গুলশন ঘোষের কবিতা

গুলশন ঘোষের কবিতা

জীর্ণ অন্ধকারের দিকে পা

গুলশন ঘোষ

রাষ্ট্র-যন্ত্রের নিদারুণ যন্ত্রণায় প্রক্ষোভে
আসে নির্বাচিত নতুন রাজকুর্শি
নতুন ভাব, আদর্শ, আলোকজ্জ্বল সুন্দর দিনের
একমুঠো ভিজে সুখ নিয়ে,
প্রত্যাশায় বাঁধে ঘর—

দিন দিন সময় যাপনের শেষে
মনে হয়— ভ্রান্ত এক মরীচিকা
বাহ্যিক মোড়কের চিৎকার-
অন্তঃসার শূন্য উন্মাদনার নাম উন্নয়ন-
হয়তো কখনো ছিঁটে-ফোঁটা
সুতো কাটা ঘুড়ি
তাকিয়ে দেখি – দুলে দুলে
একই ভাবে বারে বারে
মাতালের মতো ভেসে পড়ে-
ঘাসেদের বুকে।

এটাই হয় –এটাই হবে- ঢেউ আসে
ফিরে যায় অশান্ত নীল তিমির দেশে
ছিল- যা- যে বা যারা
তাই ভালো হয়ে রয়ে যাবে
প্রত্নফসিল টাঙানো ফ্রেমে;
উত্তর হতে দক্ষিণ মেরু সরে
জীর্ণ অন্ধকারের দিকে পা।