
মৃত্যু জরুরি কিছু না
শিশির আজম
বলশেভিকদের কথা ছাড়
আর এক ঘন্টা পর
জোনাকিদের বাৎসরিক উৎসব শেষ হলে
আমি মারা যাবো
তার আগে
জরুরি কিছু কথা বলে নিই
কিছু কাজ
জিজ্ঞেস করো দরজাগুলোকে
আর জীর্ণ ফ্যাকাসে জুতোগুলোকে
আর না পড়া বইগুলোকে
কালবোশেখির জামা পরে উড়তে উড়তে
কখন
ওরা গিয়ে পৌছবে সমুদ্রে
আকাশের হাসি হাসি মুখ
বাতাসের ভাইকিং সুর
মানে যে কথাটা বলতে চাই
তা হলো
মৃত্যু
এমন জরুরি কিছু না

পুংকেশর
শিশির আজম
শীতের এই কুঁড়েঘর মৌমাছির, এই অস্ফুট বীজতলা।
সুবাসিত তাজা সূর্য বোনের খোঁপায়
ঝলমলিয়ে উঠলো — গুলতি হাতে পাখির দিকে
নিরিখ — বালক তুমি বুঝি হারাবে নিজেকে
তন্তুউপত্যকায়!