
চোখের ভেতর মানচিত্র
রওশন রুবী
আজ আমার চোখ দুটো ঠিকভাবে খুলছে না—
ভেতর থেকে কেউ যেন বলছে,
দেখা মানে সবকিছু বিশ্বাস করা না।
আমি আয়নার সামনে দাঁড়াই,
চোখের ভেতর দেখি—
একটা মানচিত্র ধীরে ধীরে সরে যাচ্ছে।
সীমানাগুলো নিজেদের নাম ভুলে গেছে,
দেশগুলো ভেসে যাচ্ছে, কিন্তু মানুষের চোখ-
অন্য কারও কাছে বন্ধক রাখা।
একটা শিশু আমার দিকে তাকিয়ে ছিল—
হঠাৎ তার চোখ থেকে বেরিয়ে এলো
একটা ছোট নদী, আমি হাত বাড়ালাম,
সময় ভিজে উঠল। আমি শিহরিত হই আর
চোখের পাতা নামাতে গিয়েও থেমে যাই,
জানি, বন্ধ করলেই দৃশ্য আরও স্পষ্ট হবে।
একটা চোখ হঠাৎ আমাকে জিজ্ঞেস করল,
“তুমি কি নিশ্চিত, তুমি নিজেকেই দেখছো?”
আমি বুঝলাম, চোখ থাকা মানেই দেখা না,
দেখা মানেই সব জানা নয়।

পথ
রওশন রুবী
যে পথে হাঁটছি, তার দিক নির্দিষ্ট না—
মাটি সরে গিয়ে পায়ের নিচে নতুন রেখা আঁকে।
শোনা গেল—এই পথ আগে ছিল না,
কারও সিদ্ধান্তের ভেতর জন্ম নিয়েছে।
থামতে চাইলাম—
দেখি, থামাও এক ধরনের এগিয়ে যাওয়া,
পথ পেছন থেকেও নিজেকে ঠেলে দেয়।
একটা জুতো পড়ে ছিল—
আগন্তুক ফেলে গেছে,
নাকি পথই খুলে নিয়েছে চলার প্রমাণ?