
তেহরানে নৈশভোজ
শিশির আজম
একটা কবিতা আর একটা পেপার ন্যাপকিন
কোন্টা জরুরি
দুর্মূল্যের বাজার
আর নন্দনবোধের জায়গায় আমরা আন্তর্জাতিক
তো ক্যানভাস কেন অসম্পূর্ণ থাকে
আর টিউবের রং কেন গলায় ঢালেন
গোইয়া
ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন
আগামীকাল বিজয়ী মার্কিন সেনাদের আয়োজনে
উনি নৈশভোজ সারবেন
তেহরানে
তোমাকে মানতে হবে কবিতা এখন কেউ
লেখে না
কোন কলমই বেয়োনেট না
যে ওর উষ্ণ মুখে চুমু খাওয়া যাবে

এই মোদ্দা কথাটাই তৃপ্তি মিত্র বলেছেন
শিশির আজম
মানুষের জীবন কিন্তু একটা না
আর এটা যদি তুমি জানো
তাহলে তোমার জন্য ভাল
আমরা কি দেখিনি রক্তকরবী
নবান্ন
না চাইলে কে দেবে আমাদের রক্তের দাম
জীবনে নাটকীয়তা আছে
হ্যাঁ
নাটকীয়তা আছে বলেই
তা জীবন
এখন তোমার জন্য যা দরকার তা হলো
এই নাটকীয়তার ভিতর
তুমি কোথায়
নিজেকে তুমি পাচ্ছ কি না
এটা অনুভব করা
আর তোমার একান্ত অনুভব
অন্যদের
ছুঁয়ে যাচ্ছে কি না

খাঁটি বুর্জোয়া জৈবকণা
শিশির আজম
ধরো দরজাটা দেয়াল
(দরজা বিক্রেতা হিসেবে তোমার মাতামহের একদিন বেশ নাম ছিল)
দেয়ালটা
তোমার ত্বকের নীচে প্রবাহমান সূর্য
মানে আমি বলতে চাইছি কী
ঘরবাড়ি গাছপালা আগাপাছতলা বেশ্যার দালাল বুড়ো
এরা এ-বর্ষাটাও ঠিক টিকে যাবে
নৈতিক প্রাণী হিসেবে নারী আর মেয়েমানুষের ভিতর
হাবুডুবু না খেয়ে
রক্তস্বল্পতা সত্ত্বেও বরং আমরা হয়ে যাবো সমকামী
আর আমাদের বিখ্যাত সেতুর ওপর
আর আমাদের শিল্পকলা একাডেমির ম্যুরালে
ভার্জিন ন্যাশনালিটি
ধর্মপ্রচারক আর ধর্মপ্রতারক দুজনকেই বিশ্বাস করছি আমরা
পচা মাংস
আমি
আমার মাছিবন্ধুরা