
কারুর পৌষমাস কারুর সর্বনাশ (অনুগল্প)
সদানন্দ সিংহ
সকাল দশটা বেজে যাচ্ছে। এদিকে ইন্দুমা্সির এখনও দেখা নেই। গতরাতের এঁটো থালা-বাসন সব পড়ে আছে এখনও। শিউলি জানে, ইন্দুমাসি দেরি করে এসে অনেক গল্প শোনাবে — ওখানে অমুক হয়েছে… তমুক হয়েছে… তাই দেরি হল। শিউলি অবশ্য জানে ইন্দুমাসির গল্পগুলো বানানো নয়, চাক্ষুষ ঘটনার বর্ণনা। আর এসব শুনতে শিউলির ঠিক খারাপ লাগে না।
আরো আধা ঘন্টা পর ইন্দুমাসি এল ঝড়ের গতিতে। এসেই টপাটপ বাসন মাজা শুরু করে দিল। বাসন মাজার পর আবার ঘর ঝাড়, ধোয়া-মোছা – সব করতে হবে। বাসন মাজতে মাজতে ইন্দুমাসি বলে চলছে, আজ একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তিনজন ছাত্রী মারা গেল।
ইন্দুমাসির মুখ থেকে যা জানা গেল তা এই — একটা জীপগাড়ি বাংলাদেশ থেকে পাচার করা চোরাই কাপড়-চোপড়, শুকনো মাছ নিয়ে তীব্র গতিতে যাওয়ার সময় হিন্দি স্কুলের সামনে স্কুল ছুটির পর বেরিয়ে আসা দুজন দশ-এগারো বছরের ছাত্রীকে চাপা দিয়ে মেরে ফেলেছে। তারপর জীপ গাড়ি ফেলে সেই গাড়ির চালক এবং চোরাই কারবারিরা পালিয়ে গেছে। স্থানীয় লোকেরা গাড়িটিতে আগুন দিয়েছিল। সে সময় কোত্থেকে অনেক লোক এসে গাড়ির মালগুলো লুট করে চলে গেছে।
ঘটনা শুনে শিউলির বেশ দুঃখ হল – বাচ্চা দুজনের জন্য। আবার আশ্চর্যও হল – কীভাবে কিছু স্বার্থবাদী ও লোভী লোক গাড়ির মালগুলো লুট করে নিল !
তার দুদিন পর ইন্দুমাসি জানাল, রাস্তার পাশে পড়ে থাকা সেই জীপগাড়ির চার চাকা হাওয়া হয়ে গেছে। আরো কিছুদিন পর এসে জানাল, সেই গাড়ির ইঞ্জিন হাওয়া হয়ে গেছে, এখন নাকি শুধু গাড়িটার পোড়া কংকালটাই পড়ে আছে রাস্তার পাশে।
এরপর কয়েক মাস কেটে গেছে। সেই গাড়িটার সম্বন্ধে আর আপডেট নেই।
একসময় মহালয়া এসে গেল। আবার চলেও গেল। দুর্গাপুজো আসতে কয়েকদিন বাকি। এরমধ্যে একদিন সকালে এসে ইন্দুমাসি হেসে হেসে গড়িয়ে পড়তে থাকল। ব্যাপার দেখে শিউলিও একটু অবাক, কী ব্যাপার মাসি, আজ যে খুব খুশি দেখছি।
— হব না ? আজ আমি একদল হনুমানকে দেখলাম গন্ধমাদন পর্বত তুলে নিয়ে পালাচ্ছে।
— তাই বুঝি ?
— হ্যাঁ দিদি। আজ খুব ভোরে দেখলাম, কিছু লোক সেই জীপগাড়ির কংকালটাকে উঠিয়ে একটা ঠ্যালাগাড়িতে তুলে চলে গেছে। বোধহয় পুরনো লোহালক্কড়ের দোকানে বিক্রি করবে।