আকাশের স্বপ্ন – প্রসেনজিৎ রায়

আকাশের স্বপ্ন – প্রসেনজিৎ রায়

আকাশের স্বপ্ন     (অনুগল্প)

প্রসেনজিৎ রায়

মধ্যবিত্ত পরিবারের ছেলে আকাশ। ছোটবেলা থেকেই সে জানতো জীবনে কিছু পেতে গেলে অনেক লড়াই করতে হবে। সংসারে খুব বেশি কিছু ছিল না, কিন্তু বাবা-মায়ের স্বপ্ন ছিল অনেক। বাবার যৎসামান্য আয়ের টাকায় সে নিজের নিজের পায়ে দাঁড়াল। অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে আকাশ পুলিশের একটি বড় পদে চাকরি পেল। সেদিন তার মা-বাবার চোখের আনন্দ দেখে আকাশও খুশি হয়েছিল।
কিন্তু কিছুদিন চাকরি করার পর সে বুঝতে পারলো পুলিশের চাকরিটা শুধু একটা চাকরি নয়, সেটা যেন সারাক্ষণের দায়িত্ব। কখন ডিউটি শুরু হয় আর কখন শেষ হয় – তার কোনো ঠিক থাকে না। রাতের পর রাত জেগে ডিউটি, উৎসবের দিনে অন্যরা যখন পরিবারের সঙ্গে থাকে তখন আকাশ রাস্তায়। কোনোদিন বাড়ি ফেরার কথা থাকলেও হঠাৎ ডিউটি এসে যায়।
ধীরে ধীরে আকাশের বোধগম্য হল এই চাকরিটা তাকে টাকা আর সম্মান দিচ্ছে ঠিকই, কিন্তু নিজের জন্য কোন সময় দিচ্ছে না। অথচ আকাশের স্বপ্ন ছিল একটা ভালো চাকরি করবে – যেখানে সে চাকরির পাশাপাশি পরিবারকেও সময় দিতে পারবে, আবার নিজের ব্যক্তিগত জীবনটাকেও একটু গুছিয়ে নিয়ে নিজের শখগুলি পূর্ণ করতে পারবে।
এক সময় আকাশের বিয়ে হল। ভেবেছিল এবার হয়তো জীবনটা একটু সুন্দর হবে, কিন্তু বিয়ের পর তার জীবনে শুরু হলো আরেকটা যুদ্ধ। তার মা আর স্ত্রী দুজনেই একে অপরকে মন থেকে পছন্দ করতেন না। দুজনের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকত বাড়িতে একসাথে থাকলে, আর প্রতিবারই আকাশ মাঝখানে দাঁড়িয়ে থাকত অসহায় হিসেবে। তার নিজেকে বড় অপরাধী মনে হত। শুধু তার জন্যই হয়তো না তার মা খুশি হলেন আর না তার স্ত্রীকেও খুশি দিতে পারল।

একদিন আকাশ আরও একটা ভালো সরকারি চাকরির সুযোগ পেল। চাকরিটার সময় ছিল ঘড়িতে বাঁধা, সময়মতো অফিস, সময় মত বাড়ি ফেরা। আকাশ চাইলেই চাকরিটা নিতে পারত, কিন্তু সে জানত যদি সে চাকরিটা নেয় তার হয়তো পোস্টিং তার বাড়ির শহরেই হবে আর তখন তাকে বাড়িতেই থাকতে হবে কারণ সে বাড়ির একমাত্র ছেলে, বাড়ির শহরের পোস্টিং হয়ে আলাদা থাকলে লোকজনেরা বিভিন্ন রকম কথা বলবে। কিন্তু পুলিশের চাকরিতে তার পোস্টিং দূরে। স্ত্রীকে নিয়ে আলাদা থাকে তাই সংসারের অসহ্য সমস্যাগুলিকে কিছুটা সামলানো যায় কিন্তু একসাথে থাকলে সেই সংসারের আগুন কখন দাবানল হয়ে তার জীবনটা ছারখার করে দেবে তার সে আগে থেকে আন্দাজ করতে পারছিল। তাই সে নিজের পছন্দের চাকরিটা ছেড়ে দিয়ে পুলিশে চাকরিতে থেকে গেল। তার স্ত্রী আর তার মাও চাইতেন তারা আলাদা থাকবেন তাই তারাও কেউ পুলিশের চাকরি ছেড়ে দেওয়াটা সমর্থন করলেন না। শুধু সে জানল সে জীবনে কি ছাড়লো ?

দিন গেল, বছর গেল। সময়ের সঙ্গে সঙ্গে অতিরিক্ত ডিউটি, ঘুমের অভাব, মানসিক চাপ আর বিশ্রামের অভাবে আকাশের শরীর খারাপ হতে শুরু করল। প্রথমে ছোটখাটো সমস্যা, তারপর বড় সমস্যা। একদিন স্ত্রী দীর্ঘশ্বাস ফেলে বলল – তুমি যদি তখন পুলিশের চাকরি ছেড়ে ওই কলেজের চাকরিটা তে চলে যেতে তাহলে আজ তোমার হয়তো এই অবস্থা হত না। এ কথা শুনে আকাশ কিছু বলল না শুধু একটু মৃদু হাসল।
কারণ সে জানত কথাটা হয়তো একদম ভুল নয় কিন্তু নিজের শরীরের শান্তির জন্য যে অন্য আরেকটা যুদ্ধ শুরু হত, সেই যুদ্ধকে সামলানোর ক্ষমতা তার ছিল না। আর তার পক্ষে বেঁচে থাকতে মা বা স্ত্রী কাউকে একেবারে ছেড়ে দেওয়াও সম্ভব ছিল না।
আকাশের স্ত্রী আবার বলল – তুমি সত্যি চাকরিটা ছেড়ে দাও, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো ?
এই কথাটা শুনে আকাশের মনে কষ্ট হল ঠিকই কিন্তু সে জানত বেকারত্বের অভিশাপ কী ? সংসারের দায়িত্ব কী ? সে কিছু না বলে চুপ করে রইল। কিন্তু তার মনে হতে লাগল তার শরীরের চেয়ে তার পরিবারের অসহায়ত্ব তার কাছে অনেক বেশি কষ্টের।
দিন যেতে লাগলো আকাশের শরীর আরো খারাপ হতে লাগল। তবুও ডিউটি চলল। বিশ্রাম কমতে কমতে আকাশের শরীরের রোগ আরো বেড়ে গেল, তার শরীর আর তার সাথে সহযোগিতা করল না। আকাশ নিজের কর্তব্য করতে করতে হারিয়ে গেল তার জীবনের সব স্বপ্ন, এমন কী তার জীবনের শ্বাসটুকুও।

আকাশ হঠাৎ চোখ খুলে দেখল সে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে ধীর পায়ে বাড়িতে প্রবেশ করল। প্রবেশ করে সে দেখলো তার বাড়িতে কয়েকজন আত্মীয় জড়ো হয়েছেন। তার মা খাচ্ছেন, বাবা চুপ করে বসে আছেন। তার স্ত্রীও বিছানায় বসে আকাশের একটা ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদছে। সে এক এক করে সবার কাছে গেল, সবাইকে ডাকল কিন্তু কেউ তাকে দেখতেও পেল না, তার আওয়াজ শুনতেও পেল না। এভাবে কয়েকদিন আকাশ তাদের কাছেই রইল।
প্রতিদিনের মতো দেখত তার মা-বাবা, স্ত্রী কষ্ট পাচ্ছেন। আকাশের নিজেরও মায়া কাটছিল না তাদের থেকে। আকাশ ভাবছিল – ওরা আমাকে ছাড়া কীভাবে থাকবে? দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেল।
আকাশ হঠাৎ একটা অদ্ভুত জিনিস লক্ষ করল। তার মা-বাবা বা স্ত্রী তার কথা ভেবে কষ্ট পান ঠিকই কিন্তু আগের মতো সারাদিন নয়। তার মা কাজ করতে করতে হঠাৎ ছেলের কথা মনে হলে অল্প কাঁদেন। বাবাও ইদানীং পাড়া প্রতিবেশীদের সাথে আস্তে আস্তে কথা বলতে শুরু করেছেন। তার স্ত্রীও একদিন কিছু একটা নিয়ে হাসল। খুব সামান্য যদিও, তবু হাসল।
আকাশ অবাক হয়ে গেল। সে ভেবেছিল তার চলে যাওয়ার পর পৃথিবীটা যেন থেমে যাবে কিন্তু পৃথিবী থামেনি। মানুষ কাঁদে, কষ্ট পায় – তারপর আবার প্রকৃতির নিয়মেই হয়তো কষ্ট ভুলে নিজের জীবনে মনোযোগ দেয়। আকাশ দেখল – তার মা একদিন রান্না ঘরে দাঁড়িয়ে হাসতে হাসতে বাবাকে বলছেন – আকাশ থাকলে এই খাবারটা খুব পছন্দ করে খেতো।
বাবা আর স্ত্রী দুজনই মৃদু হেসে সম্মতি জানালেন। এরপর দুজনে কিছুক্ষণ চুপ হয়ে গেলেন। এরপর আবার যার যার দৈনন্দিন জীবনের কাজে ফিরে গেলেন। আকাশের চোখে জল এসে গেল। সে বুঝতে পারল সে যাদের জন্য নিজের জীবন থামিয়ে দিয়েছিল, তারা তার মৃত্যুর পর জীবন থামিয়ে রাখেনি। প্রথমে খুব কষ্ট হল, এরপর সে বুঝতে পারল এটাই তো জীবনের নিয়ম, যে নেই তার কথা ভেবে যারা আছে তারা কষ্ট পেয়ে জীবন থামানোর কোন মানেই হয় না। তবু এত কষ্টের মাঝেও আকাশ এই দেখে আনন্দ পেল যে তার মা আর তার স্ত্রী এখন একসাথে থাকছেন। যে মা তার স্ত্রীকে সবসময় অপয়া বলে দোষারোপ করতেন, যে স্ত্রী তাকে বলতো সে এই বাড়িতে থাকতে পারবে না- আজ তারা দুজন একসাথেই আছেন, নিজেদের মধ্যে মানিয়েও নিয়েছেন।
অশ্রুসিক্ত চোখে আকাশ শেষবারের মতো সবার দিকে তাকিয়ে বলল – ভালো থেকো তোমরা। কিন্তু আপশোশ কেউ তার কথা শুনল না।

তারপর একসময় আকাশ বিছানা ছেড়ে উঠে দাঁড়াল, এসব স্বপ্ন না সত্যি সে বুঝে উঠতেই পারছিল না।