মৃত্যু – স্বাতী ধর

মৃত্যু – স্বাতী ধর

মৃত্যু       (অনুগল্প)

স্বাতী ধর

জ্ঞান হারাবার আগে সুমন হঠাৎ চোখ ধাঁধানো এক উজ্জ্বল আলো দেখলো। সে আলো যেন সূর্য থেকে তীব্র গতিতে ঠিকরে তার ওপর এসে পড়েছে। তারপর তার সবকিছু যেন এক গভীর অন্ধকারে ডুবে গেল। এরপর তার আর কিছুই মনে নেই।
তারপর আবার একসময় সে অদ্ভুত ভাবে দেখল, তার মাথার ভেতরের পৃথিবীটা চুপসে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার চুপসে যাচ্ছে আবার ঠিক হচ্ছে। এইরকম তিন-চারবার হবার পর সে আস্তে আস্তে জ্ঞান ফিরে পেতেই টের পেল সে রাস্তায় পড়ে রয়েছে। প্রথমে সে বুঝতেই পারল না, কেন সে রাস্তায় পড়ে রয়েছে। তাকে ঘিরে অনেক লোক। কয়েকজন লোক তাকে উঠাবার চেষ্টা করছে আর বলছে, আপনি উঠে দাঁড়াতে পারবেন তো ?
সুমনের এবার সব মনে পড়ে গেল। সে তার বাইকে করে সন্তর্পণে চারিদিক দেখে কেউ নেই ভেবে ডানদিকে ঘুরিয়েছিল। তখনই হঠৎ জোরে ছুটে একটা বাইক কোত্থেকে এসে মখোমুখি তার বাইকটাকে ধাক্কা মেরেছিল। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে এক বিকট আওয়াজ হয়েছিল যা স্থানীয় লোক এবং পথচারীরা শুনতে পেয়েছিল। অবশ্য ওই বিকট আওয়াজ কানে ঢোকার আগেই সুমন জ্ঞান হারিয়ে ফেলেছিল।
— হ্যাঁ আমি উঠতে পারব। বলে সুমন একজনের সাহায্যে উঠে দাঁড়াল। অপর বাইক চালকও তখন উঠে দাঁড়িয়েছে। দুজনেই আহত। দুজনেরই প্যান্ট-সার্ট অনেক জায়গায় ছিঁড়ে গেছে, হাতে-পায়ে রক্ত ঝরছে।

সুমন শুধু ভাবছিল, তার জ্ঞান যদি না ফিরে আসত তাহলে তো তার মৃত্যু অবধারিত ছিল এবং সে টেরও পেত না নিজের মৃত্যু ব্যাপারটা কেমন। তবে সে ভালোভাবেই বুঝল, মানুষের মৃত্যু কোনো গিমিক নয়, মৃত্যু জীবনেরই ওপিঠ।