
মিলমিশ
দেবাশিস মুখোপাধ্যায়
ফকির হয়ে আছে অমাবস্যার আকাশ
তার আলখাল্লায় আজ উন্মাদ হাসি
গানের ভিতর মৃত্যু ভুলে থাকি
রাত্রি নাচতে থাকে চারপাশে
এইভাবে মহামিলন লিখি
কত আম ছড়িয়ে শুধু আমি বাদে

দূরত্ব
দেবাশিস মুখোপাধ্যায়
বৃষ্টির পূর্বাভাস ছিল
হাঁটছিল শরীর ও চোখ
এমন সূর্যাস্তের মুখ
আমাদের দু’জন তবুও বেশ দূরে দূরে

সুরাস্তা
দেবাশিস মুখোপাধ্যায়
কোনো মূর্তি এখন স্পষ্ট নয়
এই রাস্তা সঠিক তাও জানি না
তবুও ভিতরে রবিগানের সুর

যাত্রা
দেবাশিস মুখোপাধ্যায়
পাতাগুলো বিবর্ণ হতে হতে মৃত্যুপথযাত্রী
নীরব অক্ষরগুলো চোখে চোখে বলে
আগুন পেরিয়ে ঠিক হেঁটে যাব

অঞ্জলি
দেবাশিস মুখোপাধ্যায়
দু’হাতে তুলেছি ফুল
কুয়াশা ডানায় তবু ছুঁয়ে আছে
তুমি শুধু পা বাড়িয়ে দাও