
মিনতি
প্রভঞ্জন ঘোষ
সারাটা দিন কূটকচালির
কালির ভেতর দিয়ে
হাঁটাচ্ছো, তার ক্ষোভটুকু নেই
একটুও হৃদয়ে।
দিনের শেষে এই মিনতি
হে প্রভু শুনিও-
নিষ্কলঙ্ক তারার আলো
একটু দেখতে দিও।
যন্ত্রপাতির ভেতর দিয়ে
ঘোরাচ্ছ তা ঘোরাও
বিষণ্ণতার ক্ষোভটুকু নেই
একটুকু কণাও।
দিবসখানি বিফলতায়
হওয়ার আগে সাঙ্গ
দেখার সুযোগ দিও
একটি পবিত্র পতঙ্গ।
ক্ষোভ কিছু নেই ঝুটঝামেলার
কাদায় পিছলে যেতে
কিংবা কোন বাকবচসার
জঞ্জালে জড়াতে।
দিনের শেষে ছুঁতে দিও
হে প্রভু নির্মল
ঘাসের ডগার স্বচ্ছ-স্নিগ্ধ
একটু শিশির-জল।