নিজ আকাশের ওপারে (১ম পর্ব) – বিজয়া দেব

নিজ আকাশের ওপারে (১ম পর্ব) – বিজয়া দেব

নিজ আকাশের ওপারে     (ধারাবাহিক উপন্যাস)

বিজয়া দেব

এক

শিশুটি লাফাচ্ছে। পা দুটো অজানা কিছু একটা তালে অবিরাম নাচছে। রোদ ঝলমলে দিন, শিশুটি হঠাৎ বলে উঠল “বৃষ্টি”।এই বড়ো প্রযুক্তির শহরে সরকারি এই বড়ো হাসপাতালের লম্বা করিডরে শিশুটির এই নৃত্যরত পায়ের শব্দের আওয়াজ কাচের দেয়ালে ধাক্কা খেয়ে খেয়ে এদিকওদিক শুধু নয়, যেন দিগবিদিক ছাড়িয়ে ঐ ছায়াময় বড়ো বড়ো গাছের পাতায় পাতায়, কাণ্ডে, শিকড়ে, তারও ওপারে পাখিদের কিচিরমিচিরের ভেতর, তারও ওপারে দূরদিগন্তের দিকে ছড়িয়ে পড়ছে, মনে হয় তিতাসের। সে চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে থাকে, তার পাশে মুখে গুচ্ছ গুচ্ছ দাড়ি সম্বলিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মনোচিকিৎসক ডাক্তার পলও বুকে ফাইল চেপে ধরে রাখা মনস্তত্ত্ব নিয়ে গবেষণারত এক উজ্জ্বল চেহারার সপ্রতিভ তরুণী, বেদিকা। শিশুটির মা তিতাস ছাড়া বাকি দুজনের চোখ কৌতূহলী, বিশ্লেষণাত্মক। শিশুটির থামার কোনও লক্ষণ নেই। ডাক্তার তিতাসকে ইংরেজিতে জিজ্ঞেস করল — আপনার নির্দেশ শোনে? মানে এখন যদি আপনি বলেন, ‘আর না, এবার থামো’, সে কি শুনবে?
— বলে দেখতে পারি।
— বাড়িতে শোনে কখনওসখনও?
— না ডক্টর।
— বেশ, একবার বলে দেখুন এখন।

তিতাস বলে — তোতো, থামো!

উঁহু, শিশুটি থামলো না। সে একইভাবে পা দিয়ে তালে তালে লাফাচ্ছে। সে অদ্ভুত এক তাল, হাত দিয়ে হাততালি দেওয়ার মতো ব্যাপার, যদিও সে সেটা করে যাচ্ছে পা দিয়ে। যে তাল কানে শোনা পরিচিত কোনও তাল নয়, একেবারেই ভিন্ন।

শিশুটি তোতো, তিতাসের শিশুপুত্র, মাত্র তিন বছরেরটি হলো। তিতাস ডাক্তারকে বলে — এরকম করতেই থাকে। যদি থামানো না যায় সে থামবেই না।
ডাক্তার জিজ্ঞেস করে — দিনে কতবার?
— সে অনেকবার।
— থামাতে হলে?
— কোলে তুলে নিতে হয়।
–- তখন কাঁদে কি?
— না।
–- এখন কোলে তুলে নিন।

তিতাস এগিয়ে তোতোকে কোলে তুলে নেয়, তোতো চোখের তারা তির্যক রেখে ভ্রুকুটি করে কী ভাবছে! যে ভারি গভীর কিছু নিয়ে চিন্তামগ্ন। ডাক্তার এগিয়ে এসে তোতোর দিকে তাকিয়ে বলে — হ্যালো সুইট ফেলো, লুক এ্যাট মি। হ্যালো! তোতো হঠাৎ করে বলে — “বৃষ্টি”।
ডাক্তার হাসিমুখে বলে – রেইন? বাট টুডে ইজ সানি।

হ্যাঁ, চারদিক রোদে ভেসে যাচ্ছে। ডাক্তার পল নিজের দাড়িতে হাত বুলোচ্ছে। তিতাস লক্ষ করেছে এই ডাক্তার যখন গভীরভাবে ভাবে তখন দাড়িতে হাত বুলোয়। ডাক্তার দু’আঙুলে চুটকি দিয়ে দিয়ে ‘হ্যালো’ :হ্যালো’ করে, বলে – হ্যালো গাই, লুক এট মি, লুক এট মাই আইজ, হ্যালো তো-তো।- ডাক্তার এইরকমই তো-র পরে একটা স্পেস রেখে ‘তো-তো’’ করেই তোতোকে ডাকে। বেদিকা, বর্তমানে ডক্টর পলের কাছে গবেষণারত বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে। এখন ডাক্তার পলের মেডিকেল টিমে সাথে সাথেই থাকে।

— বেদিকা, স্টার্ট ইওর সিটিং। তারপর তিতাসের দিকে তাকিয়ে হেসে ডাক্তার বলে — ওকে মিসেস সেন! মিট য়ু লেইটার।

তিতাস ও তোতোকে নিয়ে একটি প্রশস্ত ঘরে ঢুকলো বেদিকা। আজ প্রথম দিন কাউন্সেলিংয়ের। ডাক্তার পল বলেছে প্রায় একমাস তাদের কাউন্সেলিং নিতে হবে। মাঝেমধ্যে তোতাকে নিয়ে বসতে হবে, বাকি দিনগুলোতে তিতাসকেই নিতে হবে কাউন্সেলিং। শহর বেঙালুরুর একটি বড়ো সরকারি হাসপাতাল এটি। মানসিক রোগ ও নার্ভসংক্রান্ত রোগের চিকিৎসা হয় এখানে। বেদিকা হেসে তোতোকে জিজ্ঞেস করলো – তোমার নাম কি?
তোতো রিপিট করে –- নাম কি? তারপর হঠাৎ করেই অদ্ভুত ভাষায় কথা বলতে শুরু করে। বেদিকা খুব মন লাগিয়ে শুনছে, একেবারেই দুর্বোধ্য কিছু উচ্চারণ। একদম শেষে এসে বললো, ‘নমস্কার’।

— এই নমস্কারটা? -জিজ্ঞেস করলো বেদিকা।
— যা কিছু বলল সব টিভির নিউজ। শেষের ‘নমস্কার’টা শুধু বলতে পারে।

বেদিকা এবার ফাইল খুলতে খুলতে বললো –- খুব টিভি দেখে?
— হ্যাঁ টিভি চালিয়ে রাখলে খুব মন দিয়ে দেখে।
— আমি জানতে পেরেছি তোতো শুধু দশ-পনেরোটি শব্দ বলে। যেগুলো বলে খুব স্পষ্ট করে বলে। সারাদিন কথা বলে, কিন্তু সেগুলো খুব স্পষ্ট নয়, রাইট? – বলতে বলতে বেদিকা তার নোটস নিতে থাকে।
বেশ খানিকটা সময় চুপচাপ।

— তোতো, ড্র আ সিম্পল স্ট্রেইট লাইন। বেদিকা তোতোর দিকে একটা রঙ পেন্সিল এগিয়ে দিল।

তোতো কি ইংরেজি জানে? ও তো বুঝতেই পারবে না, তোতো কি পেন্সিল ধরবে? ও তো শূন্যে তাকিয়ে সারাক্ষণ ভাবে, বেদিকা ইঙ্গিতে তিতাসকে স্থির থাকতে বলে।
— টেক ইট।
তোতো পেন্সিলের দিকে তাকিয়ে রিপিট করে — টেক ইট।

বেদিকা পেন্সিলটা হাত থেকে রেখে নোটস নিল চটজলদি। তারপর আবার পেন্সিল এগিয়ে দিয়ে বলে –- ক্যাচ ইট।

তোতো হাত বাড়িয়ে পেন্সিল ধরলো। বেদিকা সাদা খাতায় একটা রেখা টেনে আঙুল দিয়ে ইশারায় বুঝিয়ে তোতোকে বলে –- ড্র আ স্ট্রেট লাইন।

তোতো সাদা কাগজের ওপর পেন্সিলের একটানে একটা গাড়ি এঁকে ফেলল। বেদিকা হাসে। তারপর খাতাটি নিজের চোখের সামনে ধরে খুঁটিনাটি দেখতে থাকে। তারপর আবার খাতাটি তোতোর সামনে রেখে ওপরের লাইনটি দেখিয়ে বলে –- ড্র আ স্ট্রেট লাইন লাইক দিস।
তোতো আবার পেন্সিলের একটানে নিমেষের মধ্যেই গাড়ি এঁকে ফেললো।

— ড্র স্লোলি। বলে বেদিকা আবার খাতা পেন্সিল এগিয়ে দিল। তোতো আবার একটানে আঁকলো। গাড়ির প্রথমের চাকা থেকে টেনে পেছন তারপর গাড়ির ছাদের ডাইমেনশন তারপর গাড়ির সামনের দিক, গাড়ির লাইট, জানালার সারি, একটা বাস। এটাই তোতো আঁকতে পছন্দ করে। পাখি আঁকে, কিন্তু পছন্দটা বাস আঁকায়। পাখি আঁকতে বললো বেদিকা, কিন্তু আর পেন্সিল হাতে তুলল না তোতো। চোখ আড় করে ভাবতে শুরু করলো।

— আজকের জন্যে এতটুকু, আপনাকে আসতে হবে পাঁচ মার্চ, মানে পরশুদিন। এবার একা আসবেন। বসবো শুধু আপনাকে নিয়ে।

দক্ষিণ ভারতের এই শহর প্রযুক্তিগত উন্নতিতে সারা দেশকে ছাপিয়ে গেছে। চিকিৎসা ব্যবস্থাও উন্নত। তিতাসদের শহর ছোট হলেও অভিজ্ঞ ডাক্তাররা রয়েছেন। মাস দুয়েক আগের কথা, তোতোকে রুটিন চেক আপ করাবার জন্যে সে ডা. পবন ভট্টাচার্যের চেম্বারে এসেছে। হঠাৎ করেই একা একা তোতো সেই দুর্বোধ্য ভাষায় কথা বলতে শুরু করলো। একেবারেই ছোট, ছোট বাচ্ছারা এমনি কতো কিছুই করে, তাই আরও যাঁরা পেশেন্ট নিয়ে এসেছে তাঁরা তেমন গা করলো না। ডাক্তার দেখানোর সময় এলে ডাক্তার তোতোকে তুলতে বললেন ডাক্তারি পরীক্ষার টেবিলে। পরীক্ষার সময় একদিকে তিতাস আরেকদিকে অমেয় তোতোর দু’হাত দু’দিক থেকে ধরে রইলো। ডাক্তার বললেন –- হাত ধরে আছেন কেন ওর? ছেড়ে দিন। তোতো কিছু করলো না, পরীক্ষা শেষ করে ডাক্তার বললেন — বাইরে একটা বাচ্ছা দুর্বোধ্য ভাষায় কিছু একটা বলছিল, সে কোন বাচ্ছা, আমি সব পেরেন্টকেই প্রশ্নটা করছি, কারণ আমায় জানতে হবে, বাচ্ছাটি কার, পেরেন্টর সাথে কথা বলতে হবে।
তিতাস ভেতর থেকে চমকে উঠলো। একটা আশঙ্কা সে তোতোকে ছোটবেলা থেকেই করছে। তোতোর চোখে চোখে না তাকানো, শূন্য দেয়ালের দিকে চোখ রেখে ভাবা, চোখকে একেবারে তির্যক করে ভাবনায় ডুবে যাওয়া, খেলনা দিয়ে খেলার অনাগ্রহ, বসার কায়দা সবকিছুই যেন অন্য শিশুর থেকে আলাদা। অমেয় বলে –- আমার এই ছেলেই কথা বলছিল।
ডাক্তার অমেয়র চোখের দিকে কয়েক মুহূর্ত নিষ্পলক তাকিয়ে রইলেন। এই কয়েক মুহূর্ত তিতাসের কাছে মনে হলো যেন সে অনন্ত সমুদ্র পাড়ি দিচ্ছে। ডাক্তার ভূমিকা বর্জন করে বলে উঠলেন –- আপনার ছেলের ডেভেলপমেন্টাল ডিসর্ডার রয়েছে। মানসিকভাবে বাধাগ্রস্ত। দেরি না করে ওকে নিয়ে বাইরে যান। আপাতত দেশের ভেতর যত নিউরো সায়েন্স ও সাইক্রিয়াট্রির হাসপাতাল রয়েছে তার মধ্যে সবচাইতে ভালো হাসপাতালের নাম দিচ্ছি।

এ নিয়েই তো ভেতর ভেতর অস্থির তিতাস। তোতোকে তারও তো বাকি দশটি শিশুর মতো লাগছে না। এই তো সেদিনের কথা, সে যখন তোতোকে ভ্যাক্সিন দিতে নিয়ে গেছে, এক শিশু বিশেষজ্ঞ নিজেই তোতোকে ভ্যাক্সিন দিতে এসেছেন, ডাক্তারের সাথে তাদের ব্যক্তিগত পরিচয় রয়েছে। ডাক্তার তোতোর হাতে সিরিঞ্জ পুশ করলেন, পুশ করা শেষ হওয়া মাত্রই তোতো একটানে সিরিঞ্জটা বের করে এনে ডাক্তারের হাতে ধরিয়ে দিল। একটুও কাঁদলো না পর্যন্ত। ডাক্তার চমকে গিয়ে বললেন –- আরে ব্বাস, এ তো দেখছি জবরদস্ত, এমনটা তো কখনও দেখিনি। এ তো একেবারে দুর্দান্ত। তারপর তোতোর দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। বলেছিলেন, ‘এ ছেলে আপনার খুব মেধাবী হবে। সবসময় সবার থেকে এগিয়ে থাকবে।’ বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকিয়েছিল তিতাস। কী গভীর সুনীল আকাশ। কী চমৎকার এই পৃথিবী। এক অনন্ত ভাললাগার অনুভূতি। এখন এই ডাক্তারের কথায় সে চমকে উঠল, মনে হলো পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আপনাদের এই সন্তানের আর্লি ইন্টারভেনশন জরুরি। যতো তাড়াতাড়ি সমস্যা ডিটেক্ট হবে ততো তাড়াতাড়ি আপনারা তার জন্যে কী কী করা দরকার জানতে পারবেন।

অমেয়কে বড্ড বিড়ম্বিত দেখায়। কী সুন্দর দেখতে এই তোতো। গায়ের রঙ ফুটফুটে, চেহারা কী মিষ্টি! কিন্তু অমেয় বিশ্বাস করে ছেলের ইন্টেলিজেন্স কোসেণ্ট আদতে বেশি। সে জানে আইনস্টাইনের বাল্যবেলার কথা। আইনস্টাইনের আই কিউ সাধারণের চাইতে বেশি ছিল, তাঁর কথা বলতে দেরি হয়েছিল। তোতো তো ওইরকম হতে পারে।

— ডু য়ু ইভার হিয়ার আ স্পেসিফিক ওয়ার্ড “অটিজম”? তোতো ইজ অটিস্টিক। ডোন্ট ওয়ারি। য়ু হ্যাভ টু এক্সেপ্ট দিস ট্রুথ। দেয়ারস নো নেসেসিটি টু ফ্লারিস দ্য মেটার উইথ আ ইন্ট্রডাকশন ফর পেরেণ্টস কনসোলেশন। বাট য়ু শুড হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া এবাউট অটিজম।৷ ইটস নট আ ডিজিজ। দিস ইস আ ডেভেলপমেন্টাল ডিজর্ডার। এন্ড দিস ডিসর্ডার ইজ নট কিওরেবল। – বেদিকা বলে।
তিতাস জানে, অটিজম শব্দটি শুনেছে সে, কিন্তু সেরকম কোনও ধারণা নেই। আজ তিতাস একা বসেছে বেদিকার সঙ্গে। বাইরে তোতোকে নিয়ে বসে আছে অমেয়।

–- এসব বাচ্ছা একটার বেশি ভাষা শিখতে পারে না। ওকে মাতৃভাষা শেখানোর দরকার নেই। একটা ভাষা শেখাবেন সেটি ইংরেজি। একটা সাধারণ ভাষা যাতে সারা পৃথিবীতে কার্যকর। গতদিন ওর আই কিউ টেস্ট করেছি। তোতোর মাল্টিপল ডিজেবিলিটি রয়েছে। এবং ওর আই কিউ সাধারণের চাইতে কম, ওর যে সমস্যা ডিটেক্ট হয়েছে – এডি এইচডি, হাইপার অ্যাক্টিভিটি, মাইল্ড মেন্টাল রিটারডেসন, মাইল্ড অটিজম। সবগুলো ম্যানেজেবল, বাট নট কিওরেবল। আমরা কমাতে পারি থেরাপি দিয়ে, কিন্তু যেহেতু এইসব কিছু কোনও রোগ নয়, সুতরাং সারানো যায় না। অ্যাজ আ মাদার য়ু হ্যাভ টু এক্সেপ্ট এভ্রিথিং, কেন এমন হলো, আমি দুর্ভাগা এইসব মাথায় যেন কখনওই না আসে। সোস্যালি হি মে নট বি এক্সেপ্টেড বাই দ্য পিপল, য়ু হ্যাভ টু এক্সেপ্ট দ্যাট অলসো। মাকে সব সহ্য করতে হয়, আমি ছোটবেলায় খুব দুষ্টুমি করেছি, কিন্তু আমার মা আমার ওপর কখনও হাত উঠায়নি। তুমি এখন আমাকে বলতেই পারো, দুটো কি এক? তুমি ছিলে একটি স্বাভাবিক শিশু, আর তোতো তা নয়, হ্যাঁ এমন প্রশ্ন মনে আসতেই পারে, কিন্তু তোমার কাছে সে হবে বিশেষ, আ স্পেশাল আন্ড ভ্যালুয়েবল অলসো লাইক গোল্ড। য়ু মে থিঙ্ক লাইক দিস, গড গিভেন মি আ মোস্ট স্পেশাল চাইল্ড, আই হ্যাভ টু টেক কেয়ার অফ হিম স্পেশালি। বাট যেহেতু মাল্টিপল ডিজ্যাবেলিটি রয়েছে, তাই য়ু হ্যাভ টু কাম হিয়ার ওয়ান্স ইন আ ইয়ার।
তিতাস যখন বেরোলো তখন বাইরে অমেয় ও তোতো বসে আছে। কতরকমের শিশু, প্রত্যেকের নানা ধরনের প্রতিবন্ধকতা, মানসিক। কেয়া নামে এক মহিলার সাথে আলাপ হলো। সরকারি একটি বড়ো প্রতিষ্ঠানে চাকরি করে সে। ছেলেটির সমস্যা ঠিক কী বোঝা গেল না, খুব ভালো ইংরেজি বলতে পারে, কেয়া ওকে বাবা ও কেয়ার গিভারের কাছে রেখে বাইরে ট্যুরে যায়। প্রতি তিনমাসে একবার করে তাকে ট্যুরে যেতে হয়। ছেলের সমস্যা আছে, সে মারাত্মক হাইপার অ্যাকটিভ। যদিও তিতাস কিছু বুঝলো না। কারণ তোতোর অবস্থা থেকে অনেকটাই ভালো। তিতাস ও অমেয় আলোচনা করছে তোতোর ভাষাশিক্ষা নিয়ে, হ্যাঁ বেদিকা বলেছে বাড়িতে সবাইকে ইংরেজিতে কথা বলতে হবে, তাহলেই তোতোর পক্ষে ভাষা শেখার কাজটি সহজ হবে। অমেয় দীর্ঘশ্বাস ফেলে বলে –- বাস্তবে কতখানি সম্ভব হবে তিতাস? আমাকে কেয়ার হাজবেন্ড উদিত বলছে এইসব বাচ্ছাদের মায়ের চাকরি করা ঠিক নয়, কিন্তু কেয়া সরকারি চাকরিতে একটা উঁচু পোস্টে আছে, উদিত রয়েছে একটা বেসরকারি ব্যাঙ্কে, মাইনে তেমন নেই, এই যে অন্য শহরে এসে বারবার ডাক্তার দেখানো, তার জন্যে খরচ তো আছে, তাছাড়া হ্যাঁ, এই সরকারি হাসপাতালে খরচ নেই এটা ঠিক, কিন্তু ট্রেনে আসা যাওয়ার সময় নেই কেয়ার, সুতরাং উড়ানে আসতে হয়। আমাদের সমস্যাটা আরও মারাত্মক। বিশেষ করে বাড়িতে ইংরেজি বলা, চারপাশে সবাই মাতৃভাষায় কথা বলবে, ওটা তো তোতোর পক্ষে আরও অসুবিধে হবে। এখন তো পনেরোটা বাংলা শব্দ শিখেছে, এরপর একটু একটু করে এগোবে, তুমি যদি চাকরি ছেড়ে দাও, তাহলে ওর চিকিৎসা, ট্রেনিং এসব খরচ নিয়ে তো টানাটানি পড়ে যাবে। আর প্রতিবছর এখানে চিকিৎসা করাতে আসাটাও কি সম্ভব? তিতাস বলে –- ওর সামনে ওসব সমস্যা নিয়ে কথা বলো না। দেখা যাক, কতদূর কীভাবে এগোনো সম্ভব! তিতাসরা একটা ফ্ল্যাট ভাড়ায় নিয়েছে একমাসের জন্যে, সাততলায়। কাছাকাছি একটা হাসপাতাল রয়েছে, বেশ নামী বড়ো বেসরকারি হাসপাতাল। ফ্ল্যাটের উল্টোদিকে একটি কারখানা, বেশ বড়ো। বাঁদিকে নার্সদের হোস্টেল। সকালে উঠে একেবারে ভোরের দিকে ওরা বেরিয়ে যায় ভলিবল খেলতে। তারপর একে একে কারখানার কাজ করে যারা তারা আসতে শুরু করে। স্কুটি কিম্বা বাইক নিয়ে আসে। এসে হেলমেট খোলার পর বোঝা যায় এরা নারী না পুরুষ। গায়ে লাগানো বর্ষাতি খুলে সিটের নীচে রাখে। টিফিনের বাটি বের করে কাঁধের ব্যাগে রাখে, তারপর কারখানার ভেতর ঢুকে যায়। তিতাসরা যখন হাসপাতালে যাবার জন্যে বেরোয় তখন রাস্তার একপাশে সার সার স্কুটি,বাইক। বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য সেবিকাদের হাসপাতালে আসা যাওয়া শুরু হয়ে গেছে। এই এপ্রিল মাসে এখানে যখন তখন বৃষ্টি আসে। আবহাওয়া নাতিশীতোষ্ণ। একটি মেয়ে এসে ঘর মুছে বাথরুম সাফাই করে দিয়ে যায়। চুলে গোঁজা ফুল লম্বা হয়ে কাঁধ পর্যন্ত ঝুলছে। মোটাসোটা স্বাস্থ্যবতী, ভাঙাচোরা হিন্দি বলে, সেও স্কুটি চালিয়ে আসে। এলাকাটি আবাসিক। দুপুরের দিকে খানিকটা ঝিমিয়ে পড়ে। যেদিন তিতাসের কাউন্সেলিং থাকে না, সেদিন জানালায় তাকিয়ে সব কিছু খুঁটিয়ে দেখে। দক্ষিণ ভারতের নামী শহর। বেসরকারি হাসপাতালটির মালিক এক নামী ডাক্তার, সারা দেশ জুড়ে তাঁর নাম রয়েছে। তিতাসরা উত্তরপূর্ব ভারতের যে শহরে থাকে তা কতো ছোট, সুযোগ সুবিধের দিক থেকে অনেকটা পিছিয়ে আছে। ওখানে তোতোর মতো সন্তানকে নিয়ে সে কীভাবে কী করবে বুঝে উঠতে পারে না। অমেয়কে তার নিজের ভাবনাটা খুব একটা বলে না তিতাস। যে সব সমস্যা নিয়ে জন্মেছে তোতো তার বিশ্ব জুড়ে কোনও চিকিৎসা নেই। বিজ্ঞান কি সত্যিই খুব এগিয়েছে? এখনও দেহের কিছু কিছু রোগ মারণরোগ হিসেবেই চিহ্নিত। চিকিৎসা নেই। প্রশ্ন হলো তোতোর চিকিৎসা থেরাপি নির্ভর। তার নিজের শহরে এসবের জন্যে কোনও থেরাপিস্ট আছে কি? মনে হয় না, তাদের হোমটাউনটি একবারেই ঘরোয়া টাইপের, পাহাড়ে ঘেরা, যোগাযোগ ব্যবস্থা নড়বড়ে, সেজন্যে এইসব ক্ষেত্রটি খুব একটা আলোকিত নয়। তাছাড়া ওখানে এ ধরনের শিশু সংখ্যায় খুব কম। এইসব থেরাপি নিয়ে ট্রেনিং দিতে হলে বাইরে যেতে তো হবেই। এসবের সাথে জড়িয়ে আছে অর্থকরী ব্যাপার। অবশ্যই থেরাপিস্টদের পেশাদার হতে হবে, এধরনের শিশুর সংখ্যা যদি একেবারেই কম থাকে তাহলে থেরাপিস্ট থাকবেও না। তিতাস নিজে যদি ট্রেনিং নেয়? তার জন্যে এই শহর এই হাসপাতাল সব চাইতে উপযোগী। কিন্তু প্রতি বছর এখানে আসা কি সম্ভব হবে? সে একটি সরকারি ইশকুলে চাকরি করছে। ছুটি নিলে সেই ছুটি প্রদেশের রাজধানীতে গিয়ে মঞ্জুর করিয়ে এনে দিলে তারপর ঐসময়ের মাইনেটা পাওয়া যায়, আর সেটা পেতে পেতে চলে যায় অনেকটা সময়। তিতাস খুব বেশি ভাবে, চিন্তার সূত্র গড়াতে গড়াতে ডালপালা দেয়, ভেবে কূল পায় না। জীবনটা মনে হয় অথৈ সাগর।

বেদিকা ইদানীং রোজ তাকে নিয়ে বসছে, কীভাবে সারাদিন তোতোকে ট্রেনিং দিতে হবে তা বুঝিয়ে দিচ্ছে। তারপর বলছে, সবাইকে তোতোর সাথে বসতে হবে, মা, বাবা, ভাইয়ের থাকবে সমান দায়িত্ব। তোমার বাড়ি কাছে থাকলে ভালো হতো, মানে ছ’মাসে একবার হলেও উন্নতিটা বুঝতে সুবিধে হতো। আপাতত যা যা করতে হবে – ক্লে ওয়ার্ক্স করাবে। ওটা ওর দাদা করবে। তুমি চাকরি করছো, বাড়িতে কেয়ারগিভার রাখতে পারলে খুব ভালো, একটা গামলায় বাটি থালা চামচ ইত্যাদি একসাথে রেখে ওকে শেখাবে প্রতিটি গ্রুপ হিসেবে আলাদা করতে। যেমন সব চামচ একপাশে, বাটি একপাশে….বোঝাতে পেরেছি আশা করি। বাড়ির সবাই মিলে কাজটি করবে, সবার সঙ্গ যেন পায়। তারপর কিছু পুঁতি কিনে আনবে, বিভিন্ন রঙের, রঙ অনুযায়ী সে গ্রুপিং করবে, যেমন সাদা, সবুজ, লাল, কালো, মেরুন, হলুদ ইত্যাদি। রঙ পেন্সিল কিনে ড্রয়িং খাতা কিনে দেবে, সে যেমন খুশি আঁকুক, উজ্জ্বল রঙ যেন হয়, ব্রাইট হবে সবকিছু। – এভাবে একটি মাস কেটে গেল, মাঝেমধ্যে তোতোকেও নিয়ে যেতে হয়। তিতাস লক্ষ করলো পা দিয়ে সেই অদ্ভুত তালে নেচে যাওয়ার ব্যাপারটি খানিকটা কমে এসেছে। একসপ্তাহ পর পর ডাক্তারের সাথে বসতে হয়। তোতোকে নিয়ে বিকেলে বেড়াতে যায় তিতাসরা। শহরের পার্কে, রেস্তোরাঁয়, মনে হয় তোতোর সেই আড়চোখে তাকিয়ে চিন্তা করার অভ্যেসটা যেন কমেছে অনেকটাই। তোতোর বড়োভাই তাতা তো খুব খুশি, সে বেড়াতে ভালবাসে। বয়েস নয় মাত্র, কিন্তু তোতোকে নিয়ে সেও ভাবে। শৈশবের আনন্দ ঔজ্জ্বল্য তাই বলে তার হারিয়ে যায়নি।  (ক্রমশ)

(পরবর্তী অংশ জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২৭ সংখ্যায়)