
আমিতো কবিতা লিখি স্যার
জহির খান
আমার নাক বরাবর ভদ্রলোক
আবহমান বাংলার নৌকায় চড়েন
বাংলায় কথা বলেন, বাংলা গান করেন
উদার এক লাল-সবুজের নদী হয়ে উঠেন
ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন যে ভদ্রলোক
উনিইতো সবুজ সোনালি ধানের চাষ করেন
লাঙলের ফলায় খুবই মায়ার কায়ায় ফসল
ভালোলাগে – খুবই জরুরি ভালোবাসা বন্ধুগো
ডানপাশের ভদ্রলোক উনি অদৃশ্য এক শক্তি
দাড়িপাল্লা নিয়ে বণিক চেয়ারে বসে থাকেন
ভিনদেশী প্রোডাক্ট কেনাবেচা করেন – ঠকান
বামপাশের ভদ্রলোকও দেশেই থাকেন
দেশের কথা হয়, ভালোবাসেন লাল দল
রাজপথের মহান শ্রমজীবী মানুষের কথা
ভদ্রবাড়ির কেউ কেউ রাতের অন্ধকারে
হয়ে উঠেন চায়না-প্রোডাক্ট দালাল-চক্ষু
ঘেন্নাপিত্তি-প্রতিবাদ মহামান্য আদালত, অতঃপর
কারো গহিন বনে সুন্দরের ভাগ বসাতে চাইনি
আমি কবিতা লিখি, লিখতে হয় তাই –
বই চুরি করেছি, বউ চুরি করিনি, করবোও না
কবিতাই লিখতে এসেছি, ছলা-গল্প করতে নয়