
ছায়া
তুষার আচার্য্য
দুপুরের রোদে
আমার ছায়া ছিল সবচেয়ে লম্বা..
ক্ষমতার পোস্টারের মতো
দেওয়াল জুড়ে আমার নাম।
সূর্য একটু হেলতেই
ছায়াটা গুটিয়ে গেল,
যেমন ভোট ফুরোলে
দরিদ্রের দরজার সামনে
নেতার গাড়ির ধুলোও থাকে না।
সন্ধে নামার আগে বুঝলাম..
ছায়া কখনও মানুষের নয়,
সে শুধু আলোর দালাল;
আলো যার,
অন্ধকারেও তারই পা অনুসরণ করে।