
আত্মতৃপ্তি
কিশলয় গুপ্ত
সেই অসহ্য ব্যথাটা আর নেই –
কালেভদ্রে বুকের বামদিকে চিনচিন করলে
তাকে ঠান্ডা মাথায় গীতার বাণী শোনাই।
তারচেয়ে বেশি কিছু হলে তাকে বলি-
“ওই দেখ, ধর্মকে হাতিয়ার বানিয়ে কেউ কেউ
তরতরিয়ে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে দোতলার ঘরে,
যেখানে এখনও লেগে আছে পর-পুরুষের গন্ধ।”
ব্যথারা নামতে নামতে পায়ে এসে পড়ে;
কুকুরের মত কুণ্ডলী পাকিয়ে শুয়ে থাকে,
বিড়ালের মত আদর খেতে চায়।
তারপরই পাখির মত উড়ে যাবে কথা দেয়।
ওরা তো জানে না আমি এখন কথা দেওয়া নেওয়া
আমি এখন ঘামের মত স্মৃতি লেগে থাকা
আমি এখন বালিশের সুখ ঘুমের লালা
সবকিছুকে চেনা বিরক্তির মত এড়িয়ে যাই।
ব্যথাকে ব্যথা দিয়ে বড় আরাম পাই।