
নিপুণ আলেখ্য
মিলি দাস
দুপুরে হাওয়ার অবয়বের ভেতর
চুপ আকাশ দিগন্ত রেখা এঁকে দিয়ে যায়, তৃষিত আত্মা রাধা রাধা নাম জপে নিপুণ আলোয় লিখে রাখে প্রেম,
খোঁপায় গোঁজা থাকে সূর্যের রং
ছায়া নদীর বুকের উপর ঘুমিয়ে থাকে কাঙ্ক্ষিত সুখ,
আঙুলের রেখায় সন্ধ্যা নেমে এলে
সাগর শরীরে বেজে ওঠে সুর,
দীর্ঘশ্বাসে প্রতিটি অলংকারের পৃষ্ঠায়
খুঁজে বেড়াই অগ্রন্থিত কবিতাদের,
গভীর রাতে বৃষ্টি নেমে এলে
কিছু কান্না লুকোনো থাকে আটপৌরে আঁচলের নিচে।