
দশপা
সমর চক্রবর্তী
আমি নিদ্রা কিনে আনি
পনেরো খোরাক
উচ্চ রক্তচাপে
গিন্নি নেয় তিন।
বাইক চালক ছেলে
নেয় দুই।
পাজল মেলাতে
বৌমা নেয় এক।
ঢুলুঢুলু চোখে
নাতি হাত-পা ছোঁড়ে
ছিঁড়ে ফেলে স্ট্রিপ
পরদিন ঘুম ভেঙে দেখি
দুপুর বারোটা।

হাঁড়িয়ার নেশা
সমর চক্রবর্তী
মেয়ের চোখের দিকে
চোখ রেখে
দাঁড়িয়ে থাকে মা।
ছোট্ট বাকেটটা
ইষ্ট ঘরে রেখে
তালা দেয় মেয়ে।
মায়ের মুখে কষ্ট !
মেয়ের মুখে হাসি !
খোঁপায় ফুল গুঁজে
মা এক নাম্বারে পাতি তোলে।
দুই নাম্বার ডিঙিয়ে
কলেজে যায় মেয়ে …