দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

বৃষ্টিদিনের লেখা

দেবাশিস মুখোপাধ্যায়

মনের শরীরে জড়ো বৃষ্টির দানা আর কল্পনার মুখ
কে কখন শুকিয়ে যায় জানা নেই

বসন্ত বিলাপ নামে সিনেমার কথা
সিঁড়ি ভাঙতে ভাঙতে
প্ল্যাটফর্মে বুড়ো ছাতিম গাছের তলায় স্মৃতি ভাঙে

বিলাস বিপণি জুড়ে ছড়িয়ে আছে রঙিন স্টিকারের রোমান্স
অলৌকিক হাত ঘেঁটে দিলে হাপিশ

পানা সরিয়ে ঠিক বেরিয়ে আসে হারানো আমি

দুপুরে

দেবাশিস মুখোপাধ্যায়

একটা কালো কড়াই
ফুটিয়ে গলিয়ে তুলছে আমার বেরোবার ইচ্ছেকে
হাওয়া এসে জানালায় শব্দ করে
ছিটকিনি তুলে দিলে
একটা আস্ত ঘর বিশাল মুখে
পুরে নিচ্ছে গোটা আমিকে
আসলে এখন ঘরটাই মালিক
তার হুকুম ছাড়া বৃষ্টিও ঢুকতে পারে না
তার পেটে আমি হাঁপাই আর হাঁপাই
কে শুনছে!