মহাকবি কালিদাসের অমর কাহিনি – অঞ্জলি দে নন্দী

মহাকবি কালিদাসের অমর কাহিনি – অঞ্জলি দে নন্দী

মহাকবি কালিদাসের অমর কাহিনি

অঞ্জলি দে নন্দী

আমরা এমন অনেক অলৌকিক ঘটনা জানি যা প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে চলেছে। তা থেকেই সকলের মনে নতুন করে সৃষ্টির ইচ্ছা জাগে। সে রকমই একটি অপূর্ব কাহিনির বর্ণনা এখন দেওয়া হল — অতি মূর্খ থেকে কীভাবে মহাকবি কালিদাস হলেন, কীভাবে একাগ্র চিত্তে সাধনার ফলে তিনি মা শ্রীসরস্বতী দেবীর ধ্যানে, জ্ঞানের আলোক প্রাপ্তিতে ধন্য হলেন।

প্রাচীনকালে ভারতে এক অত্যন্ত রূপবতী ও পরম বিদুষী রাজকুমারী ছিলেন। তাঁর নাম ছিল বিদ্যোত্তমা। সকলেই তাঁর বিদ্যা ও বুদ্ধির জন্য তাঁকে খুব সম্মান করত। কিন্তু তিনি নিজের বিদ্যা, বুদ্ধি ও শাস্ত্র জ্ঞানের জন্য মনে মনে প্রবল অহংকারী ছিলেন। দম্ভে তাঁর মাটির ওপরে পা পড়ত না। তিনি তাঁর দর্পে মানুষকে মানুষ বলে মনে করতেন না।
তাই একসময় তিনি ঘোষণা করলেন, “যে ব্যক্তি আমাকে শাস্ত্রার্থে পরাজিত করতে পারবে, আমি তাকেই বিবাহ করব; অন্যথায় সারাজীবন অবিবাহিত থাকব। আমার পতিকে অবশ্যই আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান হতে হবে।”

অনেক জায়গা থেকে বহু পণ্ডিত, আচার্য ও মুনি তাঁর সঙ্গে শাস্ত্রার্থ করতে এলেন। কিন্তু বিদ্যোত্তমার তীক্ষ্ণ যুক্তির কাছে সকলকেই পরাজিত হয়। যেন আপন বুদ্ধিস্বরূপ ধারালো অস্ত্র দিয়ে উনি সবার সব যুক্তিকে খণ্ড খণ্ড করে ফেলছেন। আর এরপরই রাজকন্যা সকলকেই অপমানিত করলেন। সবাই মাথা নিচু করে, ফ্যাকাশে মুখে বিদায় নিল। নিজের বুদ্ধিতে তিনি তখন নিজেকেই বুদ্ধির দেবী ভাবতে লাগলেন। তাঁর মুখের মধ্যে সেই রকমই ভাব ফুটে উঠেছিল।

কিন্তু সেইসব অপমানে জ্বলতে থাকা সব পণ্ডিতেরা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তাঁরা এক নারীর কাছে অপমান হওয়াকে কিছুতেই হজম করতে পারলেন না। তাঁদের পৌরুষত্বে প্রচণ্ড আঘাত লেগেছিল। তাঁরা সহ্য করতে পারছিলেন না। তাই তাঁরা সকলেই যুক্তি করে বললেন, “এই অহংকারী রাজকন্যার বিয়ে পৃথিবীর সবচেয়ে বড় মূর্খের সঙ্গে দিয়ে তাঁর অহংকার চূর্ণ করব! প্রতিশোধ নিতেই হবে।”
পণ্ডিতদের দল তখন পাহাড়, নগর, গঞ্জের, গ্রামের, জঙ্গলের দিকে রওনা হলেন। খুঁজতে খুঁজতে তাঁরা আশা ছেড়ে দিলেন। চরম বোকা লোক আর তাঁদের নজরে এলো না। এমন সময় হঠাৎ এক বনে তাঁরা এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন।
একজন শক্তিশালী যুবক একটি বিশাল গাছের ডালে বসে ছিল। অথচ যে ডালের আগার দিকে সে বসেছিল, সেই ডালটির গোড়ার দিকটা নিজের হাতের কুঠার দিয়ে কাটছিল! তাঁরা ওকে ঐ কাজ করতে দেখে খুব খুশি হলেন, আরে, এই তো পেয়ে গেছি! ডালটি কাটা হয়ে গেলে যে সে নিজেই নিচে পড়ে যাবে, এ কথা একেবারেই তার মনে আসেনি। নির্বোধ।
পণ্ডিতেরা পরস্পর বললেন, “এই লোকটির চেয়ে বড় মূর্খ পৃথিবীতে আর কেউ হতে পারে না! আমাদের কাজ হয়ে গেছে! ঈশ্বর আমাদের সহায়।”

হ্যাঁ, সেই বোকা যুবকের নাম ছিল কালিদাস। পরবর্তী সময়ে যিনি একজন প্রতিভাবান মানুষ হিসেবে গণ্য হন যদিও তিনি তাঁর প্রথম জীবনে মূর্খ ছিলেন। সাধনা দ্বারা উনি নিজের ভাগ্য পরিবর্তন করেছিলেন। আপন সৎ প্রচেষ্টা মানুষকে অতি উন্নত এক জীবন দিতে পারে। তাঁর জীবন থেকে আমরা এই শিক্ষা লাভ করি।

তখন পণ্ডিতেরা শান্ত, মিষ্টি কথায় তাকে গাছ থেকে নামিয়ে আনলেন। আর অতি স্নেহের সঙ্গে বললেন, “ওহে বাছাধন! শোনো! তুমি তো বড় সুন্দর দেখতে আর খুব বুদ্ধিমানও বটে। তোমাকে আমাদের বড় পছন্দ হয়েছে। আমরা ভাবছি যে – সকলে মিলে এক পরমা সুন্দরী, অতি বুদ্ধিমতী রাজকুমারীর সঙ্গে তোমার বিয়ে দেব। আহা গো – একদম রাজজোট মিল হবে! তবে হ্যাঁ – একটি শর্ত আছে, রাজসভায় তুমি সম্পূর্ণ নীরব হয়ে থাকবে। একটি শব্দও বলবে না। মুখ আদৌ খুলবে না! বাকি সব আমরা সামলে নেব। কী গো বাছা, বলো, পারবে তো?”
কালিদাস রাজি হয়ে গেল। সে খুব খুশি হয়ে ঘাড় নেড়ে নেড়ে একগাল হেসে বলল, “হ্যাঁ হ্যাঁ, আমি একদম চুপ করে থাকবো। এ আর এমন কী কাজ! খুব পারবো।”

তাকে পণ্ডিতেরা সঙ্গে করে নিয়ে গেল। এরপর ওকে সুন্দর রাজকীয় পোশাক পরিয়ে, সাজিয়ে গুছিয়ে রাজসভায় নিয়ে যাওয়া হল। ভেতরের মূর্খতাকে ঢাকতে সবসময়ই বাইরে ঝকমকে সাজপোশাক ব্যবহার করা হয়। চোখ ধাঁধানো চাকচিক্য দিয়ে ঢাকা হয়। এটাই পৃথিবীর বুকে চলে আসছে। এভাবেই মানুষ অন্যকে প্রভাবিত করার জন্য চেষ্টা করে।
যাহোক এবার পণ্ডিতেরা রাজাকে বললেন, “ইনি আমাদের পরম পূজ্য গুরুদেব। উনি ‘মৌনব্রত’ পালন করেন। তিনি কেবল ইশারার মাধ্যমে শাস্ত্রার্থ করবেন। কোনো কথা বলেন না। নিঃশব্দ ভাবে সব কিছু চলবে।”
রাজামশাই তাঁকে ভক্তি ভরে প্রণাম জানালেন। উচ্চ আসনে বসালেন। রাজকন্যাও সেখানে ছিলেন। কিন্তু সেই অতি বুদ্ধিমতী নারী বুঝতেও পারছিল না, তার সঙ্গে কী ঘটতে চলেছে!
এরপর এখন শুরু হল শাস্ত্রার্থ। প্রথমে পাণ্ডিত্যের সাগরসম রাজকুমারী বিদ্যোত্তমা একটি আঙুল তুললেন। তাঁর দার্শনিক অর্থ ছিল, “ব্রহ্ম এক।”
কিন্তু বোকা কালিদাস ভাবলেন, তিনি বুঝি তাঁর একটি চোখে আঙুল গুঁজে তার ঐ চোখটা গেলে দেওয়ার হুমকি দিচ্ছেন!
তাই কালিদাস রাগ করে তেড়ে মেরে কটমট করে তাকিয়ে দুটি আঙুল দেখালেন।
অর্থাৎ তাঁর মনে হয়েছিল, “আপনি যদি আমার একটি চোখ নষ্ট করে দেন, তাহলে আমি আপনার দুটি চোখ নষ্ট করে দেব!”
কিন্তু চতুর পণ্ডিতেরা সঙ্গে সঙ্গে এর ব্যাখ্যা দিলেন, “আহা! আমাদের গুরুদেব বলছেন – ব্রহ্ম এক হলেও সৃষ্টির প্রকাশের জন্য ব্রহ্ম ও প্রকৃতি – এই দুই তত্ত্বের প্রয়োজন।”
বিদ্যোত্তমা অত্যন্ত প্রভাবিত হলেন। এরপর তিনি নিজের হাতের পাঁচটি আঙুল মেলে ধরলেন।
তাঁর অর্থ ছিল, “সৃষ্টি পঞ্চ মহাভূত – পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ দ্বারা গঠিত।”
কিন্তু কালিদাস ভাবলেন, তিনি তাঁকে একটি চড় মারার ইঙ্গিত করছেন! তাই তিনি সঙ্গে সঙ্গে হাত মুষ্টিবদ্ধ করে দেখালেন।
অর্থাৎ তাঁর মনে এই ভাবনা এসেছিল – “আপনি যদি আমাকে চড় মারেন, তাহলে আমি আপনাকে ঘুঁষি মারব!”
চতুর পণ্ডিতেরা আবারও সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করলেন – “অদ্ভুত! গুরুদেব বলছেন – পাঁচটি তত্ত্ব যখন পৃথক থাকে, তখন কোনো কার্য সম্পন্ন হয় না; কিন্তু তারা যখন মুষ্টির মতো একত্রিত হয়, তখনই সমগ্র সৃষ্টির প্রকাশ ঘটে।”
বিদ্যোত্তমা সম্পূর্ণ নিরুত্তর হয়ে গেলেন। তিনি নত মস্তকে কালিদাসের কাছে পরাজয় স্বীকার করলেন এবং সেই ‘মৌনী গুরু’র সঙ্গে বিবাহে সম্মত হলেন।

ধুমধাম করে বিয়ে হয়ে গেল। নবদম্পতির জন্য সকলের আশীর্বাদ বর্ষিত হল। প্রজাদের খুব আনন্দ। তারা রাজখাবার খেতে পাচ্ছে ও অনেক উপহার পাচ্ছে। সানাই বাজছে। নৃত্য গীতের ব্যবস্থা আছে। আলো আর আলো দিয়ে সব জায়গা সাজানো হয়েছে। ফুল দিয়ে সর্বত্র ভরিয়ে তোলা হয়েছে। আতসবাজির খেলা চলছে। আতরের গন্ধ বাতাসে ম ম করছে।

কিন্তু বিবাহের পরেই প্রকাশ পেল আসল সত্য। বিবাহের প্রথম রাতে হঠাৎ বাইরে থেকে একটি উটের ডাক শোনা গেল।
কালিদাস জানালার দিকে তাকিয়ে অজ্ঞতাবশত ভুল উচ্চারণে বলে উঠলেন —“উষ্ট্র… উষ্ট্র…”
এরপর আবার ঘাবড়ে গিয়ে বললেন — “ঊঁট্র… ঊঁট্র…”

এই অশুদ্ধ উচ্চারণ শুনেই বিদ্যোত্তমা চমকে উঠলেন। তাঁর মস্তিষ্কের মধ্যে আচমকা যেন বজ্রপাত ঘটে গেল। তিনি তাঁর সন্দেহ দূর করতে কালিদাসকে আরও কয়েকটি প্রশ্ন করলেন। তখন সমস্ত গোপন রহস্য প্রকাশ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন – এই ব্যক্তি কোনো জ্ঞানী পণ্ডিত নন; বরং তিনি সম্পূর্ণ অজ্ঞ। এক মূর্খ।

ক্রোধ ও অপমানের আগুনে জ্বলতে জ্বলতে বিদ্যোত্তমা যেন ছাই হয়ে যেতে লাগলেন। তিনি কালিদাসকে প্রবলভাবে তিরস্কার করলেন। কন্ঠস্বর দিয়ে তাঁর ভৎসনার তীক্ষ্ণ বাণ নিক্ষিপ্ত হচ্ছিল। তিনি বললেন – “হে ভণ্ড, প্রতারক মূর্খ! আমার রাজপ্রাসাদ থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও! যতদিন পর্যন্ত তুমি প্রকৃত পণ্ডিত হয়ে জ্ঞানের আলো অর্জন না করছ, ততদিন আমার সামনে আর এসো না! আমার উপযুক্ত হয়ে তবেই এসো!”

এই অপমান কালিদাসের ঘুমন্ত চেতনাকে যেন প্রবলভাবে জাগিয়ে দিল। সদ্য বিবাহিত স্ত্রীর কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে সেই অবহেলিত পতি মনের দুঃখ মনের মধ্যে চেপে রেখে মিলনকক্ষ ত্যাগ করলেন। তিনি গভীর রাতে শিশুর মতো কাঁদতে কাঁদতে অন্ধকার বনের দিকে ছুটে গেলেন।
নিজের অজ্ঞ জীবন তাঁর কাছে অসহ্য মনে হতে লাগল। তিনি ভাবলেন – “এই অপমানিত ও পশুর মতো অজ্ঞ জীবন বহন করার চেয়ে প্রাণত্যাগ করাই ভালো।”
কালিদাস মনে মনে মা সরস্বতীর নাম করতে লাগলেন। বনের মধ্যে তিনি সাধনা করার জন্য মা সরস্বতীর পবিত্র স্থান দেখতে পেলেন। সেখানে ধ্যান করতে শুরু করলেন। তিনি জ্বলন্ত প্রদীপের সামনে বসে মা ভগবতী বিদ্যাদেবীর কাছে গভীর আকুলতায় প্রার্থনা করতে লাগলেন।
কিন্তু যখন তাঁর মনে হল যে মা তাঁর প্রার্থনায় সাড়া দিচ্ছেন না, তখন তিনি কাছে পড়ে থাকা একটি খড়্গ তুলে নিলেন। নিজের জীবন বিসর্জন দিয়ে সেই জীবন মায়ের চরণে অর্পণ করার জন্য তিনি প্রস্তুত হলেন।
ঠিক সেই মুহূর্তে মন্দিরের ভিতর যেন কোটি চন্দ্রের শীতল, শুভ্র আলো ছড়িয়ে পড়ল। তিনি যেন দেখলেন শ্বেতবস্ত্র পরিহিতা, হাতে বীণা, স্ফটিকের মালা ও বেদগ্রন্থ ধারণ করে, শুভ্র রাজহংসের ওপর আরোহণ করে সাক্ষাৎ বিদ্যাদায়িনী মা সরস্বতী আবির্ভূত হলেন!
মা তাঁর অমৃতময় হাত দিয়ে কালিদাসের খড়্গটি থামিয়ে স্নেহভরে বললেন – “বৎস কালিদাস! থামো! অজ্ঞতার লজ্জায় প্রাণ বিসর্জন দেওয়া যায় না। অজ্ঞতাকে জ্ঞানের আগুনে ভস্ম করতে হয়। তোমার এই পরম নিষ্ঠা ও আত্মসমর্পণে আমি অত্যন্ত প্রসন্ন।” এরপর মা সরস্বতী তাঁর কমণ্ডলুর পবিত্র জল কালিদাসের ওপর ছিটিয়ে দিলেন এবং নিজের আঙুল দিয়ে কালিদাসের জিহ্বায় ‘ঐঁ’ (ऐं) বাগ্বীজ মন্ত্র লিখে দিলেন। মা বললেন — “কালিদাস – ওঠো বৎস! আজ থেকে সমগ্র শব্দ ভাণ্ডার, ব্যাকরণ, ছন্দ, কাব্য এবং চার বেদের গভীর জ্ঞান তোমার বাণীতে নৃত্য করবে। তুমি হবে বাণীর অধিপতি! মহাকবি! অমর!”

মায়ের বর পেয়ে বদলে গেল কালিদাসের পরবর্তী জীবন। মা শারদার বরপ্রাপ্তির সঙ্গে সঙ্গেই কালিদাসের অজ্ঞতার অন্ধকার যেন মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। তাঁর চিত্ত জ্ঞানের সূর্যের আলোয় আলোকিত হয়ে উঠল।
তাঁর জিভ দিয়ে নিজে নিজেই বের হয়ে এলো,
ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যাস্থানেভ্য এব চ।।

এটি দেবী সরস্বতীর একটি অত্যন্ত পবিত্র প্রণাম মন্ত্র। এর অর্থ হলো: “দেবী ভদ্রকালীকে নিত্য প্রণাম করি এবং দেবী সরস্বতীকে বারবার প্রণাম জানাই। বেদ, বেদাঙ্গ, বেদান্ত ও অন্যান্য সমস্ত বিদ্যার আধারস্বরূপ দেবীকে আমি নমস্কার করি।”

আবার তাঁর মুখ থেকে বের হয়ে এলো –
ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোহস্তুতে।।

মন্ত্রের অর্থ:
সরস্বতী মহাভাগে: হে মহামান্যা বা পরম সৌভাগ্যময়ী দেবী সরস্বতী।
বিদ্যে কমললোচনে: যিনি বিদ্যার স্বরূপ এবং যাঁর চোখ দুটি পদ্মফুলের মতো সুন্দর।
বিশ্বরূপে বিশালাক্ষি: যিনি বিশ্বরূপিণী এবং যাঁর বিশাল ও সুন্দর চক্ষু রয়েছে।
বিদ্যাং দেহি নমোহস্তুতে: আমায় বিদ্যা দান করুন, আপনাকে প্রণাম জানাই।

এরপর পণ্ডিত হয়ে তিনি ফিরে এলেন সেই রাজ প্রাসাদের দ্বারে। রাজ প্রাসাদের সিংহ দুয়ারে এসে এবার তিনি শুদ্ধ সংস্কৃতে বললেন –
“অনাবৃতকপাটং দ্বারং দেহি!”
অর্থাৎ – “দেবী, বন্ধ দরজা খুলুন!”

ভিতর থেকে বিদ্যোত্তমা সেই অলৌকিক, দীপ্তিময় কণ্ঠস্বর শুনে বিস্মিত হয়ে গেলেন। তিনি বন্ধ দরজা খুলে জিজ্ঞাসা করলেন –
“অস্তি কশ্চিদ্ বাগ্বিশেষঃ?”
অর্থাৎ – “তোমার বাক্যে কি কোনো বিশেষ জ্ঞান বা উৎকর্ষ এসেছে?”

কথিত কাহিনি অনুসারে, বিদ্যোত্তমার এই বাক্যের তিনটি শব্দকে ভিত্তি করে কালিদাস সংস্কৃত সাহিত্যের তিনটি অমর কাব্যের রচনা করেন।
‘অস্তি’ শব্দ থেকে – কুমারসম্ভবম্। তিনি রচনা করলেন বিশ্ববিখ্যাত মহাকাব্য ‘কুমারসম্ভবম্’।

মহাকবি কালিদাসের ‘কুমারসম্ভবম্’ সংস্কৃত সাহিত্যের একটি অমূল্য মহাকাব্য। শিব ও পার্বতীর প্রেম, তপস্যা এবং কার্তিকের (কুমার) জন্মকে কেন্দ্র করে এই কাব্য রচিত। এই কুমার সম্ভব-এর কিছু বিখ্যাত ও বহুল পঠিত শ্লোক বাংলা অনুবাদ ও অর্থসহ তুলে ধরা হলো –
হিমালয়ের বর্ণনা (প্রথম সর্গ, প্রথম শ্লোক)
এটি মহাকাব্যের মঙ্গলাচরণ এবং কুমারসম্ভবম্-এর সবচেয়ে বিখ্যাত শ্লোক। এখানে হিমালয়কে পৃথিবীর মানদণ্ড হিসেবে বর্ণনা করা হয়েছে।
মূল শ্লোক:
अस्त्युत्तरस्यां दिशि देवतात्मा हिमालयो नाम नगाधिराजः।
पूर्वापरौ तोयनिधी वगाह्य स्थितः पृथिव्या इव मानदण्डः॥
উচ্চারণ:
অস্ত্যুত্তরস্যাং দিশি দেবতাৎমা হিমালয়ো নাম নগাধিরাজঃ।
পূর্বাপরৌ তোয়নিধী বগাহ্য স্থিতঃ পৃথিব্যা ইব মানদণ্ডঃ॥
অর্থ:
উত্তর দিকে দেবতাত্মা ‘হিমালয়’ নামে পর্বতরাজ বিরাজ করছেন। তিনি পূর্ব ও পশ্চিম—এই দুই মহাসমুদ্রের মধ্যে বিস্তৃত হয়ে যেন পৃথিবীর পরিমাপ করার একটি বিশাল মানদণ্ড (স্কেল) হিসেবে দাঁড়িয়ে আছেন।

সৌন্দর্যের মহিমা (পঞ্চম সর্গ)
পার্বতী যখন শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেন, তখন তাঁর এই রূপের মহিমা বর্ণনা করতে গিয়ে কালিদাস এই শ্লোকটি বলেন।
মূল শ্লোক:
यदुच्यते पार्वति पापवृत्तये न रूपमित्यव्यभिचारि तद्वचः।
तथाहि ते शीलमुदारदर्शने तपस्विनामप्युपदेशतां गतम्॥
উচ্চারণ:
যদুচ্যতে পার্বতি পাপবৃত্তয়ে ন রূপমিত্যব্যভিচারি তদ্বচঃ।
তথাহি তে শীলমুদারদর্শনে তপস্বিনামপ্যুপদেশতাং গতম্॥
অর্থ:
হে উদারদর্শনা পার্বতী! লোকে যে বলে “রূপ কখনো পাপের বা অসৎ কাজের কারণ হয় না”—এই কথাটি সম্পূর্ণ সত্য। কারণ তোমার এই অনন্য সুন্দর রূপ এবং পবিত্র চরিত্র আজ কঠোর তপস্বীদের জন্যও উপদেশের মতো অনুকরণীয় হয়ে উঠেছে।

শিবের প্রতি পার্বতীর অচলা ভক্তি (পঞ্চম সর্গ)
শিব যখন ছদ্মবেশে পার্বতীর তপস্যা পরীক্ষা করতে আসেন এবং শিবের নিন্দা করেন, তখন পার্বতী তাঁর সখীকে শিবের প্রকৃত রূপ ও মহিমা বুঝিয়ে এই কথা বলেন।
মূল শ্লোক:
विपद्प्रतीकारपरेण मङ्गलं निषेव्यते भूतिसमुत्सुकेन वा।
जगच्छरण्यस्य जगद्भूतेः किमेभिराशामुक्तचेतसः॥
উচ্চারণ:
বিপদ্প্রতীকারপরেণ মঙ্গলং निषेव्यते ভূতিসমুৎসুকেন বা।
জগচ্ছরণ্যস্য জগদ্ভূতেঃ কিমেভিরাশামুক্তচেতসঃ॥
অর্থ:
সংসারের সাধারণ মানুষ বিপদ থেকে বাঁচতে বা ধন-সম্পদের আশায় মাঙ্গলিক আচার বা বস্তুর পেছনে ছোটে। কিন্তু যিনি সমস্ত জগতের আশ্রয়, জগতের আদি উৎস এবং সমস্ত জাগতিক বাসনা থেকে মুক্ত, সেই শিবের এই বাহ্যিক মঙ্গলসূচক বস্তুর কী প্রয়োজন?

প্রথম বৃষ্টির স্পর্শে পার্বতী (পঞ্চম সর্গ)
তপস্যারত পার্বতীর ওপর যখন বর্ষার প্রথম বৃষ্টিপাত হয়েছিল, সেই সময়ের প্রাকৃতিক ও শারীরিক সৌন্দর্যের এক অপূর্ব বর্ণনা দিয়েছেন কবি।
মূল শ্লোক:
स्थिताः क्षणं पक्ष्मसु ताडिताधराः पयोधरोत्सेधनिपातचूर्णिताः।
वलीषु तस्याः स्खलिताः प्रपेदिरे चिरेण नाभिं प्रथमोदबिन्दवः॥
উচ্চারণ:
স্থিতাঃ ক্ষণং পক্ষ্মসু তাড়িতাধরাঃ পয়োধরোৎসেধনিপাতচূর্ণিতাঃ।
বলীষু তস্যাঃ স্খলিতাঃ প্রপেদিরে চিরেণ নাভিং প্রথমোদবিন্দবঃ॥
অর্থ:
আকাশ থেকে নেমে আসা বৃষ্টির প্রথম ফোঁটাগুলো প্রথমে পার্বতীর চোখের পাতায় ক্ষণকাল স্থির হল, তারপর তাঁর ঠোঁটে আঘাত করে স্তনের উন্নত অংশে পতিত হয়ে ভেঙে গেল। এরপর তাঁর উদরের বলিরেখা বেয়ে স্খলিত হয়ে অনেকক্ষণ পর গভীর নাভিতে গিয়ে আশ্রয় নিল। (এটি সংস্কৃত সাহিত্যের অন্যতম সেরা দৃশ্যকাব্য)।

‘কশ্চিত্’ শব্দ থেকে – মেঘদূতম্
‘কশ্চিত্’ শব্দকে কেন্দ্র করে রচিত হল অমর বিরহকাব্য ‘মেঘদূতম্’।

প্রথম শ্লোক (সূচনা)
শ্লোক:
কশ্চিৎ কান্তাবীরহগুরুণা স্বাধিকারপ্রমত্তঃ
শাপেনাস্তমিতমহিমা বর্ষভোগ্যেন ভর্তুঃ।
যক্ষশ্চক্রে জনকতনয়াস্নানপুণ্যোদকেষু
স্নিগ্ধচ্ছায়াতরু বসতিং রামগির্যাশ্রমেষু।।
বাংলা অর্থ:
কর্তব্যে অবহেলা করার কারণে প্রভুর (কুবেরের) অভিশাপে এক বছরের জন্য যাঁর ক্ষমতা ও মহিমা নষ্ট হয়েছিল, এমন এক যক্ষ প্রিয়ার বিরহে কাতর হয়ে সীতার স্নানে পবিত্র জলযুক্ত এবং সুন্দর ছায়াযুক্ত গাছের নিচে রামগিরি আশ্রমে বসবাস করতে শুরু করলেন।
মেঘের পরিচয় ( পঞ্চম শ্লোক)
শ্লোক:
ধুমজ্যোতিঃসলিলমরুতাং সন্নিপাতঃ ক্ৰ মেঘঃ
সন্দেশার্থাঃ কতি পটুনৈঃ প্রাণিশি প্রাপ্যঃ।
ইত্যৌৎসুক্যাদপরিগণয়ন্ গুহ্যকস্তং যয়াচে
কামার্তা হি প্রকৃতিকৃপণশ্চেতনাচেতনেষু।।
বাংলা অর্থ:
ধূম, জ্যোতি, জল ও বাতাসের সংমিশ্রণ তো কেবল একটি মেঘ মাত্র! আর অচেতন মেঘের কাছে মানুষের মতো পটু ভাষায় বার্তা পাঠানো কি সম্ভব? কিন্তু প্রেমের যন্ত্রণায় কাতর ব্যক্তি অচেতন ও সচেতনের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না, তাই যক্ষ তার কাছেই আবেদন করেছিলেন।

অলকার বর্ণনা ও প্রিয়ার রূপ (উত্তরমেঘ)
শ্লোক:
তাম্ জনয়ে পরিজনবৃতাম্ যক্ষীং মদীয়াম্
ব্যস্তন্যাসাম্ স্থিতিমতি মৃহৌ চন্দনে চন্দ্ৰকান্তে।
অ্যালোক্য ত্বং বিরহতুরয়া তয়া হি প্রবুদ্ধাং
নিশ্বাসোষ্ণৈঃ সহচরীভিস্ তাপরোধৈর্বিষুচ্যৌ।।
বাংলা অর্থ:
হে মেঘ, তুমি সেখানে গিয়ে দেখবে আমার প্রিয়া সখীদের নিয়ে পরিবেষ্টিত হয়ে চন্দ্রকান্ত মণির ওপর বসে রয়েছে। বিরহে কাতর সেই প্রিয়া তোমার আগমনে দীর্ঘশ্বাস ফেলবে এবং তার উষ্ণ নিঃশ্বাসে তোমার জলকণা ঝরে পড়বে।

কাব্যের কিছু বিশেষ তথ্য দেওয়া হলো:
ছন্দ: এই কাব্য সম্পূর্ণ ‘মন্দাক্রান্তা’ ছন্দে রচিত।
ভাগ: কাব্যটি পূর্বমেঘ (৬৪টি শ্লোক, যার মধ্যে প্রাকৃতিক দৃশ্য ও ভ্রমণপথের বর্ণনা রয়েছে) এবং উত্তরমেঘ (৫৪টি শ্লোক, যার মধ্যে অলকা নগরী ও যক্ষপ্রিয়ার বর্ণনা রয়েছে) — এই দুই ভাগে বিভক্ত।

‘বাক্’ শব্দ দিয়ে শুরু হলো মহাকবি কালিদাসের অমর মহাকাব্য ‘রঘুবংশম্’।
মহাকবি কালিদাস রচিত ‘রঘুবংশম্’ সংস্কৃত সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য। ইক্ষ্বাকু বংশ বা রঘুবংশের রাজাদের গৌরবগাথা নিয়ে এই কাব্য রচিত। নিচে রঘুবংশ মহাকাব্যের কয়েকটি অত্যন্ত বিখ্যাত ও জনপ্রিয় শ্লোক অর্থসহ দেওয়া হলো:

মঙ্গলাচরণ (শিব ও পার্বতীর বন্দনা)
এটি রঘুবংশের প্রথম শ্লোক, যা যেকোনো শুভ কাজের শুরুতে বা সংস্কৃত সাহিত্যচর্চায় বহুল ব্যবহৃত হয়।
“বাগার্থাবিব সম্পৃক্তৌ বাগার্থপ্রতিপত্তয়ে।
জগতঃ পিতরৌ বন্দে পার্বতীপরমেশ্বরৌ।।”
সরলার্থ: শব্দ ও অর্থ যেভাবে একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত, ঠিক তেমনি শব্দ ও অর্থের সঠিক জ্ঞানের জন্য আমি জগতের মাতা-পিতা পার্বতী ও পরমেশ্বর শিবকে বন্দনা করি।

কালিদাসের বিনয় প্রকাশ
মহাকাব্য রচনার শুরুতে কবি নিজের সীমাবদ্ধতা এবং রঘুবংশের মহান রাজাদের তুলনা করতে গিয়ে এই সুন্দর উপমাটি ব্যবহার করেছেন।
“ক্ব সূর্যপ্রভবো বংশঃ ক্ব চাল্পবিষয়া মতিঃ।
তিতীর্ষুর্দূস্তরং মোহাদুডুপেনাস্মি সাগরম।।”
সরলার্থ: কোথায় সূর্য থেকে উৎপন্ন সেই মহান রঘুবংশ, আর কোথায় আমার এই সামান্য বুদ্ধি! আমি মোহাচ্ছন্ন হয়ে একটি ছোট ভেলা (নৌকা) দিয়ে পার হওয়া অসম্ভব এক মহাসমুদ্র পার হওয়ার ইচ্ছা করছি।

রঘুবংশীয় রাজাদের গুণাবলি
রঘুবংশের রাজারা কেমন চরিত্রবান ছিলেন, তার বর্ণনা দিতে গিয়ে কবি এই শ্লোকটি রচনা করেছেন।
“শৈশবেঽভ্যস্তবিদ্যানাং যৌবনে বিষযৈষিণাম্।
বার্ধক্যে মুনিবৃত্তীনাং যোগেনান্তে তনুত্যজাম্।।”
সরলার্থ: রঘুবংশের রাজারা শৈশবে বিদ্যাভ্যাস করতেন, যৌবনে শাস্ত্রসম্মতভাবে সাংসারিক সুখ ও রাজ্যভোগ করতেন, বার্ধক্যে মুনিদের মতো বাণপ্রস্থ অবলম্বন করতেন এবং জীবনের শেষ সময়ে যোগসাধনার মাধ্যমে দেহত্যাগ করতেন।

দিলীপের গো-সেবা (রাজা দিলীপের ত্যাগ)
রাজা দিলীপ যখন নন্দিনী গরুর প্রাণ রক্ষার্থে নিজের শরীরকে সিংহের খাদ্য হিসেবে উৎসর্গ করতে উদ্যত হন, তখন এই বিখ্যাত নীতিবাক্যটি বলা হয়েছিল।
“একাতপত্রং জগতঃ প্রভুত্বং নবং বয়ঃ কান্তমিদং বপুশ্চ।
অল্পস্য হেতোর্বহু হাতুমিচ্ছন্ বিচারমূঢ়ঃ প্রতিভাতি মে ত্বম্।।”
সরলার্থ: (সিংহ রাজা দিলীপকে বলছে) সমগ্র পৃথিবীর একচ্ছত্র সাম্রাজ্য, নতুন যৌবন এবং এই সুন্দর শরীর — এই সব কিছুকে একটি সামান্য গরুর জন্য তুমি ত্যাগ করতে চাইছ! আমার মনে হচ্ছে তোমার বিচারবুদ্ধি লোপ পেয়েছে।

ইন্দুামতীর স্বয়ংবর (যোগাযোগ ও বিচ্ছেদ)
ইন্দুমতীর স্বয়ংবরের সময় তিনি যখন এক-একজন রাজাকে পার হয়ে যাচ্ছিলেন, তখন রাজাদের মনের অবস্থা বোঝাতে কবি এই বিখ্যাত উপমাটি ব্যবহার করেন, যার জন্য কালিদাসকে ‘দীপশিখা কালিদাস’ উপাধিও দেওয়া হয়েছিল।
“সঞ্চারিণী দীপশিখেব রাত্রৌ যং যং ব্যতীয়ায পতিংবরা সা।
নরেন্দ্রমার্গাট্ট ইব প্রপেদে বিবর্তভাবং স স ভূমিপালঃ।।”
সরলার্থ: স্বয়ংবরের আসরে ইন্দুমতী যখন রাজাদের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন তাঁকে রাতের বেলার একচলন্ত প্রদীপের শিখার মতো মনে হচ্ছিল। সেই আলো যে প্রাসাদকে পার হয়ে যায়, সেটি যেমন অন্ধকারে ডুবে যায়, ঠিক তেমনি ইন্দুমতী যে রাজাকে পার হয়ে যাচ্ছিলেন, সেই রাজার মুখই মুহূর্তে বিবর্ণ (অন্ধকার) হয়ে যাচ্ছিল।

সেই অজ্ঞ যুবকই পরবর্তীকালে মহান সম্রাট বিক্রমাদিত্যের সভার অন্যতম উজ্জ্বল নবরত্ন এবং বিশ্বসাহিত্যের অমর মহাকবি কালিদাস হিসেবে খ্যাতি লাভ করেন।
এই কাহিনি শিক্ষা দেয় – অজ্ঞতা লজ্জার নয়; অজ্ঞ থেকে যাওয়াই লজ্জার। যে মানুষ সত্যিকার জ্ঞান অর্জনের জন্য নিজের অহংকার ত্যাগ করে, কঠোর সাধনা ও আত্মসমর্পণের পথে এগিয়ে যায়, তার জীবনও একদিন জ্ঞানের আলোয় আলোকিত হতে পারে। এই মনুষ্য জন্ম অতি দুর্লভ। একে সফল করতে হয়।
মহাকবি কালিদাসের সৃষ্টিগুলি অনন্ত কাল ধরে পৃথিবীর বুকে আনন্দ ধারা বর্ষিত করে চলেছে এবং চলবে।