
চিংড়িমামার হাল (ছোটোদের গল্প)
সদানন্দ সিংহ
আমাদের বারান্দায় দাদুর আমলের একটা কাঠের টেবিল এবং দুটো কাঠের চেয়ার আছে। এই জায়গাটাই আমাদের গোয়েন্দা অফিস। মানে হাবু গোয়েন্দা এবং সহকারী গোবর্ধনের দপ্তর। সময় পেলেই আমি স্কুলে যাওয়ার আগে বা পরে নিয়ম করে কিছুক্ষণ বসি। তারপর খেলাধুলো করতে বা বন্ধুদের কাছে চলে যাই। গোবর্ধনদাও আসেন। বসেন। আমি না থাকলেও গোবর্ধনদা এসে কিছুক্ষণ বসেন নিয়ম করে।
তবে আমাদের কাছে কোনো কেস-টেস আসে না। গোবর্ধনদা বলেন, আসবে আসবে। দরকার পড়লেই আসবে। তাই আমরা অপেক্ষায় থাকি।
একদিন বিকেলে স্কুল ছুটির পর যখন আমাদের অফিসের চেয়ারে বসে ছিলাম তখন চিংড়িমামা এসেই বলতে থাকল, তোরা কী শুরু করেছিস ? নিজেদের কি খুব চালাক ভাবছিস ? ধরাকে সরা জ্ঞান করছিস ? লোকজনকে ঠকানোর চেষ্টা করছিস ?
এসব শুনে মাথাটা একটু গরম হয়ে গেল। কিন্তু গোয়েন্দাদের তো মাথা গরম করলে হবে না। তাই শান্তভাবে বললাম, মোটেই না। আমরা শুধু লোকজনের সেবা করার চেষ্টা করছি।
— সেবা করার চেষ্টা করছিস ? তাহলে দে, আমার একটা চাকরি জোগাড় করে দে। দেখি কত মুরোদ।
— কিন্তু চাকরি জোগাড় করে দেওয়া কি গোয়েন্দাদের কাজ হল ?
— জানি, পারবে না কিছু। মুখেই যতো ফটাং ফটাং, ধান্দাবাজি।
এসব শুনে আ্মার মাথাটা আবার গরম হয়ে গেল। বিশেষ করে ধান্দাবাজি কথাটা শুনে। নিজেকে শান্ত করে মনে মনে নিজেকেই বললাম, ধীরে বাবা, ধীরে। গোয়েন্দাদের মাথা ঠান্ডা করেই কাজ করতে হয়।
বললাম, এসব চাকরি জোগাড় করা তো তোমার কাছে কোনো ব্যাপারই না। কারণ তুমিই বলেছ – তোমার তো ডি.এম., এস.ডি.ও., থানা-পুলিশ, মুখ্যমন্ত্রী সবার সঙ্গেই জানাশোনা, তাঁদের সবার সঙ্গে প্রায় সময়েই তোমার কথাবার্তা হয়। তুমি যখনই চাইবে তখনই তো তুমি চাকরি পেয়ে যাবে। তুমি কেন আমার সঙ্গে মস্করা করছ ?
আমার কথায় চিংড়িমামা যেন একটু খুশি হল। বলল, আসলে আমি তোদের ক্ষমতা পরীক্ষা করছিলাম – কত ধানে কত জল। বুঝতেই পারছিস, আমার কাছে তোরা কিস্যু না।
কথাগুলি শুনে মনে মনে বললাম, দাঁড়াও, এবার তোমাকে টাইট করা যায় কিনা দেখছি।
মুখে বললাম, তোমার সঙ্গে সবার জানাশোনা যখন, তুমি আমাদের গোয়েন্দা দপ্তরের প্রধান হয়ে যাও না।
তাচ্ছিল্যের সাথে চিংড়িমামা জবাব দিল, ওসব ছোটোখাটো ব্যাপারে আমার সময় নেই।
— ভেবে দেখো। প্রধান মানে প্রেসিডেন্ট হলে আমরা তোমার অধীনেই কাজ করব। তুমি যা বলবে তাই আমরা করব।
এবার চিংড়িমামা একটু নড়েচড়ে বসল। বলল, তা-ই ? ঠিক আছে, তুই যখন এ্যাতো করে বলছিস। তা আমাকে কী করতে হবে ?
— কিছুই না। কোনো কেস এলে তুমি শুধু আদেশ দেবে কেসটা আমরা নেব কি নেব না। ব্যস ওইটুকুই।
— ঠিক আছে তাহলে। এখন যাই।
চিংড়িমামা চলে গেলেন।
সপ্তাহ খানেক পর চিংড়িমামার সঙ্গে রাস্তায় আমার দেখা হল। চিংড়িমামা জিজ্ঞেস করল, সত্যান্বেষী বাবাগণ, নতুন কোনো কেস এসেছে কি ?
— আসেনি। তবে — ।
— তবে কী ?
আমি এক বানানো কথা ঝেড়ে দিলাম, ও কিছু না। আমি শুধু তোমার নাম করে ডি.এম. এর কাছে এক চিঠি লিখে নিমন্ত্রণ করেছি, আমাদের গোয়েন্দা অফিস ভিজিট করার জন্য।
চিংড়িমামা আঁতকে উঠল, অ্যা- বলিস কী! আমি তোদের মতো হারামজাদাদের সঙ্গে নেই। খবরদার, আমার নাম করে কোনো কিছু করবি না কোনোদিন। যত্তোসব বাতাপুরার দল।
চিংড়িমামা হনহন করে হেঁটে যেন পালিয়ে যেতে থাকল। দেখে আমার একটা গানের কথা মনে পড়ল — কোথায় যেন শুনেছিলাম একবার — “বাবু হাঁটে টনটন করে …”