
সন্তাপলিপি
সন্তোষ রায়
১.
যখন পাঠ করি, দেখি, কতবার যে মরেছো, কতবার এসেছো ফিরে ফিরে— এত ক্ষতের দাগ পান্ডুলিপি জুড়ে। পাশে রক্ত নেই, ছিটকে পড়া অঙ্গ নেই— ঘোরের কলম হাঁটে ভোরের দিকে —
২.
এ কেমন ঘোর কেবল শূন্য লেখে! আমার লেখায় সোজা রেললাইন নেই, গভীর বাঁক নেই ছন্দের। শব্দ আসে। কোথায় যাত্রী, পথিক কোথায়! কথারাই যায় দূর গন্তব্যে —
৩.
নিচে রেল, উপরে মেঘ — ছুটছে তোমার দিকে।
ভোল ভাঙাতেই এই ছুটে যাওয়া। হেমন্ত নিঃস্ব হলো তুমিও ভুলে গেলে সব। প্রান্তর জুড়ে আলভাসা জমিন আর রেলের আসা-যাওয়া—
৪.
বাগান ভরা লেখা— পাতার পর পাতা।
সুগন্ধে পড়ি, না কি সৌন্দর্যে গড়ি তোমার শোকসভা!
৫.
রেজার টানলে আকাশ পরিষ্কার।
সাদামেঘ চলে আসে ব্লেডের গোড়ায়।
আহা নীল!
নীল বুঝি পথ হয় গন্তব্যের!