প্রসেনজিৎ রায়ের কবিতা

প্রসেনজিৎ রায়ের কবিতা

আমার একটা নীল সাগর চাই

প্রসেনজিৎ রায়

মন ভালো করার জন্য
আমার একটা নীল সাগর চাই।
যেখানে নীলের সঙ্গে মিশে যাবে
আমার সমস্ত না-বলা দুঃখ।
যেখানে ঢেউ উঠলেই মনে হবে-
আমার বুকের ভেতর তুমি এখনও বেঁচে আছো।

সাগরের নীল আর আমার আনন্দ,
হোক একে অপরের সমার্থক—
উপরে আকাশ যতটা নীল,
সাগরের উদাসীনতাও তত গভীর;
যেন বিষণ্ণতার সমস্ত কালো মেঘ
একদিন ঢেউ হয়ে
তীরে এসে ঝরে পড়ে।

যখন নিজেকে খুব একা লাগে,
আমি সমুদ্রের কথা ভাবি।
তারও তো চরম একাকীত্বের হাহাকার ,
তবু সকলকে বুকের কাছে টেনে নিতে চায় !
কত পা তার বালিতে এসে থামে,
কত চোখ তার জলে…
নিজের কান্না লুকিয়ে রাখে।

অথচ কেউ সমুদ্রকে প্রশ্ন করে না—
কে তোমাকে কষ্ট দিয়েছে?
কে তোমাকে প্রতারণা করেছে?
তবু সে তার ঢেউ বাড়িয়ে দেয়,
আর বলে— এসো, একটু ভেসে থাকো…
সবকিছু ভুলে থাকো।

তার বুকেও তো জমে আছে-
হাজার বছরের কষ্ট,
হাজার মানুষের ফেলে যাওয়া স্মৃতি,
অসংখ্য প্রতারণার নোনা দাগ।
তবু সে নির্বাক।
ভিনদেশী পর্যটকও ঠকে যায় বারবার-
তার গভীরতার হিসাব পায় না।

মানুষ তাকে শুধু
জলের বিশাল রাশি ভাবে—
নীল, সুন্দর, অসীম।
কেউ কি কখনও দেখে-
তার চোখের নিচে…
কতটা অন্ধকার ঘুমিয়ে আছে?
কেউ কি বোঝে,
যে সমুদ্র প্রতিদিন
হাজার ঢেউয়ে অট্টহাসি হাসে,
তারও কত কান্না
ফিরে আসে তার নিজের কাছেই?

তবু সমুদ্র থামে না।
ভেঙে যায়—
আবার ফিরে আসে।
হারায়—
আবার ঢেউ হয়ে জন্ম নেয়।

তাই আমি যখন খুব একা হবো,
আমি নীল সাগরের কাছে যাব।
তার নীলের মধ্যে…
আমার সমস্ত দুঃখ ডুবিয়ে দিয়ে,
তুলে আনবো একমুঠো অনাবিল আনন্দ।