সনজিৎ বণিকের কবিতা

সনজিৎ বণিকের কবিতা

সীমানা

সনজিৎ বণিক

কথা বলারও সীমানা মেনে চলা জরুরি,
যাদের নিয়ে জগৎ সংসার ভালোমন্দের বেড়াজালে জড়িয়ে থাকে
সকলেরই নিজস্ব সীমানায় বিচরণ জরুরি।
বার বার নিজেকে চিনে নিলে ধাতস্থ হয়ে পড়ে সকলেই;
আর নিজস্ব চরকাতে ব্যস্ত রয়ে গেলে কোনো সমস্যাই আমাদের ক্লান্ত করে না, ভেসে যায় সময় সমুদ্র ও সুশাসন,
আহার বিহার ও জীবনযাপন।
ভালো কথা বলি, আসুন।
মানুষের মঙ্গলময় বিষয়ে ধ্যানজ্ঞান ঢেলে দিই একবার,
সান্নিধ্যের ছবি বেশ জরুরি,
ভালোবাসার নতুন মুখ সকলেই দেখতে ভালোবাসে।
ফুলের স্পর্শ নিয়ে এগিয়ে যাই, দেখবেন, কেমন আনন্দ বারবার মন ছুঁয়ে যায় আমাদের, দেখবেন।


জানালা

সনজিৎ বণিক

জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলে আকাশ,
এক বিস্তৃত জানালা, শেষহীন প্রান্তর-
লক্ষ কোটি দৃষ্টির পরিধি কোথায় হারায়
জানে না কেউ।
শুধু জানি আমি আর আমার মন;
তোমার মনও মন্দ কী !

খোলা আকাশ-ই এক একটি জানালা,
যেখানে দাঁড়িয়ে খুঁজে ফিরি আমাদের ঐ হারানো দিনের কথা ও নিরিবিলি সংসার,
যেখানে তুমি তোমার মন ও পৃথিবী পাশাপাশি আমার ছায়াপথ ধরে
তোমার পাশ ঘেঁষে হেঁটে যায় রোজ। এ দৃশ্যও বড়ো বেশি মায়াবী।