
জ্ঞানপাপী
বলাই দে
নতুন নতুন ফন্দি আঁটা
মিয়া ব্যাটার পুরানো রোগ,
অভিধানে নতুন শব্দ
সংস্করণে করেন যোগ।
মিথ্যেবাদীর স্মরণ শক্তি
প্রখর হওয়া চাইই চাই,
চরম এই সত্যিটুকু
গুলিয়ে ফেলেন হামেশাই।
ইমারতের কাঠামোতে
শাবল মারা, হাতুড়ি ঠোকা,
নজর ঘোরায় ভিন্ন দিকে
ভাবেন মানুষ খুবই বোকা!
ভাবেন তিনি খুবই চালাক
ভাব ভাবনায় তিনিই সেরা,
চমকে দিয়ে ডুব সাঁতারে
অনায়াসে যায় যে ফেরা।
স্থির জলে কেলি করেন
ঢেউটি তিনি দেখতে না পান,
জ্ঞানী তিনি, জ্ঞানপাপী
অজানা হায় স্রোতের টান!

উজ্জীবিত
বলাই দে
বয়স আমার হলো বটে
তিন কুড়ি তিন,
ধানাই পানাই করেই কাটে
দিন প্রতিদিন।
কেমন করে ঝরেছে দিন
জীবন থেকে,
শুনে শিখি, দেখেও শিখি
শিখি ঠেকে।
কখনো বা ঠগের পাল্লায়
মুষড়ে পড়ি,
জয়পরাজয় হিসেবখানা
ঠিকই ধরি।
জয়ের নেশায় উথলে ওঠে
ভাবটি আমার,
নেচেই চলি তাক ধিনাধিন্
এই বারেবার!
যাদের আমি পিছিয়ে রেখে
এগোতে চাই,
এগিয়ে যাওয়ার মজা জব্বর
টেরটি যে পাই।
দেখি যখন হতাশায় কেউ
মুষড়ে পড়ে,
প্রাণটি আমার উজ্জীবিত
দেখো ওই ভাবনগরে।