
থাইল্যান্ডের সিয়ামিজ ক্যাট কাফে
সদানন্দ সিংহ
কম খরচে বিদেশ ভ্রমণের কথা উঠলে থাইলেন্ডের নাম এসে যাবেই। বলাই বাহুল্য, থাইল্যান্ডে অনেকেই ঘুরতে যান। এবার থেকে থাইল্যান্ডে গেলে কিন্তু সেখানের সিয়ামিজ ক্যাট কাফে-র আবহাওয়ায় কিছুক্ষণ সময় কাটাতে ভুলবেন না যেন। বিশেষ করে যাঁরা পশুপ্রেমী। এই সিয়ামিজ ক্যাট কাফে-র বিশেষত্বর কথা বলছি।
বিড়ালদের সঙ্গে থাকার অভিজ্ঞতা থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬-এ ক্যাফের উদ্বোধন হয়েছিল। এখানের মূল আকর্ষণ হল ১৬টি উদ্ধারকৃত এবং দত্তক নেওয়া বেড়াল। নিয়মিত ভ্যাকসিন দেওয়া এবং ডিওয়ার্মিং করা এই বেড়ালগুলোকে সাপ্তাহিক গ্রুমিং এবং প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা হয় যাতে ভিজিটরগণ বেড়ালের সান্নিধ্যে এসে আনন্দলাভ করতে পারেন এবং ফটোশ্যুট করতে পারেন।

সেই সঙ্গে এই কাফেতে বিভিন্ন ধরনের থাই ও ভিয়েতনামী খাবার খেতে পারেন যেগুলির দাম ৩০ থাই বাট থেকে ২৯৯ থাই বাট এর মধ্যে। বর্তমানে ভারতীয় ১০০ টাকা থাই ৩৬ বাট এর সমান। এটি আরামদায়ক ও পরিবার-বান্ধব এক ক্যাট ক্যাফে যেখানে একটি শান্ত পরিবেশে উন্নত মানের কফি, তৃপ্তিদায়ক খাবার এবং দত্তক নেওয়া ১৬টি বিড়ালের সাথে কিছু সুন্দর সময় কাটানোর সুযোগ হতে পারে।

এই সিয়ামিজ ক্যাট কাফে খোলা থাকে সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে শনিবার এবং রবিবার খোলা থাকে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত। এখানে বেড়ালগুলোর সঙ্গে সময় কাটানোর জন্য কোনো এন্ট্রি ফী নেই। তবে বেড়ালদের রুম ভিজিট প্রতিদিন বেড়ালদের লাঞ্চ খাবার সময় দুপুর ১২টা থেকে ১টা এবং ডিনার খাবার সময় সন্ধ্যে ৫টা থেকে ৬টা পর্যন্ত বন্ধ থাকে। আর হ্যাঁ, বেড়ালদের রুমে ঢোকার জন্য পায়ে মোজা লাগিয়ে ঢুকতে হয়, সেজন্য মোজা নিয়ে আসতে হয় বা কাফে থেকে কিনতে হয়।
সিয়ামিজ ক্যাট কাফে ব্যাংককের কাছাকাছি সমুত প্রাকানের বাং কেও, বাং ফ্লীতে, মেগা বাংনা-এর কাছে অবস্থিত। পুরো ঠিকানাঃ
Near Mega Bangna
46/26 Moo 8, Bangna–Trat Road
Bang Kaeo, Bang Phli
Samut Prakan 10540, Thailand