
পিতা মহাশয় (অনুগল্প)
আই. এস. কাঙজম
(মণিপুরি গল্প, মূল মণিপুরি থেকে অনুবাদ: সদানন্দ সিংহ)
শহরের এক ব্যস্ততম রাস্তা। বিভিন্ন মডেলের দামি গাড়ি হুট করে ছুটে যাচ্ছে। দুজন বয়স্ক লোক রাস্তার দু প্রান্তে দাঁড়িয়ে গাড়ির ছুটে যাওয়া আওয়াজকে ছাপিয়ে জোরে জোরে আলাপ করছে।
— দাদা, অনেকদিন আপনাকে দেখিনি। কেমন আছেন ? সব ঠিক আছে তো ?
— হ্যাঁ ভাই, ভালোই আছি। জীবনটাই তো বন্ধুর পথ, আপনি কেমন ?
— বয়েস হয়েছে, মৃত্যুর অপেক্ষায় কাটছে। তবে ইঞ্জিনিয়ার ছেলের বাপ হয়ে ভালোই আছি।
— শুধু আপনিই কি ? আমিও যে ডাক্তার সাহেবের বাবা এখন। আর মৃত্যুর চিন্তা কীসের ? আমাদের মতো বয়েসে পৌঁছে গেলে, খুশি মন নিয়ে সুখে থাকা উচিত।
তারপর বয়স্ক দুজন ফোঁকলা দাত বের করে একে অপরের থেকে কীভাবে শ্রেষ্ঠ তা দেখাতে জোরে জোরে আলাপ করতে থাকে।
এইসময় ডাক্তার ছেলের কার তাদের মাঝখান দিয়ে ছুটে চলে যায়। এর কিছুক্ষণ পরই, ইঞ্জিনিয়ার ছেলের কারও তাদের মাঝখান দিয়ে চলে যায়। ছেলেদের সঙ্গে পাশের সীটে তাদের নিজ নিজ স্ত্রী বসে।