদেহ বা নতুন কবরের ব্যাপারে নিজে কিছু করার দরকার নেই; অফিসে ফোন করতে হবে। কেবিনে বসে মাঝে মাঝে সিসিটিভির মনিটরগুলোও দেখে নিতে হবে। জরুরি পরিস্থিতির জন্য একটি রেডিও থাকবে।
সবকিছুই বেশ স্বাভাবিক মনে হচ্ছিল।
কাজ বুঝিয়ে দেওয়ার সময় মিলার অবশ্য একটা কথা আলাদা করে বলেছিলেন।
“উত্তর দিকের পুরোনো অংশটায় একটু বেশি নজর রেখো।”
আমি জিজ্ঞেস করেছিলাম, “কোনও বিশেষ কারণ আছে নাকি?”
মিলার একটু হেসে বললেন, “অংশটায় শহরের বেশ কিছু ধনী ও সম্ভ্রান্ত পরিবারের পারিবারিক সমাধি রয়েছে। অনেকগুলো সমাধিই কয়েকশো বছরের পুরোনো। পাথরের তৈরি বিশাল ফলক, লোহার বেড়া আর কারুকাজ করা সমাধিগুলো দেখলেই বুঝতে পারবে, সেখানে যাঁরা শুয়ে আছেন তাঁরা সাধারণ কেউ ছিলেন না।
“মাঝে মাঝে কবরের পাথর নষ্ট করা, লোহার বেড়া ভাঙা কিংবা সমাধি থেকে দামি জিনিস চুরি করার চেষ্টা হয়। তাই জায়গাগুলোর দেখভালের জন্য রাতে একজন গার্ড রাখা হয়।”
কথাটা শুনে আর কিছু জিজ্ঞেস করিনি।
দিনের বেলার গার্ড চলে যাওয়ার আগে আমাকে বলে গেল, “সুপারভাইজার যাই বলুক, রাতে বেশি বাইরে ঘুরবে না। তোমার আগে যে ছিল, তার অদ্ভুত মৃত্যুর ব্যাপারে কেউ তোমাকে কিছু বলবে না।”
তার কথাগুলো নিয়ে আমি বেশি ভাবলাম না।
রাতটা বেশ শান্তই কাটছিল। প্রায় সাড়ে বারোটা নাগাদ একবার পুরো কবরস্থানটা ঘুরে এলাম। চারপাশে শুধু ঠান্ডা বাতাস আর গাছের পাতার মৃদু শব্দ। কবরস্থানটা অনেক বড়। আর উত্তর দিকের পুরোনো অংশটা যেন একটু বেশিই নির্জন। সেখানে দাঁড়ালে মনে হয়, এই অংশটা যেন বাকি কবরস্থান থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে।
রাত একটা নাগাদ অফিসঘরে ফিরে সিসিটিভির মনিটরগুলো দেখছিলাম। হঠাৎ প্রধান গেটের ক্যামেরায় চোখ আটকে গেল।
গেটের ঠিক বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে।
প্রথমে ভেবেছিলাম, হয়তো কোনও পথচারী। কিন্তু লোকটাকে দেখে ব্যাপারটা একটু অদ্ভুত লাগল। সে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে ছিল। গেটের দিকে তাকিয়ে আছে, নাকি কবরস্থানের ভেতরের দিকে— ঠিক বোঝা যাচ্ছিল না।
আমি কয়েক সেকেন্ড মনিটরের দিকে তাকিয়ে রইলাম।
লোকটার পোশাকও বেশ অদ্ভুত মনে হচ্ছিল। লম্বা একটা কালো কোটের মতো কিছু পরা। মাথায় টুপি। সিসিটিভির ছবি খুব পরিষ্কার ছিল না, তাই মুখটা ভালো করে দেখা যাচ্ছিল না।
ভাবলাম, হয়তো কেউ ভুল করে এখানে চলে এসেছে।
আমি চেয়ার থেকে উঠে প্রধান গেটের দিকে যাওয়ার জন্য দরজা খুলতেই আবার মনিটরের দিকে চোখ গেল।
লোকটা আর সেখানে নেই।
আমি দ্রুত গেটের কাছে গিয়ে বাইরে তাকালাম। রাস্তা ফাঁকা। এদিকওদিক যতটা দেখা যায়, কোথাও কাউকে দেখতে পেলাম না।
অদ্ভুত ব্যাপার হল, গেট থেকে কাছের রাস্তা পর্যন্ত এতটা খোলা জায়গা যে, কেউ সেখান থেকে হেঁটে গেলে অন্তত কিছুটা দূর পর্যন্ত তাকে দেখা যাওয়ার কথা।
কিন্তু লোকটার কোনও চিহ্নই নেই।
ফিরে এসে সিসিটিভির ফুটেজটা আবার দেখলাম।
লোকটা প্রায় এক মিনিট গেটের বাইরে দাঁড়িয়ে ছিল। তারপর কোনও তাড়াহুড়ো না করে ধীরে ধীরে ক্যামেরার ডান দিক দিয়ে হেঁটে চলে গেল।
১৩ অক্টোবর, ২০২২
গত রাতের ঘটনাটা নিয়ে সকালে একটু ভেবেছিলাম। শেষ পর্যন্ত নিজেকেই বোঝালাম, নিশ্চয়ই কোনও সাধারণ ব্যাপার ছিল। রাতের অন্ধকারে অনেক কিছুই অস্বাভাবিক মনে হতে পারে।
গতকাল যে লোকটাকে সিসিটিভি তে দেখেছিলাম, তার ব্যাপারে মিলারকে জিজ্ঞেস করার কথা মনে হয়েছিল। কিন্তু আর করা হয়নি।
রাত প্রায় সাড়ে বারোটা।
আগের রাতের মতো আজও টহল দিতে বেরোলাম। কবরস্থানের উত্তর দিকের পুরোনো অংশটা ঘুরে প্রধান গেটের পাশের ছোট লোহার গেটটার দিকে গেলাম। এই গেটটা সাধারণত বন্ধই থাকে। প্রয়োজনে কর্মীরা এই পথ দিয়ে পুরোনো অংশে যায়।
গতকালও বেরোনোর সময় আমি নিজে গেটটায় তালা লাগিয়েছিলাম।
আজ সেখানে গিয়ে দেখি — গেটটা পুরোপুরি খোলা।
কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলাম। তারপর কাছে গিয়ে তালাটা পরীক্ষা করলাম। তালাটা মাটিতে পড়ে নেই, ভাঙাও নয়। বরং গেটের একপাশে ঝুলছে। কিন্তু আমি তো কাল রাতে নিজের হাতে তালা লাগিয়েছিলাম। ভাবলাম, হয়তো দিনের বেলা কেউ খুলে আর বন্ধ করেনি। আমি গেটটা বন্ধ করে আবার তালা লাগিয়ে দিলাম।
তারপর আরও কিছুক্ষণ আশেপাশে দাঁড়িয়ে রইলাম। কোনও শব্দ নেই।
শুধু দূরে গাছের পাতায় বাতাস লাগার শব্দ।
আজ আর কোনও অস্বাভাবিক ঘটনা ঘটেনি।
১৪ অক্টোবর, ২০২২
আজ বিকেলে ডিউটিতে আসার পর উত্তর দিকের পুরোনো অংশটা একটু ঘুরে দেখছিলাম। সেখানে একটা বেশ পুরোনো সমাধি আছে। সমাধিটার চারপাশে আগাছা জমে গেছে, পাথরের গায়েও শ্যাওলা ধরেছে।
সমাধির সামনে একটা শুকনো ফুলের তোড়া পড়ে ছিল।
দেখেই বোঝা যাচ্ছিল, বেশ কয়েকদিন আগের। ফুলগুলো পুরো শুকিয়ে বাদামি হয়ে গেছে।
রাত প্রায় একটা নাগাদ আবার সেই দিকটায় টহল দিতে গেলাম।
সমাধিটার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়ল — সেখানে সেই ফুলের তোড়া রাখা।
কিন্তু কেন জানি না, তোড়াটা একটু অদ্ভুত লাগল। তাই কাছে গিয়ে টর্চের আলো ফেলতেই বুঝলাম, এটা অন্য একটা তোড়া।
ফুলগুলো একেবারে টাটকা। সাদা ফুলের পাপড়িতে এখনও যেন শিশির লেগে আছে।
আমি চারপাশে তাকালাম। কেউ নেই।
সমাধির সামনের মাটিটাও নরম ছিল। কেউ হেঁটে এসে ফুল রেখে গেলে পায়ের ছাপ থাকার কথা। কিন্তু সেখানে কোনও পায়ের ছাপ নেই।
আমি হাত বাড়িয়ে একটা ফুল ছুঁয়ে দেখলাম।
সত্যিই তাজা।
অদ্ভুত ব্যাপার হল, বিকেলে আমি যখন এখানে এসেছিলাম, তখন এই ফুলগুলো ছিল না। আমি নিশ্চিত এখানের ফুল গুলো শুকনো ছিল।
কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে এলাম।
মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছিল — কবরস্থান তো রাতে বন্ধ থাকে, তাহলে কেউ কি কোনওভাবে ভেতরে ঢুকেছিল?
প্রথমে পুরো কবরস্থানের গেট আর প্রবেশপথগুলো একবার দেখে নিলাম। তারপর অফিসঘরে বসে একে একে সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করলাম।
প্রধান গেট, পাশের ছোট গেট, পার্কিংয়ের দিক, উত্তর দিকের রাস্তা — সব ক্যামেরাই বেশ কিছুক্ষণ ধরে খুঁটিয়ে দেখলাম।
কোথাও কাউকে দেখা গেল না। কোনও গেট খোলার ঘটনাও নেই। কেউ বাইরে থেকে ভেতরে ঢুকেছে — এমন কোনও চিহ্নও নেই।
কিন্তু একটা সমস্যা ছিল।
উত্তর দিকের পুরোনো সমাধিগুলোর একেবারে ভেতরের অংশটা কোনও ক্যামেরার আওতায় পড়ে না। ফলে সেখানে কেউ ঢুকেছিল কি না, সেটা সিসিটিভি দেখে বোঝার উপায় নেই।
শেষ পর্যন্ত ফুটেজ বন্ধ করে চেয়ারে বসে রইলাম। কেউ যদি সত্যিই কবরস্থানের ভেতরে ঢুকে থাকে, তাহলে সে ঢুকল কোথা দিয়ে?
আর যদি কেউ না ঢুকে থাকে…তাহলে সেই টাটকা ফুলগুলো সেখানে এল কীভাবে?
আজ প্রথমবার সত্যিই একটু অস্বস্তি লাগছে।
১৫ অক্টোবর, ২০২২
আজ মিস্টার মিলার আমাকে ডেকে পাঠিয়েছিলেন।
অফিসে ঢুকতেই তিনি টেবিলের ওপর রাখা লগবুকটা আমার দিকে এগিয়ে দিলেন।
“গত রাতের ঘটনাটা তুমি এখানে লিখে রেখেছ?”
আমি মাথা নাড়লাম। “হ্যাঁ।”
মিলার কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, “তুমি ঠিকই করেছ। রাতে ডিউটিতে কোনও অস্বাভাবিক কিছু দেখলে বা মনে হলে সেটা লিখে রাখবে।”
আমি বললাম, “আমি সিসিটিভি ফুটেজ দেখেছিলাম। বাইরে থেকে কেউ ঢোকার কোনও চিহ্ন পাইনি।”
“ভালো করেছ।”
একটু থেমে তিনি বললেন, “আর একটা কথা মনে রাখবে। কবরস্থানটা বড়, আর রাতের দিকে এখানে তুমি একাই থাকো। তাই টহল দেওয়ার সময় তাড়াহুড়ো করবে না। চারপাশটা ভালো করে দেখে নেবে। কোনও গেট খোলা থাকলে, কোনও সমাধির ক্ষতি হলে কিংবা অন্য কোনও ব্যাপার চোখে পড়লে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে।”
আমি বললাম, “ঠিক আছে।”
মিলার এবার একটু হেসে বললেন, “ভয় পাওয়ার মতো কিছু বলছি না। শুধু কাজটা একটু বেশি মন দিয়ে করবে। রাতের ডিউটিতে ছোটখাটো ব্যাপারও পরে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।”
কথাটা শুনে আমারও মনে হল, উনি ঠিকই বলেছেন।
রাত প্রায় দুটো নাগাদ উত্তর দিকের পুরোনো অংশে আগের মতোই টহল দিতে বেরিয়েছিলাম।
চারপাশ একেবারে নিস্তব্ধ।
হঠাৎ হাঁটতে হাঁটতে মনে হল, আমার পিছনে কেউ হাঁটছে।
খুব হালকা একটা শব্দ।
খস… খস… খস…
আমি হাঁটা থামিয়ে দিলাম। শব্দটাও থেমে গেল। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে পিছনে তাকালাম।
কেউ নেই।
ফাঁকা পথ। দুপাশে পুরোনো সমাধি আর বড় বড় গাছ।
নিজেকেই বোঝালাম, হয়তো শুকনো পাতার ওপর বাতাসের জন্য এমন শব্দ হচ্ছে। আবার হাঁটতে শুরু করলাম।
কয়েক পা যেতেই— খস… খস… খস…
আবার সেই শব্দ।
এবার একটু দ্রুত হাঁটলাম। পিছনের শব্দটাও যেন আমার সঙ্গে সঙ্গে দ্রুত হয়ে গেল।
আমি হঠাৎ ঘুরে দাঁড়ালাম। কেউ নেই।
কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর নিজের মনেই একটু হেসে ফেললাম।
হয়তো সত্যিই শুকনো পাতার শব্দ।
তবু আজ টহল দেওয়ার সময় একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে।
১৬ অক্টোবর, ২০২২
আজকের রাতের ঘটনাটা আগেরগুলোর চেয়ে অদ্ভুত। রাত প্রায় দেড়টা।
টহল দেওয়ার আগে অফিসঘরে বসে সিসিটিভি মনিটরগুলো দেখছিলাম। হঠাৎ উত্তর দিকের পুরোনো অংশের ক্যামেরায় চোখ পড়ল।
সেখানে কয়েক সেকেন্ডের জন্য একটা মানুষের মতো অবয়ব দেখা গেল।
মনে হল, কেউ সমাধিগুলোর মাঝখান দিয়ে হাঁটছে। আমি সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে পড়লাম।
একদিন আগের রাতের কথাটা মনে পড়ছিল। যদি সত্যিই কেউ কবরস্থানে ঢুকে থাকে, তাহলে তাকে ধরে ফেলা দরকার।
টর্চটা নিয়ে উত্তর দিকের দিকে ছুটলাম। কিন্তু সেখানে গিয়ে কাউকেই দেখতে পেলাম না। পুরো জায়গাটা ঘুরে দেখলাম। কেউ নেই। কোনও পায়ের শব্দও নেই।
ফিরে এসে সিসিটিভি ফুটেজটা আবার চালালাম।
আমি নিশ্চিত ছিলাম, কয়েক মিনিট আগে সেখানে একটা অবয়ব দেখেছিলাম।
কিন্তু ফুটেজটা পিছিয়ে নিয়ে যতবারই দেখলাম, সেই অংশে কিছুই নেই।
শুধু সমাধিগুলো দেখা যাচ্ছে।
আমি কয়েকবার ফুটেজটা সামনে-পিছনে করলাম। কিছুই নেই।
এমনকি মনে হল, হয়তো আমি ভুলই দেখেছিলাম।
কিন্তু মনিটরের সামনে বসে থাকতে থাকতে হঠাৎ একটা কথাই মাথায় এল— যদি ভুল না দেখে থাকি?
১৭ অক্টোবর, ২০২২
আজ ডিউটিতে আসার পর থেকেই গত রাতের ঘটনাটা মাথা থেকে কিছুতেই সরাতে পারছিলাম না।
সিসিটিভি তে যে অবয়বটা দেখেছিলাম, সেটা সত্যিই ছিল, নাকি চোখের ভুল—এখনও বুঝতে পারছি না। কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, উত্তর দিকের পুরোনো অংশে দাঁড়িয়ে থাকার সময় আমি একা ছিলাম না — এমন একটা অনুভূতি সারাদিন আমাকে তাড়া করে বেড়িয়েছে।
রাত একটা পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল।
তারপর অফিসঘরে বসে সিসিটিভি মনিটরগুলো দেখছিলাম। হঠাৎ উত্তর দিকের ক্যামেরার ছবিটা একবার ঝিলমিল করে উঠল। পরক্ষণেই আবার পরিষ্কার হয়ে গেল।
আর তখনই তাকে দেখলাম। গত রাতের সেই লোকটা। এবার সে আগের জায়গায় নেই। কবরগুলোর মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি মনিটরের দিকে ঝুঁকে গেলাম। লোকটা একেবারে স্থির। মাথাটা সামান্য নিচু করে রেখেছে। মুখ দেখা যাচ্ছে না।
কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে মাথা তুলল।
আমি জানি না কেন, কিন্তু সেই মুহূর্তে আমার বুকের মধ্যে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল।
মনে হল, লোকটা যেন সরাসরি সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে আছে।
আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম।
ঠিক তখনই স্ক্রিনটা হঠাৎ কালো হয়ে গেল। এক-দুই সেকেন্ড পর আবার ছবি ফিরে এল।
লোকটা নেই।
আমি আর বসে থাকতে পারলাম না। টর্চটা নিয়ে বাইরে বেরিয়ে গেলাম। উত্তর দিকের পুরোনো অংশে পৌঁছে টর্চের আলো এদিক-ওদিক ফেললাম।
কেউ নেই।
কিন্তু এবার একটা জিনিস দেখে আমার বুকের ভেতরটা শুকিয়ে গেল।
সেই পুরোনো সমাধিটার সামনে পাথরের ক্রসটা কাত হয়ে আছে। মাটির ওপর পড়ে রয়েছে একটা নতুন পায়ের ছাপ।
একটা মাত্র।
তারপর আর কোনও পায়ের ছাপ নেই। যেন কেউ মাত্র এক পা এগিয়ে এসে সেখানেই মিলিয়ে গেছে। আমি চারপাশে আলো ফেলতে ফেলতে পিছিয়ে আসছিলাম।
ঠিক তখনই পিছন থেকে খুব নিচু গলায় একটা ফিসফিস শব্দ শুনলাম।
“থমাস…”
আমি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালাম।
কেউ নেই।
কিন্তু এবার আর নিজেকে বোঝাতে পারলাম না যে বাতাসের শব্দ শুনেছি।
কারণ আমার একেবারে সামনে, কবরের পাথরের ওপর, তাজা লালচে কোনও পদার্থ দিয়ে একটা শব্দ লেখা রয়েছে।
THOMAS
আমি দৌড়ে অফিসঘরে ফিরে এলাম। দরজা বন্ধ করে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। তারপর সাহস করে সিসিটিভি ফুটেজটা আবার দেখতে শুরু করলাম। যে সময়টায় লোকটাকে দেখেছিলাম, সেই অংশটা চালালাম।
প্রথমে সব ঠিকই ছিল। তারপর স্ক্রিনে লোকটা দেখা দিল। আমি আরও কাছে ঝুঁকলাম। এবার একটা জিনিস লক্ষ করলাম, যেটা আগে চোখে পড়েনি।
লোকটা ক্যামেরার দিকে এমনভাবে তাকিয়ে আছে, যেন সে জানে… আমি কোথায় বসে আছি।
১৮ অক্টোবর, ২০২২
গত রাতের ঘটনাটা কাউকে বলিনি। মিস্টার মিলারকে বলব কি না, বেশ কয়েকবার ভেবেছিলাম। শেষ পর্যন্ত বলিনি। উনি হয়তো ভাববেন, রাতের অন্ধকারে ভয়ে আমি সব ভুলভাল দেখেছি।
অনেক অনিচ্ছা সত্ত্বেও রাত দুটো নাগাদ নিয়মমতো উত্তর দিকের পুরোনো অংশে টহল দিতে গেলাম।
আকাশটা আজ মেঘলা। চাঁদের আলো নেই বললেই চলে। টর্চের আলো ছাড়া সামনে কয়েক হাতের বেশি দেখা যাচ্ছিল না।
সেই পুরোনো সমাধিটার কাছাকাছি পৌঁছতেই আবার সেই শব্দটা শুনলাম।
ঘষ্… ঘষ্… ঘষ্…
আমি থেমে গেলাম। শব্দটা খুব ক্ষীণ, কিন্তু একেবারে স্পষ্ট। মনে হল, মাটির অনেক গভীরে কেউ যেন পাথরের গায়ে নখ ঘষছে।
কয়েক সেকেন্ড পর আবার—
ঘষ্… ঘষ্… ঘষ্…
আমি ধীরে ধীরে সমাধিটার সামনে এগিয়ে গেলাম। টর্চের আলো পাথরের ওপর ফেললাম।
কিছুই নেই।
শুধু পুরোনো, শ্যাওলা ধরা পাথর। আমি হাঁটু গেড়ে মাটির কাছে কান পাতলাম। প্রথমে কিছু শুনতে পেলাম না।
তারপর— ঠক।
আমি চমকে পিছিয়ে এলাম। কয়েক সেকেন্ড নীরবতা।
তারপর আবার— ঠক… ঠক… ঠক…
এবার আর কোনও সন্দেহ নেই। শব্দটা সমাধির নিচ থেকেই আসছে।
আমার হাত-পা ঠান্ডা হয়ে গেল। আমি উঠে দাঁড়িয়ে পিছিয়ে আসতে যাচ্ছিলাম, ঠিক তখনই খুব আস্তে একটা শব্দ শুনলাম।
কেউ যেন মাটির নিচ থেকে ফিসফিস করে বলল— “আমি থমাস…”
আমার বুকের ভেতরটা যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর আবার সেই গলা। এবার আরও একটু স্পষ্ট।
“আমি থমাস…”
গলাটা… আমার।
একেবারে আমার নিজের গলা। আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়াইনি।
দৌড়ে অফিসঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দিলাম। অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম।
নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, হয়তো বাতাস, হয়তো কোনও প্রাণী, হয়তো আমার নিজের কণ্ঠস্বরই কোনওভাবে প্রতিধ্বনিত হয়েছে।
কিন্তু একটা প্রশ্নের উত্তর কিছুতেই পাচ্ছি না।
যদি ওটা আমার নিজের গলা না হয়ে থাকে, তাহলে সমাধির নিচে কে আমার গলায় আমার নাম বলছিল?
১৯ অক্টোবর, ২০২২
গত রাতের ঘটনার পর সারা দিন আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল—আমি আসলে কী শুনেছিলাম?
কবরের নিচ থেকে নিজের গলায় “আমি থমাস…”—এই কথাটা এখনও মনে পড়লে শরীরটা শিউরে উঠছিল।
কিন্তু আমি এমন মানুষ নই, যে কোনও অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হলেই ভয়ে পালিয়ে যাবে। একবার স্কটল্যান্ডের পাহাড়ি এলাকায় আমাকে তিন দিন একা থাকতে হয়েছিল। মাঝরাতে তাঁবুর বাইরে অদ্ভুত শব্দ শুনেও আমি বেরিয়ে গিয়েছিলাম। আরেকবার একটা পুরোনো পরিত্যক্ত বাড়িতে রাত কাটাতে হয়েছিল, যেখানে কাঠের দরজা আর জানালাগুলো বাতাসে এমন শব্দ করত যে মনে হতো, কেউ বাইরে থেকে ধাক্কা দিচ্ছে।
তখনও আমি পালিয়ে আসিনি।
তাই একটা কবরের নিচ থেকে কোনও শব্দ শুনে নিজের কাজ ছেড়ে পালিয়ে যাব, এটা মেনে নিতে পারছিলাম না।
বরং মনে হচ্ছিল, আমাকে আবার সেখানে গিয়ে দেখতে হবে। কাল ঠিক কী ঘটেছিল, সেটা আর একবার ভালো করে না দেখা পর্যন্ত আমি শান্তি পাব না।
রাত একটা পঁয়তাল্লিশ নাগাদ টর্চ, রেডিও আর অতিরিক্ত ব্যাটারি নিয়ে উত্তর দিকের পুরোনো অংশের দিকে রওনা দিলাম।
আকাশ তখন পুরোপুরি মেঘে ঢাকা। বাতাসও আগের রাতগুলোর তুলনায় অনেক বেশি ঠান্ডা। গত রাতে যে সমাধিটার সামনে দাঁড়িয়ে সেই অদ্ভুত আওয়াজ শুনেছিলাম, সেটার কাছে গিয়ে টর্চের আলো ফেললাম।
সবকিছু স্বাভাবিক।
সমাধির চারপাশে শুকনো ঘাস। পাশে দুটো পুরোনো গাছ। পাথরের ফলকে খোদাই করা নাম আর তারিখ। আমি কাছে গিয়ে মাটিটা পরীক্ষা করলাম। কোনও গর্ত নেই, কোনও ফাটল নেই। এমনকি গত রাতের আঁচড়ের চিহ্নও নেই।
নিজের মনেই বললাম, “দেখেছ, থমাস? কাল রাতে কী হয়েছিল, সেটা হয়তো তোমার মনের ভুলই ছিল।”
কিন্তু কথাটা শেষ করার আগেই দূরে একটা শব্দ হল।
খস…
আমি টর্চটা ঘুরিয়ে ধরলাম।
কিছুই নেই।
শব্দটা যেদিক থেকে এসেছিল, সেদিকে হাঁটতে শুরু করলাম।
খস…
এবার শব্দটা একটু কাছে বলে মনে হল। আমি থেমে গেলাম। শব্দটাও থেমে গেল। কয়েক সেকেন্ড অপেক্ষা করে আবার হাঁটলাম।
খস…
খস…
এবার পরিষ্কার বুঝতে পারলাম, শব্দটা আমার সামনে থেকে আসছে না। আসছে আমার পিছন থেকে। আমি ধীরে ধীরে ঘুরলাম। টর্চের আলো একের পর এক কবরের ওপর দিয়ে ঘুরে গেল।
কেউ নেই।
আমি একটু হেসে ফেললাম। “ঠিক আছে, থমাস। আজ তোমার মাথাই তোমার সঙ্গে খেলছে।”
ঠিক তখনই টর্চের আলোটা দূরের একটা কবরের ওপর গিয়ে পড়ল।
আর সেখানে আমি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম।
একজন মানুষ।
লম্বা কালো কোট। মাথায় চওড়া কালো টুপি। সে আমার দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল না। পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে ছিল। আমি কয়েক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইলাম। তারপর জোরে বললাম, “হ্যালো!”
কোনও উত্তর নেই।
আমি আরও কাছে গেলাম। “আপনি এখানে কী করছেন?” লোকটা নড়ল না। আমি রেডিওটা হাতে নিলাম। তারপর আবার তার দিকে তাকালাম। এবার একটা জিনিস খেয়াল করলাম। তার কোটটা বাতাসে একটুও নড়ছে না। চারপাশে গাছের ডাল দুলছে। শুকনো পাতা উড়ছে। কিন্তু লোকটার কোট—একেবারে স্থির।
আমি আরও এক পা এগোলাম।
“শুনছেন?”
লোকটা ধীরে ধীরে মাথাটা ডানদিকে কাত করল।
তারপর বাঁদিকে।
এমনভাবে, যেন সে আমার কথা শুনছে না—আমার শব্দের উৎসটা বোঝার চেষ্টা করছে। আমার বুকের ভেতর অস্বস্তি শুরু হল। তবু আমি পিছিয়ে গেলাম না।
জীবনে বেশ কিছু অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হয়েছি। কিন্তু এই দৃশ্যটার মধ্যে এমন কিছু ছিল, যা আমার সমস্ত অভিজ্ঞতার বাইরে। আমি টর্চটা সরাসরি তার মুখের দিকে ধরলাম। লোকটা তখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। আমার হাত থেকে টর্চটা প্রায় পড়ে যাচ্ছিল।
ওটা কোন স্বাভাবিক মানুষের মুখ ছিল না।
মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। চোখ দুটো গভীর কালো। কিন্তু সবচেয়ে ভয়ংকর ব্যাপার—তার মুখে কোনও অভিব্যক্তি নেই।
সে আমার দিকে তাকিয়ে রইল।
তারপর ঠোঁট না নাড়িয়েই একটা শব্দ শুনলাম।
“থমাস…”
আমি জমে গেলাম। কারণ গলাটা আমার। একেবারে আমার নিজের গলা। আমি নিজের অজান্তেই এক পা পিছিয়ে গেলাম।
লোকটা ধীরে ধীরে টুপিটা খুলল। আর তারপর যা দেখলাম, তাতে আমার বুকের ভেতরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মাথার যেখানে চুল থাকার কথা, সেখানে আরেকটা মুখ। ওটা আমার মুখ। আমার নিজের চোখ। আমার নিজের নাক। আমার নিজের ঠোঁট। ওপরের মুখটার চোখ দুটো স্থির হয়ে আমার দিকে তাকিয়ে ছিল। তারপর সেটার ঠোঁট ধীরে ধীরে বাঁকতে শুরু করল এক অস্বাভাবিক হাসিতে।
আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ঘুরে দৌড় দিলাম।
পিছনে কোনও পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম না।
তবু আমি জানতাম—ওটা আমার পিছনেই আসছে।
আমি গেটের দিকে দৌড়চ্ছি। একের পর এক কবর পিছনে চলে যাচ্ছে।
হঠাৎ পিছন থেকে আমার নিজের গলা ভেসে এল—
“থমাস, দৌড়িও না।”
আমি আরও জোরে দৌড়ালাম।
সামনে লোহার গেটটা দেখতে পেলাম। চাবি বের করতে গিয়ে হাত কাঁপছিল। তালা খুলতে প্রথমবার ব্যর্থ হলাম। পিছনে তাকালাম না। দ্বিতীয়বার চাবিটা ঠিকমতো ঢুকে গেল।
ক্লিক।
তালা খুলে গেল। আমি গেট ঠেলে বাইরে বেরিয়ে এলাম। তারপর গেটটা বন্ধ করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম।
কবরস্থানের ভেতর একেবারে নীরব। আমি ধীরে ধীরে টর্চের আলো গেটের ওপারে ফেললাম।
কেউ নেই। কিছুই নেই। আমি তাকিয়ে রইলাম।
হঠাৎ খুব আস্তে একটা শব্দ ভেসে এল—
“আমি থমাস…”
আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়াইনি। আমার মনে হল, আমি যে জিনিসটাকে দেখতে গিয়েছিলাম, সেটা হয়তো আমাকে দেখার জন্যই অপেক্ষা করছিল। গেট পেরিয়ে বাইরে বেরিয়ে আসার পরেও সেই মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। সবচেয়ে ভয়ংকর ছিল এই উপলব্ধি—ওটা শুধু আমার চেহারা ধারণ করেনি, আমার গলায় কথা বলতেও জানে। এতক্ষণ নিজের সাহস নিয়ে যে অহংকার ছিল, তা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। এই কাজ আর এক রাতও চালিয়ে যাওয়ার কথা ভাবতে পারছিলাম না।
কাল সকালেই জানিয়ে দেব, আমি আর এই কাজ করব না।
এটাই ছিল থমাস হ্যারল্ডের ডায়েরির শেষ লেখা। তারপরের সব পাতা ফাঁকা।
পরে থমাসের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানতে পারি, পরের দিন, অর্থাৎ ২০ অক্টোবর, ২০২২-এর সকালেই এমন একটা ঘটনা ঘটেছিল, যার পর থেকে থমাস হ্যারল্ডের নাম স্থানীয় মানুষের কাছে এক রহস্য হয়ে যায়।
সেদিন সকালে থমাস নিজের গাড়ি নিয়ে ব্ল্যাকউড ক্যাটাকম্বস কবরস্থানের দিকে যাচ্ছিল।
কিন্তু সে আর সেখানে পৌঁছতে পারেনি।
সকাল সাড়ে সাতটা নাগাদ এক সাইকেল আরোহী রাস্তার পাশে একটি গাড়িকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। গাড়িটি রাস্তার ধারে একটি পুরোনো গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে ছিল।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে এটিকে সাধারণ সড়ক দুর্ঘটনা বলেই ধরে নিয়েছিল। কিন্তু গাড়ির কাছে গিয়ে তারা যে দৃশ্য দেখল, তাতে সেই ধারণা বেশিক্ষণ টিকল না।
থমাস গাড়ির ভেতরে ছিল না।
তার দেহ পড়েছিল গাড়ি থেকে প্রায় কুড়ি-পঁচিশ ফুট দূরে, রাস্তার পাশের ঘাসের মধ্যে।
সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল তার শরীরের অবস্থা। গাড়ির ক্ষয়ক্ষতির তুলনায় তার শরীরে আঘাতের চিহ্ন ছিল অস্বাভাবিকভাবে বেশি। জামাকাপড় কাদায় মাখামাখি, হাতের নখের নিচে মাটি, আর দুটো কবজিতে গভীর কালচে দাগ—যেন কেউ শক্ত করে তার হাত চেপে ধরেছিল।
কিন্তু গাড়ির ভেতরে কোনও রক্তের দাগ ছিল না।
পুলিশ রাস্তার আশপাশে তল্লাশি চালিয়ে তার পায়ের ছাপ খুঁজেছিল। কিন্তু যেখানে তার দেহ পাওয়া গিয়েছিল, সেখান থেকে রাস্তার দিকে কোনও মানুষের পায়ের ছাপ পাওয়া যায়নি।
শুধু ঘাসের ওপর ছিল কয়েকটি অদ্ভুত দাগ।
দুটো লম্বা, সমান্তরাল দাগ—যেন ভারী কিছু একটা ঘাসের ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে। তারপর দাগগুলো হঠাৎ গিয়ে শেষ হয়েছে।
কোথাও কোনও পায়ের ছাপ নেই। কোনও টায়ারের দাগও নেই।
তদন্তকারীরা থমাসের ফোন, গাড়ি এবং আশপাশের রাস্তার ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন। কিন্তু দুর্ঘটনার আগে থমাসের গাড়ির কাছে অন্য কোনও গাড়ি বা মানুষকে দেখা যায়নি।
থমাসের মৃত্যুর কারণ নিয়েও তদন্তকারীরা নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত পুলিশ ঘটনাটিকে অমীমাংসিত মৃত্যু হিসেবেই নথিভুক্ত করে।
কোনও খুনের প্রমাণ পাওয়া যায়নি। কোনও সন্দেহভাজনও পাওয়া যায়নি।
কিন্তু ঘটনাটা সেখানেই থেমে থাকেনি।
ব্ল্যাকউড ক্যাটাকম্বসের আশপাশের এলাকায় খুব দ্রুত খবর ছড়িয়ে পড়ল — রাতে কবরস্থানে ডিউটি করা আরও একজন মানুষ রহস্যজনকভাবে মারা গেছে।
কেউ বলল, থমাসের সঙ্গে কবরস্থানের পুরোনো অংশে কিছু একটা ঘটেছিল।
কেউ বলল, আগের গার্ডের মৃত্যুর সঙ্গেও এই ঘটনার সম্পর্ক রয়েছে।
পুলিশ এসব কথাকে গুজব বলেই উড়িয়ে দিয়েছিল।
কিন্তু গুজব থামেনি।
জানি না, তার লেখা প্রতিটি ঘটনা সত্যি ছিল কি না। জানি না, ব্ল্যাকউড ক্যাটাকম্বসের সেই রাতগুলোতে থমাস আসলে কী দেখেছিল।
কিন্তু ডায়রিটা পড়ার পড়ে বেশ কিছু দিন গভীর রাতে, যখন চারপাশ একেবারে নিস্তব্ধ থাকে, তখন মনে হয়েছে— কেউ যেন খুব আস্তে আমার নাম ধরে ডাকছে।
আমার নিজের গলায়।